শেষ নিদ্রায় কিংবদন্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কালো গাড়ির ভেতর নিথর শুয়ে আছেন কিংবদন্তির নায়ক মোহাম্মদ আলী। তাঁকে বিদায় জানাতে গতকাল মানুষের ঢল নেমেছিল লুইভিলের রাস্তায়। মরদেহ বহনকারী গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা l ছবি: এএফপি
কালো গাড়ির ভেতর নিথর শুয়ে আছেন কিংবদন্তির নায়ক মোহাম্মদ আলী। তাঁকে বিদায় জানাতে গতকাল মানুষের ঢল নেমেছিল লুইভিলের রাস্তায়। মরদেহ বহনকারী গাড়িতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ভক্তরা l ছবি: এএফপি

কিংবদন্তি মুষ্টিযোদ্ধা মোহাম্মদ আলীকে বিদায় জানাতে যুক্তরাষ্ট্রের কেন্টাকির লুইভিল শহরে গতকাল শুক্রবার ঢল নেমেছিল হাজারো মানুষের। প্রিয় নায়ককে শেষ বিদায় জানালেন তাঁরা। এরপর সবার ভালোবাসায় সিক্ত হয়ে প্রিয় শহরে চিরনিদ্রায় শায়িত হলেন ‘দ্য গ্রেটেস্ট’।
গতকাল লুইভিল শহরে নির্ধারিত সময়ের আধা ঘণ্টা আগেই শুরু হয় মোহাম্মদ আলীর কফিনবাহী গাড়িবহরের যাত্রা। ১৮টি গাড়ির এই বহর শহরের ৩৭ কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ করে। ঘুরে ঘুরে যায় মোহাম্মদ আলীর স্মৃতিবিজড়িত কিছু স্থান; যেমন শৈশবের বাড়ি, আলী সেন্টার, দ্য সেন্টার ফর আফ্রিকান আমেরিকান হেরিটেজ, মোহাম্মদ আলী বুলভার্ড অতিক্রম করে শোভাযাত্রাটি। এ সময় রাস্তার দুধারে দাঁড়িয়ে শেষ শ্রদ্ধা জানান ভক্তরা।
এ লুইভিল শহরেই জন্ম ‘দ্য গ্রেটেস্ট’-এর। এখানেই বেড়ে ওঠা। মোহাম্মদ আলীর কফিন বহনকারী গাড়িবহর যখন রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন দুধারে অপেক্ষমাণ ভক্তরা ‘আলী, আলী’ ধ্বনিতে মুখর হয়ে ওঠেন। তাঁর মরদেহ বহনকারী কালো গাড়িটির দিকে ফুল ছুড়তে থাকেন। কিছু তরুণ প্ল্যাকার্ড হাতে ছুটতে থাকেন গাড়িবহরের পেছনে। প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আলী সর্বকালের সর্বশ্রেষ্ঠ। সব ধরনের স্মৃতির জন্য ধন্যবাদ’।
শেষে গাড়িবহর গিয়ে থামে কেভ হিল সমাধিতে। সেখানে এই মহাতারকার কফিন কাঁধে বহন করেন সাবেক হেভিওয়েট চ্যাম্পিয়ন মাইক টাইসন, লেনক্স লুইস ও জনপ্রিয় হলিউড অভিনেতা উইল স্মিথ। স্মিথ ২০১০ সালে মোহাম্মদ আলীর জীবনীর ওপর নির্মিত চলচ্চিত্রে অভিনয় করে অস্কারের জন্য মনোনীত হন।
গতকালের আয়োজনে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্ডানের বাদশা আবদুল্লাহ। আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে বক্তৃতা দেন ক্লিনটন।
আলীর শেষ বিদায়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাই ফেসবুকে ভিডিও বার্তায় তিনি মোহাম্মদ আলীর প্রতি শেষ শ্রদ্ধা জানান। ওবামা বলেন, ‘এই সপ্তাহে আমরা একজন অনুকরণীয় ব্যক্তিত্বকে হারিয়েছি। তাঁর জন্য আফ্রো-আমেরিকানরা গর্বিত হতে পারে। মোহাম্মদ আলীকে দেখে আমি বেড়ে উঠেছি। তিনি যা অর্জন করেছেন, তা তাঁকে স্মরণীয় করে রাখবে।’
দুই দিনব্যাপী আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানের প্রথম দিন বৃহস্পতিবার পারিবারিকভাবে মোহাম্মদ আলীর জানাজা হয়। গতকাল শহরের এক প্রান্তে স্টেডিয়ামে সব ধর্মের প্রথা মেনে হয় শেষকৃত্য। পরে কেভ হিল সমাধিতে তাঁকে চিরনিদ্রায় শায়িত করা হয়।