শেষ রক্ষা হলো না জেব বুশের

সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ হারবার্ট ওয়াকার বুশের ছেলে এবং আরেক রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের ছোট ভাই। প্রচারণার মাঠে নেমেছিলেন বড় ভাইয়ের পাশাপাশি মা-ও। এরপরও শেষ রক্ষা হলো না জেব বুশের। সাউথ ক্যারোলাইনা পরীক্ষায় হেরে গিয়ে মনোনয়ন দৌড় থেকে বিদায় নিলেন তিনি। খবর এএফপি ও এনবিসি নিউজের।
আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারের পর সাউথ ক্যারোলাইনায় শনিবারের প্রাইমারিতে হতাশাব্যঞ্জক ফলের পর ফ্লোরিডা অঙ্গরাজ্যের সাবেক গভর্নরের সামনে ‘বিদায়’ বলা ছাড়া আর কোনো বিকল্প ছিল না। রাতেই ঘোষণা দেন, ‘আজকের রাতে আমি আমার প্রচারণা স্থগিত করছি।’ বক্তব্য দেওয়ার সময় তাঁকে খুবই বিপন্ন মনে হচ্ছিল।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী পরিবারগুলোর একটির সদস্য জেব বুশ। বাবা ও বড় ভাই সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট। দলের নেতৃত্বের সমর্থনও ছিল তাঁর পেছনে। তাই আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পাওয়ার দৌড়ে তিনি এগিয়ে থাকবেন, সেটাই ছিল প্রত্যাশা। শুরুর দিকে বিভিন্ন জনমত জরিপও তাঁর পক্ষেই ছিল।
জেব বুশ মূলত রিপাবলিকান দলের রাজনীতির চলতি হাওয়া ও ডোনাল্ড ট্রাম্পের কৌশলের কাছে মার খেয়েছেন। অভিবাসন ও মুসলিমবিরোধী অবস্থান নিয়ে ক্রমেই কট্টর রিপাবলিকানদের নিজের পক্ষে টেনেছেন ট্রাম্প। বিতর্কিত এই ব্যবসায়ী জেব বুশকে দুর্বল হিসেবে তুলে ধরতে সফল হয়েছেন। এমনকি মা বারবারা বুশ ও ভাই ডব্লিউ বুশ প্রচারণায় নেমেও কাজ হয়নি। উল্টো সমালোচকেরা বলতে পেরেছেন, জেব বুশ দুর্বল বলেই তাঁদের মাঠে নামাতে হয়েছে।
তবে প্রচারণার ইতি ঘটিয়ে দেওয়া বক্তব্যে জেব বুশ বলেন, ‘এই প্রচারণায় আমি আমার নিজের নীতিতে অটল থেকেছি। আমি রাজনীতির হাওয়ায় গা ভাসাইনি।’
বক্তব্যে ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি উল্লেখ না করলেও তাঁকে ইঙ্গিত করে জেব বুশ বলেন, ‘আমি দৃঢ়ভাবে মনে করি, যুক্তরাষ্ট্রের জনগণকে এই পদের জন্য এমন একজনের প্রতি আস্থা রাখতে হবে, যিনি একজন ভৃত্য হিসেবে দায়িত্ব পালন করবেন, প্রভু হিসেবে নয়।’