শৈশবের ইংরেজ বালক-বালিকারা

প্রাচীনকালে লন্ডনপ্রবাসী ভাইদের লেখা নীল কাগজে চিঠি আসত লন্ডন থেকে। দুপাশে আঠাযুক্ত কাগজ ভাঁজ করে জিহ্বার সাহায্যে তরল সংযোগ করে সুন্দর একটা খামের আকার ধারণ করা চিঠিকে বলা হতো এয়ার লেটার। By AIR MAIL লেখাযুক্ত কাগজে প্রাপক আর প্রেরকের নাম যুক্ত এয়ার লেটার ডাক পিয়ন খাকি রঙের ব্যাগে ঢুকিয়ে বাড়ি বাড়ি বিলি করত। তখন ডাকপিয়নের বিশেষ কদর ছিল। প্রাপকের হাতে চিঠি দিয়ে বকশিশের আশায় সময়ক্ষেপণ করত। পাউন্ডের খবর না থাকলে প্রাপকের সঙ্গে ডাকপিয়নকেও হতাশ হতে হতো। লন্ডনপ্রবাসীর ঘনিষ্ঠজন কারও কারও চায়ের দোকানের বিল বাকি পরে থাকত মাসের পর মাস। তখন তারা এয়ার লেটারের আশায় ডাক পিয়নের অপেক্ষায় থাকতেন।
আমার বাবার খুবই উচ্চাশা ছিল আমাকে লন্ডন পাঠানোর, কেন পাঠাবেন তা তিনি প্রকাশ করতেন না। কীভাবে পাঠাবেন তার হয়তো একমাত্র ভরসা ছিলেন আমাদের গ্রামের পূর্ব পাড়ার গাভনার (গভর্নর) ছিফত উল্লা লন্ডনি। বাবাকে অনেক সমীহ করতেন, তালুই বলে ডাকতেন। আমরা ডাকতাম ছিফত ভাই। তিনটা রেস্টুরেন্টের মালিক ছিলেন তিনি। লন্ডনে রেস্টুরেন্টের মালিককে সবাই গাভনার নামে সম্বোধন করে। তাঁর চেহারায় দারুণ জৌলুশ ছিল। কালো ট্রাউজারের সঙ্গে সাদা শার্ট ইন করে পরতেন। সার্টের লম্বা হাতার মধ্যে সোনার পানি দৌড়ানো পাথরের সেট কপলিনে ঝলমল করত। লন্ডন থেকে নিয়ে আসতেন মেহগনি কাঠের হাতলযুক্ত কালো ছাতা। বুড়ো আঙুলে চাপ দিয়ে ছাতাটা মেলে ধরতেন চৈত্রের কাঠফাটা রোদে। আমরা ভাবতাম, আহা এই বুঝি সূর্যের তাপদাহ শীতল হয়ে গেল ছাতার কারিশমাতে!
তেলতেলে ভুড়িযুক্ত পেটকে আড়াল করতে সাসপেন্ডারের সাহায্যে ট্রাউজারকে টেনে রাখতেন।
দেশে এক বউ রেখে লন্ডনি মেম বিয়ে করেছিলেন। সবার ধারণা লন্ডনি মেম বিয়ে করার পরই ছিফত উল্লার ভাগ্যের চাকা দৌড়াতে লাগল। ব্যবসায় শুধু মুনাফা আর মুনাফা। ফ্যাক্টরির সাধারণ শ্রমিক থেকে তিন তিনটা রেস্টুরেন্টের মালিক।
ইংরেজ মেম উল্লাকে ডাকত নাম ধরে, পরিচিতজন শুনে মুখ আড়াল করে হাসত। কারণ তখনকার দিনে স্বামীকে নাম ধরে ডাকার কোনো রেওয়াজ ছিল না গ্রামীণ সমাজে। আমাদের মা-চাচিকে কখনো শুনিনি তাদের স্বামী কিংবা ভাশুরের নাম ধরে ডাকতে। কিন্তু লন্ডনের সমাজ ব্যবস্থা সম্পূর্ণ আলাদা। দান-দক্ষিণায় ছিফত উল্লা ছিলেন মুক্তহস্ত। গ্রামের মসজিদ-মাদ্রাসা নির্মাণে বড় অঙ্কের দাতা হিসেবে তাঁর নাম থাকত সর্বাগ্রে।
লন্ডনের বিখ্যাত শহর ব্রাইটনে ছিল ছিফতের রেস্টুরেন্ট ব্যবসা ও আবাসন। এলাকার অনেক লন্ডনপ্রবাসী লোকের তিনি ছিলেন চাকরি ও আশ্রয়দাতা। সেই ছিফত উল্লাহ গাভনার দেশে এলেন তাঁর বিদেশি বউয়ের ঔরসে জন্ম নেওয়া চার সন্তানকে সঙ্গে নিয়ে। মিনা, তাহমিনা, ফরিদ আর ওয়ারিদ। বাঙালি আর ইংলিশের রক্তে লালিত চার সন্তান। দশ গ্রামের লোকের লাইন লেগে গেল লন্ডনি বাড়ির চার পাশে।
সবার খায়েশ লন্ডনি চার ছেলে মেয়েকে একনজর দেখা। আমারও যাওয়া-আসা নিয়মিত হয়ে উঠল। ফরিদ ও ওয়ারিদ আমার প্রায় সমবয়সী হওয়ায় খেলার সাথি হিসেবে খুবই স্বল্প সময়ে বন্ধুত্বে পরিণত হলাম। যদিও তাদের ভাষা বৈষম্যের শিকার হতাম। আমি তখন ক্লাস ফোরের ছাত্র, আমার ইংরেজি জ্ঞান খুবই যৎসামান্য। তবুও তাদের আকারে ইঙ্গিতে বড়ি ল্যাঙ্গুয়েজে অনেকটা বুঝে নিতাম। বড় ছেলে ফরিদ ছিল খুবই শান্ত ও বুদ্ধিমান। আমার ভাষা সমস্যার সমাধানে তৎপর হতো। লন্ডন শহরের মানচিত্র দিয়ে শহরের উল্লেখযোগ্য স্থানগুলো দেখাত। যেমন ভিক্টরিয়া পার্ক, ইংলিশ চ্যানেল, বাকিংহাম প্যালেস, টেমস নদীর টানেল, টাওয়ার ব্রিজ—আরও কত কী!ছোট ছেলে ওয়ারিদ ছিল খুবই ডানপিটে, সারাদিন কাটাত দুষ্টুমির ধান্দায়। কখনো গাছে চড়ে, কখনো টিনের চালে সব জায়গায় তার বিচরণ ছিল নির্দ্বিধায়।
