শেষ বিতর্কেও ট্রাম্পকে হিলারির ট্রাম্পকার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখোমুখি তৃতীয় বিতর্কেও মাত করলেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। শেষ দফার এই বিতর্কে তিনি যথারীতি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করেছেন। সিএনএন/ওআরসির জরিপের ফলাফলে এমনটাই বলা হয়েছে।

লাস ভেগাসে মুখোমুখি তৃতীয় বিতর্কে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
লাস ভেগাসে মুখোমুখি তৃতীয় বিতর্কে হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের এই দুই প্রার্থী স্থানীয় সময় গতকাল বুধবার সন্ধ্যায় (বাংলাদেশে আজ বৃহস্পতিবার সকাল) লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভাদায় তৃতীয় দফা মুখোমুখি বিতর্কে অংশ নেন। এবারও তাঁরা পরস্পরকে আক্রমণ করে কথা বলেন। এই আক্রমণের তীব্রতা দ্বিতীয় বিতর্কের চেয়ে কম ছিল বলে মত পর্যবেক্ষকদের।

৯০ মিনিটের বিতর্কের সঞ্চালক ছিলেন ফক্স নিউজের ক্রিস ওয়ালেস। সিএনএনসহ অধিকাংশ মার্কিন টিভি নেটওয়ার্ক ও ইন্টারনেটে এই বিতর্ক সরাসরি সম্প্রচার করা হয়।

বিতর্কের পর সিএনএন/ওআরসির প্রকাশ করা এক জরিপে জানানো হয়, হিলারি জয়ী হয়েছেন বলে মনে করেন বেশির ভাগ দর্শক।

জরিপের ফলাফল অনুযায়ী, ৫২ শতাংশ দর্শক মনে করেন, হিলারি জয়ী হয়েছেন। ৩৯ শতাংশ মনে করেন, ট্রাম্প জয়ী।

বিতর্কের মঞ্চে হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স
বিতর্কের মঞ্চে হিলারি ক্লিনটন। ছবি: রয়টার্স

সিএনএন/ওআরসির জরিপের তথ্য অনুযায়ী, প্রথম ও দ্বিতীয় বিতর্কেও সুস্পষ্ট ব্যবধানে হিলারি জয়ী হয়েছিলেন।

তৃতীয় বিতর্কে অভিবাসন, সামাজিক নিরাপত্তা, সুপ্রিম কোর্ট, অর্থনীতি, বৈদেশিক নীতি, প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতা, অস্ত্র নিয়ন্ত্রণ, গর্ভপাত প্রভৃতি বিষয় উঠে আসে। বিভিন্ন ইস্যুতে দুই প্রার্থীর মধ্যে তর্কবিতর্ক হয়।

নির্বাচনে হিলারি জিতলে তা মানবেন কি না—সঞ্চালকের এমন প্রশ্নে ট্রাম্প বলেন, ফলাফল দেখে তা বলবেন তিনি। সে পর্যন্ত এই ব্যাপারে সংশয় রাখতে চান তিনি।

ট্রাম্পের এই মন্তব্যকে ‘ভয়ংকর’ বলে অভিহিত করেছেন হিলারি।

সবশেষ বিতর্কেও দুই প্রার্থী পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন। হিলারিকে ‘বাজে’ বলে মন্তব্য করেন ট্রাম্প।

রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থীর বিরুদ্ধে একাধিক নারী যেসব যৌন হয়রানির অভিযোগ তুলেছেন, তা বিতর্কে টেনে আনেন হিলারি। তিনি বলেন, ট্রাম্প মনে করেন, নারীদের ছোট করতে পারলেই বুঝি তিনি বড় হন।

বিতর্কের মাঝে পানি পান করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স
বিতর্কের মাঝে পানি পান করছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

যৌন হয়রানির অভিযোগ প্রত্যাখ্যান করেন ট্রাম্প। এসবের জন্য উল্টো হিলারিকে দোষারোপ করেন তিনি। ট্রাম্পের দাবি, তাঁর চেয়ে বেশি আর কেউ নারীদের সম্মান করেন না।

ট্রাম্পের বিরুদ্ধে বিভাজন সৃষ্টির অভিযোগ তোলেন হিলারি। তিনি বলেন, ট্রাম্প সহিংসতায় উসকানি দিচ্ছেন।

ট্রাম্পকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘পুতুল’ বলেও মন্তব্য করেন হিলারি।

ট্রাম্পের অভিযোগ, হিলারি কথায় পটু, কাজে নন।

হিলারি বলেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থাকাকালে তিনি যেসব কাজ করেছেন, তা দেশের স্বার্থেই করেছেন।

প্রায় সব জাতীয় জনমত জরিপে পিছিয়ে আছেন ট্রাম্প। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, অবস্থার নাটকীয় পরিবর্তন না হলে হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।

অারও পড়ুন :