শৈশবেই কবি হওয়ার সিদ্ধান্ত নেন কবি আর এফ মরিৎজ

প্রতি মাসের মতোই ৪ আগস্ট টরন্টোর আলবার্ট ক্যাম্পবেল লাইব্রেরির মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল বিএলআরসির বছরব্যাপী ‘বইপড়া প্রকল্প’ এর শেষ সেশন। স্থানীয় সময় সকাল ঠিক ১১টায় সেশনে নবীন ও প্রবীণ লেখক ও পাঠকদের সঙ্গে প্রাণবন্ত আড্ডা আর সাহিত্য আলোচনার উদ্দেশ্যে মিলনায়তনে হাজির হন বর্ষীয়ান কবি আর এফ মরিৎজ, যাঁর কবিতার অভিযাত্রার সূচনা হয়েছিল শৈশবেই।
বইপড়া প্রকল্পের সমন্বয়ক তাসমিনা খান সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করেন যথাসময়ে। সংক্ষেপে তিনি তুলে ধরেন বই পড়া প্রকল্পের কার্যক্রম। পরে প্রকল্পের সদস্য মেরিলিন সামান্থা পাণ্ডে তুলে ধরেন আর এফ মরিৎজের পরিচিতি। কবি মরিৎজ হাস্যরসাত্মকভাবে নিজ নামের নানাবিধ উচ্চারণ নিয়ে দর্শক মাতালেন শুরুতেই।
মেরিলিন সামান্থা বলেন, আমেরিকার ওহাইওর নাইলের তীরে জন্ম নেওয়া এবং বর্তমানে কানাডায় বসবাসরত কবি মরিৎজ সমসাময়িক কবি সমাজে অগ্রগণ্য। মার্কেট ইউনিভার্সিটি থেকে ডিগ্রি অর্জন শেষে মরিৎজ টরন্টোতে আসেন ১৯৭৫ সালে। মরিৎজ একাধারে একজন কবি ও অধ্যাপক। এ ছাড়া জীবিকার তাগিদে তিনি জড়িত আছেন আরও কিছু কাজের সঙ্গে। বিজ্ঞাপনের কপি রাইটার, সম্পাদক, প্রকাশক এমন বহু পরিচয় তাঁর নামের সঙ্গে লেপ্টে আছে।
সাহিত্যে অবদানের জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন মরিৎজ। এর মধ্যে ২০০৯ সালে পাওয়া ‘কানাডিয়ান গ্রিফিন পোয়েট্রি প্রাইজ’-এর কথা উল্লেখযোগ্য। অসংখ্য কবিতা ছাড়াও মরিৎজের সৃষ্টির ভান্ডারে রয়েছে সাতটি নন-ফিকশন ও সাতটি অনুবাদ বই। দ্য গ্লোব অ্যান্ড মেইলের দৃষ্টিতে মরিৎজ একজন রূপক-ঘরানার লেখক। তাঁর লেখা বইয়ের মধ্যে ‘নাইট স্ট্রিট রিপেয়ার্স’, ‘দ্য নিউ মেজারস’, ‘আর্লি পোয়েমস’, ‘দ্য সেন্টিনেল’, ‘রেস্ট অন্য দ্য ফ্লাইট ইনটু ইজিপ্ট’ বিশেষভাবে উল্লেখযোগ্য।
মরিৎজের সম্প্রতি প্রকাশিত কবিতা সমগ্র ‘দ্য স্প্যারো’ বইটি হাতে নিয়ে মেরিলিন তুলে ধরেন বইটির উপজীব্য, যেখানে মরিৎজের দার্শনিক, সামাজিক ও রাজনৈতিক চিন্তার সূত্রগুলো গ্রন্থিত হয়েছে। পরে বইপড়া প্রকল্পের আরেক সদস্য ব্রতী দাসদত্ত সাবলীলভাবে সেশনটির আনুষ্ঠানিক সাক্ষাৎকার পর্বের সূচনা করেন। প্রথমেই ব্রতীর প্রশ্নের জবাবে মরিৎজ সবাইকে অবাক করে দিয়ে বলেন, ‘ভবিষ্যতে অন্য কিছু নন, কবি হবেন, এ সিদ্ধান্তটি তিনি নিয়েছিলেন বাল্যকালে এমনকি স্কুলে ভর্তিরও আগে। স্কুলের গণ্ডিতে পা দেওর আগেই তিনি পড়তে শিখেছিলেন। সেই সময়েই কিং আর্থার, ট্রয়ের যুদ্ধ ইত্যাদি বইয়ের বিভিন্ন সংস্করণ তাঁর পড়া হয়ে গিয়েছিল। তৃতীয় শ্রেণিতে থাকতেই তিনি বাবা-মায়ের চোখ এড়িয়ে চলে যেতেন লাইব্রেরিতে।’
