শেষ পর্যন্ত লড়বেন স্যান্ডার্স

সিনেটর বার্নি স্যান্ডার্সের নাম এখন খরচের খাতায়। হিলারি ক্লিনটনের বিরুদ্ধে এখন তিনি যত ভোটই পান না কেন, প্রেসিডেন্ট পদে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন শেষ পর্যন্ত তিনি পাবেন না—অধিকাংশ বিশ্লেষক এ ধরনের কথা বললেও বার্নি স্যান্ডার্স নিজে সে কথা মানতে নারাজ। তিনি বাছাইপর্বের শেষ লড়াই, অর্থাৎ ওয়াশিংটন ডিসির আগামী ১৪ জুনের প্রাইমারি পর্যন্ত মনোনয়ন দৌড়ে টিকে থাকার অঙ্গীকার করেছেন।
গত সপ্তাহে ওয়েস্ট ভার্জিনিয়া প্রাইমারিতে জয়লাভের পর স্যান্ডার্স স্পষ্ট ভাষায় ঘোষণা করেন, তিনি জয়ের জন্য লড়ছেন। তাঁর লক্ষ্য শুধু দলের মনোনয়ন পাওয়াই নয়, ডোনাল্ড ট্রাম্পকে পরাস্ত করা।
স্যান্ডার্সের নির্বাচনী উপদেষ্টারা স্বীকার করেছেন, জুলাইয়ে অনুষ্ঠেয় ডেমোক্রেটিক পার্টির সম্মেলনে দলের যেসব নেতা সুপার ডেলিগেট হিসেবে ভোট দেবেন, তাঁরা সিদ্ধান্ত না বদলালে স্যান্ডার্সের মনোনয়ন পাওয়ার আশা থাকবে না। এ কথা মাথায় রেখে স্যান্ডার্স ব্যক্তিগতভাবে সুপার ডেলিগেটদের প্রতি সমর্থনের আবেদন করেছেন। তাঁর যুক্তি, জাতীয় সব জনমত জরিপে দেখা গেছে হিলারি নন, তিনি অনায়াসে ট্রাম্প বা অন্য যেকোনো রিপাবলিকান প্রার্থীকে পরাস্ত করতে সক্ষম। উল্লেখ্য, এ পর্যন্ত দলের ৫২৪ জন সুপার ডেলিগেট হিলারির পক্ষে তাঁদের সমর্থন ঘোষণা করেছেন। অন্যদিকে, স্যান্ডার্সের পক্ষে আছেন মাত্র ৪০ জন।
সুপার ডেলিগেটদের প্রতি আবেদনে কোনো সাড়া না পেয়ে স্যান্ডার্স ও তাঁর নির্বাচনী কমিটির সদস্যরা এখন ডেমোক্রেটিক পার্টির স্ট্যান্ডিং কমিটিতে নিজেদের সমর্থকদের অন্তর্ভুক্ত করার চেষ্টা করছেন। ফিলাডেলফিয়ায় দলের নির্বাচনী সম্মেলনে নীতিনির্ধারণের দায়িত্ব এই কমিটির। স্যান্ডার্স ৪৫ জনের নাম প্রস্তাব করেছিলেন। কিন্তু দলের জাতীয় কমিটির সভাপতি কংগ্রেসওম্যান ডেবি শুলজ তাঁর থেকে মাত্র তিনজনকে গ্রহণে রাজি হয়েছেন।
শুলজকে লেখা এক চিঠিতে স্যান্ডার্স অভিযোগ করেন, তিনি (শুলজ) নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। তিনি এমন কথাও বলেছেন, দলের নেতারা পক্ষপাতিত্ব চালিয়ে যেতে থাকলে জুলাইয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দলের কর্মসূচি ও সম্মেলনের নীতিমালা পরিবর্তনের জন্য তিনি নিজের রাজনৈতিক সমর্থকদের ব্যবহার করতে বাধ্য হবেন। খুব শালীন ভাষায় এই হুমকি দেওয়া হয়। ডেমোক্রেটিক পার্টির ভেতরে অনেকেই এখন জুলাইয়ে অনুষ্ঠেয় সম্মেলনে দলীয় বিভক্তি এড়ানোর কৌশল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
ডেবি শুলজ অবশ্য হিলারির হয়ে কাজ করার সব অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছেন, ‘আমি সম্পূর্ণ নিরপেক্ষ।’ ফিলাডেলফিয়ায় সম্মেলনে কোনো দলীয় বিভক্তি হতে পারে, এমন শঙ্কা প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘নিজ দলের একজনকে প্রেসিডেন্ট নির্বাচিত করার ব্যাপারে আমরা সবাই ঐক্যবদ্ধ।’
স্যান্ডার্স সমর্থকদের বিশ্বাস, সিনেটর স্যান্ডার্সকে মনোনয়নপ্রক্রিয়া থেকে বাদ দেওয়ার জন্য দলের নেতারা ঐক্যের কথা বলছেন। হিলারি নিজে অবশ্য স্যান্ডার্স বাছাইপর্বের প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এমন কথা কখনোই বলেননি। তবে এই পর্ব শেষ হওয়ার পর স্যান্ডার্স ও তাঁর সমর্থকেরা দলের মনোনীত প্রার্থীর পেছনে ঐক্যবদ্ধ হবেন—এটাই তাঁর বিশ্বাস। হিলারি বলেন, ‘২০০৮ সালে মোট ভোটের হিসাবে এগিয়ে থেকেও আমি বারাক ওবামার প্রার্থিতার প্রতি সমর্থন জানিয়েছিলাম।’ সে সময় প্রায় এক হাজার ডেলিগেট তাঁর পক্ষে ভোট দেওয়া সত্ত্বেও হিলারি নিজে ওবামার প্রার্থিতার সমর্থনে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন।