শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টারের যাত্রা শুরু

নিউইয়র্ক সিটির কুইন্সের জ্যামাইকায় বিনোদনমূলক ও অলাভজনক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান শৈলী টেবিল টেনিস ক্লাব ও কালচারাল সেন্টার যাত্রা শুরু করেছে।
সম্প্রতি ক্লাবটির উদ্বোধন করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
প্রবাসে নতুন প্রজন্মকে বিনা মূল্যে টেবিল টেনিস প্রশিক্ষণ দেওয়া এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা হবে এই সংগঠনের মুখ্য উদ্দেশ্য। সংস্কৃতি চর্চার অংশ হিসেবে গত ১৫ অক্টোবর এই ক্লাবে বাংলাদেশের প্রখ্যাত শিল্পী সামিনা চৌধুরী একক সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের কনসাল জেনারেল সাদিয়া ফয়জুন্নেসাসহ অনেক সাংস্কৃতিক অনুরাগী উপস্থিত ছিলেন।
ক্লাবটির প্রতিষ্ঠাতা সভাপতি হলেন সাবেক বাংলাদেশ জাতীয় দলের টেবিল টেনিস খেলোয়াড় ও আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশনের প্রশিক্ষণ প্রাপ্ত কোচ মোকারম আহমেদ এবং নিউইয়র্কপ্রবাসী ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের টেবিল টেনিস দলের সাবেক ক্যাপ্টেন ও কৃষি বিশ্ববিদ্যালয় টেবিল টেনিস দলের সদস্য মহিবুল হাসান মামুন।
১৭২-১২ জ্যামাইকা অ্যাভিনিউয়ে অবস্থিত ক্লাবটির আয়তন দুই হাজার বর্গমিটার। এতে রয়েছে আন্তর্জাতিক মানের পাঁচটি টেবিল টেনিস খেলার টেবিল। বিস্তারিত জানতে ৯১৭-৭৭৬৯২৪ অথবা ৬৩১-২৪৮-৪৫০১ নম্বরে যোগাযোগ করা যেতে পারে।