মরিৎজ বলেন, ‘কবিতায় গভীরতা তাঁকে নাড়া দেয়। যেকোনো প্রসঙ্গকেই নতুন ও নান্দনিক দৃষ্টিতে দেখতে ভালো লাগে।’ কথাচ্ছলে বেশ কয়েকবারই তিনি ঈশ্বর প্রসঙ্গ, ঈশ্বর-প্রেরিত পুরুষসহ নানা পৌরাণিক উপকথার প্রতি তাঁর আগ্রহের কথা জানান। থমাস মেলরি, হোমার কিংবা ডেট্রয়েটের গল্প কবিকে অনুপ্রাণিত করেছে চিরকালই। সবচেয়ে বেশি অনুপ্রাণিত হয়েছেন পাওলোর দ্বারাই। তাঁকেই বরণীয় ও অনুসরণীয় হিসেবে গ্রহণ করেন তিনি। ছোট কবিতা লেখাই ছিল তাঁর উদ্দেশ্য, যাতে থাকবে গভীর ও ধ্যানমগ্ন চিন্তাধারা। আলোচনায় সেকালের গদ্য কবিতার চল ও এখনকার পরিশোধিত আধুনিক ছন্দ নিয়ে কথা বলেন মরিৎজ। তাঁর মতে, ‘আজকের লেখক যেন একই দেহে পোষণ করেন দুটি সত্তা; ব্যক্তিগত ও প্রকাশ্য।’
মরিৎজ তাঁর দীর্ঘ কাব্যজীবনের স্মৃতিচারণ করতে গিয়ে জানান, পরিচিতি পাওয়ার জন্য তাঁকেও হাঁটতে হয়েছে বহু চড়াই-উতরাই। প্রকল্পের সদস্যদের সঙ্গে তাঁর কথোপকথনে উঠে আসে কবিতার আধুনিকীকরণের কথা। সেকাল আর একালের নানান তুলনামূলক চিত্র তুলে ধরেন মরিৎজ। স্যার জন মিলটন, শেক্সপিয়ার যারা কিনা ছিলেন সর্বকালের ক্লাসিক লেখক, তাঁদের সঙ্গে তিনি তুলে ধরেন নানা অজ্ঞাত ও অন্যভাষী লেখকদের উদাহরণ। উদ্ধৃত করেন মাইকেল মধুসূদন দত্তের ‘মেঘনাদবধ কাব্য’ থেকে।
অনুষ্ঠানের এ পর্যায়ে বেশ নস্টালজিক হয়ে পড়েন কবি। ওহাইওতে বয়ে চলা তিনটি নদীর স্মৃতিচারণ করে কবি বলেন, ‘নদীর তীরে কাঠের পাটাতনে খেলে বেড়িয়েছি আশৈশব। তখনকার দিনে ছিল না আজকের মতো বাবা-মায়ের কড়া পাহারা। উন্মুক্ত বিহঙ্গের মতো ছুটে বেড়িয়েছি নদীর তীরে’।
শৈশবের এ স্মৃতিচারণার পর কবি সবাইকে আজকের শিশুদের বাস্তবতার প্রতি দৃষ্টি ফেরানোর আহ্বান জানান। আজকের প্রযুক্তিনির্ভর শিশুদের সঙ্গে তৎকালীন সমাজের তুলনামূলক পর্যালোচনায় উঠে আসে কাব্যচর্চায় কবির অনুপ্রেরণার বিষয়টি। নির্দ্বিধায় কবি বলেন, ‘শৈশবে সেরকম অনুকরণীয় কারও দেখা মেলেনি। বই পড়েই তিনি পেয়েছিলেন লেখার প্রতি সব অনুপ্রেরণা। রোমান্টিক কবিতা পড়তে গিয়ে পারসি বেসি শেলি, উইলিয়াম ব্লেক প্রমুখেরা হয়ে ওঠেন অনুকরণীয় আদর্শ। কারণ নানা সামাজিক প্রতিকূলতা সত্ত্বেও তাঁরা সত্য ও সুন্দরের পথে থেকেই সাহিত্যচর্চা করেছেন। তাঁরা সমাজকে খারিজ করার বদলে ভালোবাসা দিয়ে সারাই করতে চেয়েছেন।’
অনুষ্ঠানের শেষ দিকে আমৃত্যু লিখে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে কবি জানান, তাঁকে মৃত্যু ছাড়া অন্য কোনো কিছুই লেখা থেকে বিরত রাখতে পারবে না। কবিতা প্রসঙ্গে বলেন, কবিতার ভিন্নতা ও বৈচিত্র্যের কারণে সমালোচনা থাকতেই পারে, থাকতে পারে একই কবিতার প্রেক্ষাপট ঘিরে হাজারো দৃষ্টিভঙ্গি। বস্তুত, আত্মা থেকেই প্রসূত হয় কবিতা। এভাবেই সুস্থ-সুন্দর দৃষ্টিকোণ, সমাজের শুভচিন্তা, আর কল্যাণটুকুকে অবলম্বন করে বেঁচে থাকতে চাই।