গাভনারের দেশি বউ ভীষণ ভয় পেতেন ওয়ারিদের আচরণ দেখে। আহাজারি করে বলতেন, ওই ছেলে যদি সত্যি সত্যি টিনের চাল থেকে লাফ দিয়ে হাত-পা ভাঙে, তবে স্বামীকে কী জবাব দেবেন! আমাকে মিনতি করে বলতেন, ভাই ওকে বুঝিয়ে শান্ত কর। গ্রামের সহজ-সরল মহিলার করুন আকুতি আমাকেও ভাবাত। আমার সাধ্যমতো ওয়ারিদকে বোঝাবার চেষ্টা করতাম। মাঝে মধ্যে নিয়ে আসতাম আমাদের বাড়িতে। লাঠি বিস্কুট দিয়ে দুজনকে চা খাওয়াতাম। লাঠি বিস্কুটটি চায়ে ভিজাতে গিয়ে কাপের ভেতর খসে পরতো। ছেলে দুটি খিলখিলিয়ে হাসত টোলপরা গালে। তাদের হাসি দেখে আমিও অনেকটা না বুঝে হাসতাম। মনে হতো, গ্রাম বাংলার রমণীর লজ্জাবোধ তাদের ধমনিতে প্রতিফলিত হচ্ছে।
মেয়ে দুটিকে খুব একটা বাইরে দেখা যেত না। শোয়ার ঘরের পাশ দিয়ে যেতে হঠাৎ দেখতাম, দুবোনে কানে কানে ফিসফিস করছে। কাউকে দেখলে মেয়েগুলো লজ্জায় লাল হয়ে যাওয়া মুখাবয়ব নিয়ে দুজন-দুজনার পাশাপাশি থাকত। একদিন ফরিদ আর ওয়ারিদের সঙ্গে খেলাচ্ছলে চলে গেছি নারিকেল গাছ আর ঝোপঝাড় বেষ্টিত পুকুর পাড়ে। গিয়ে দেখি মৎস্য কন্যারূপী দুই মানবী পুকুরের ঘোলা জলে সাঁতার কাটছে। আমাকে দেখেই লাজুক এক টুকরো হাসির রেখা খেলে গেল দুজনার ঠোঁটে। আমিও অপ্রত্যাশিত লজ্জা পেয়ে স্থান ত্যাগে উদ্যোগী হলাম। মনে মনে ভাবলাম, অতটা সময় এভাবে ঝুঁকে না দাঁড়ালেও পারতাম আমি। যদিও তাদের দেখার কোনো ইচ্ছে আমার ছিল না, তবু জীবনে আমার প্রথম দেখা দুই ইংরেজ নারী। তাদের দু ভাইকে কিছু না বলেই সেদিন চলে এসেছিলাম।
একদিন ফরিদ আর ওয়ারিদকে দেখলাম তাদের বাবার সঙ্গে নিবিড়ে আলাপ করছে। আমাকে দেখে দুভাই খুবই উল্লসিত হলো। আলাপ শেষে তাদের বাবা আমাকে খুলেই সব কথা বললেন, ফরিদ ও ওয়ারিদ আমাকে তাদের সঙ্গে করে লন্ডন নিয়ে যেতে চায়। কিন্তু ওরা বোঝে না, তোমার এ বয়সে মা-বাবার সঙ্গ ছাড়া কোথাও নেওয়া যাবে না, তা ছাড়া আইনকানুনের অনেক ব্যাপার আছে। এ বিষয়ে তিনি আমার বাবার সঙ্গে আলাপ করে বিস্তারিত বলেছেন। সেই থেকে আমার লন্ডন যাওয়ার স্বপ্ন সুদূরপরাহত হল। তারপরও আপাদমস্তক স্বপ্নকে লালন করেছি দীর্ঘদিন। বলতে গেলে আমার ভেতর একটা জেদ চেপে গেল।
আমাদের মধ্য পাড়ার লন্ডনি সুনাবর আলি দেশে এলেই আমরা তাঁর কাছে বায়না ধরতাম, লন্ডনের হালচালের ওপর কিছু গালগল্প শোনাতে। তিনি পাতার বিড়ির কড়া ধোঁয়া ছড়িয়ে আমাদেরে গল্প শোনাতেন। সহজ সরল ভাষায় ভাঙা ইংরেজির সঙ্গে আঞ্চলিকতার মিশ্রণে লন্ডনের কিছু ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করতেন। নিজের কথা বলতে গিয়ে তাঁর লন্ডন গমনের ইতিহাস বর্ণনায় অনেক কষ্ট আর দারিদ্র্যের কথা অকপটে চলে আসত। তখনকার সময়ে নাকি দশ পয়সার ভাউচারে (লন্ডনের ছাড়পত্র) সুদূর লন্ডন পাড়ি জমানো