শেষ বিতর্কে মুখোমুখি হিলারি-ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প তৃতীয় ও শেষ দফার বিতর্কে মুখোমুখি হয়েছেন।
স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যা ছয়টায় লাস ভেগাসে এই বিতর্ক শুরু হয়। ৯০ মিনিটের বিতর্কের সঞ্চালক ক্রিস ওয়ালেস। বিতর্কে যথারীতি দুই প্রার্থী পরস্পরকে আক্রমণ করে কথা বলছেন।
দুই প্রার্থীর বিতর্কে অভিবাসন, অবসরপ্রাপ্তদের জন্য অর্থনৈতিক নিরাপত্তা, সুপ্রিম কোর্টের শূন্য পদে মনোনয়ন, অর্থনীতি, বৈদেশিক নীতি, প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতা প্রভৃতি বিষয় উঠে এসেছে।
প্রায় সব জাতীয় জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রাম্প। তাঁর জন্য এই বিতর্ককে নিজের যোগ্যতা প্রমাণের শেষ সুযোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ফক্স নিউজের সর্বশেষ জাতীয় জনমত জরিপে ট্রাম্পের তুলনায় হিলারি ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, অবস্থার নাটকীয় পরিবর্তন না হলে হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ। এতে এই বিতর্ক ট্রাম্পের জন্য ‘বাঁচা-মরার লড়াই’।