যেত। তাঁর লন্ডন গমনের নেপথ্যে ছিল দশ পয়সা দামের ভাউচার। একদিন তাঁর গল্পে উঠে আসে ব্রিটেনের রানির কথা। তাঁর ঐতিহ্যবাহী জীবনের কথা। রাজপ্রাসাদের চার ধারে ও সিংহদ্বারে বিশেষ ধরনের পদাতিক বাহিনী যা ব্রিটিশ অশ্বারোহী সৈন্যদের পাহারার কথা। ঘোড়ার পিঠে চড়ে যে সৈনিক পাহারায় নিযুক্ত থাকে, তার পরনে থাকে বিশেষ ধরনের পোশাক। এক বিশেষ ধরনের টুপি পরে দিন-রাত পাহারার কাজে নিয়োজিত থাকে। তাকে কোনো ধরনের বাক্য ব্যয় করা যাবে না। একদম নড়াচড়া করা যাবে না। ঘোড়া আর ঘোড়সওয়ার দুজনই যেন জীবন্ত মূর্তি।
ইংরেজ দুই বালক ফরিদ আর ওয়ারিদের সঙ্গে পরিচিত হওয়ার পরপরই লন্ডনি সুনাবর আলির গল্পের কথাগুলো খুব মনে হতো। ইচ্ছে হতো তাদের দেশের ঐতিহ্যের কথা তাদের মুখ থেকে শুনতে। কিন্তু বাঁধ সাধত ভাষার বৈষম্য। ইচ্ছেটা অনিচ্ছায় পর্যবসিত হতো। ভাষার পার্থক্যটা আমার সঙ্গে তাদের দূরত্বটা বাড়িয়ে দিল।
একদিন গাভনার ছিফত উল্লাহ তাঁর দুই ছেলেসহ এলেন আমাদের বাড়িতে। বাবার সঙ্গে বসে দীর্ঘ আলাপের পর জানালেন লন্ডন ফিরে যাওয়ার দিন তারিখের কথা। সব শুনে আমার যেন বুক চাপড়ে কান্না করতে ইচ্ছে করছে। লন্ডন না যাওয়ার আক্ষেপে নয়, আমি এখনো বলতে পারছি না সেদিন আমার কী হয়েছিল। আমার মনে হচ্ছিল, ভেতরে যেন কিসের এক ধস নেমেছে। আমি পাতালে নেমে যাচ্ছি। আমি আর ইংরেজ ছেলে দুটির প্রতি তাকাতে পারছি না, আমি যেন ওদের চিনি না, আজ থেকে ওরা আমার মধ্যে দূরত্ব সৃষ্টি করেছে। আমি যেন অনেক দূরে থেকে যাচ্ছি।
সেদিন আমি গিয়েছিলাম বাবার সঙ্গে বিমানবন্দরে ওদের বিদায় জানাতে। ব্রিটিশ এয়ারলাইনসের উড়োজাহাজটি রানওয়ে ছুঁয়েছে, এমনি চারদিকে একটা চাঞ্চল্যে ফেটে পড়লে। ফানেলের মতো দরজা দিয়ে আগত যাত্রীদের উদ্গিরণ করে দিল রানওয়ের ওপর। দূরে নগ্ন ধাতব বিপুলা রমণীর মতো শুয়ে আছে বোয়িং বিমানটি। দুবাহু দুদিকে ছড়িয়ে দিয়ে মাটি থেকে একটু উঁচু করে তুলে ধরা তার কটিদেশ। পেছনে মেঘহীন আকাশ। থিয়েটারের খুব বড় একটা পর্দার মতো মনে হচ্ছিল। ফরিদ আর ওয়ারিদ নীরবে তাকিয়ে একটু হাসে। রানওয়ের ওপর যাত্রীদের অনেক ঠেলাঠেলি হতে থাকে। আমি তাদের পথ করে দেওয়ার জন্য একটু সরে দাঁড়াই। শেষবারের মতো ওরা চার ভাইবোন মিলে হাত নাড়িয়ে বলে বিদায়। আমি স্বাগত জানাতে যেন ভুলে গেলাম। শুধু বারবার মনে হতে থাকল, মহারানির ঘোড়সওয়ারের কথা আমি তাদের কখনো জিজ্ঞেস করতে পারিনি, আর কোনো দিন পারব না।