নিউইয়র্কের ক্যাবচালকদের জন্য এ এক নতুন আচার হয়ে উঠেছে। নিয়মিত বিরতিতে ক্যাবচালকের আত্মহত্যার খবর পাওয়া যায়, আর নিয়ম মেনেই অন্য ক্যাবচালকেরা ফুল হাতে আসেন শ্রদ্ধা জানাতে। নিয়মের এই শ্রদ্ধার্ঘ্য এখন অন্তর্গত রক্তক্ষরণেরই প্রতিরূপ হয়ে উঠেছে। সম্প্রতি রয় কিম নামের আরেক ক্যাবচালকের আত্মহত্যার পর তাঁর সহকর্মীরা এই নিয়মের কিছুটা ব্যত্যয় ঘটিয়েছেন। না পুরোপুরি নয়। ফুল নিয়ে তাঁরা এসেছিলেন। কিন্তু কোথাও শোক বা শ্রদ্ধা জানাতে তা অর্পণ করেননি। বরং এক হাতে ফুলের তোড়া, অন্য হাতে এখন পর্যন্ত আত্মহত্যা করা আটজন ক্যাবচালকের নাম লেখা প্ল্যাকার্ড ধরে রেখে তাঁরা নীরব প্রতিবাদই জানালেন।
নিউইয়র্কের ফ্লাশিং মিডোস পার্কে মিডো লেকের পারে ১৮ নভেম্বর ফুলের তোড়া হাতে এসে দাঁড়ান ২০ জন ক্যাবচালক। তাঁদের হাতে ছিল নিউইয়র্কের সেই আটজন ক্যাবচালকের নাম লেখা প্ল্যাকার্ড, যারা জীবনের দুর্বিপাকে টিকতে না পেরে নিজের জীবন নিজেই নিয়ে নিয়েছেন। এই তালিকায় সর্বশেষ সংযোজিত নামটি রয় কিমের, যিনি ৫ নভেম্বর আত্মহত্যা করেন।
নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সদস্য ভৈরবী দেশাই ছিলেন ওই ২০ জন ক্যাবচালকের দলে। নিউইয়র্ক ডেইলি নিউজকে তিনি বলেন, ‘এমন শোক ও প্রার্থনা আমরা বহুবার করেছি। হারানোর বেদনা নিয়ে এই আচার পালন এক অসহ ভার নিয়ে আসে আমাদের বুকে।’
রয় কিম সকাল-সন্ধ্যা খাটতেন। কিন্তু ৫৮ বছর বয়সী এই ক্যাবচালক কোনোভাবেই উবার-লিফটের মতো অ্যাপভিত্তিক গাড়িসেবার সঙ্গে প্রতিযোগিতা ও ম্যাডালিয়নের দরপতনের জেরে সৃষ্ট পরিস্থিতির সঙ্গে পেরে উঠছিলেন না। ব্যাংকঋণের বোঝা তাঁর মাথায় পাহাড়সম হয়ে উঠেছিল।
রয় কিমের সহকর্মী ৬২ বছর বয়সী আরেক ক্যাবচালক ডং লি জানান, কেনেডি বিমানবন্দরে তিনি কিমকে দেখেছেন সারা রাত ধরে কাজ করতে। ভাড়ার জন্য অপেক্ষা করতে। তিনি বলেন, ‘কিম প্রায় তিন বছর আগে তার ম্যাডালিয়নটি কেনে। প্রচণ্ড আর্থিক অনটন ছিল তার। এই অভাব কাটিয়ে উঠতে কঠোর পরিশ্রম করত। সে আমার বন্ধু ছিল। এখন সে নেই।’
কিমের মতো অনেকেই চলে গেছে, যাচ্ছে উল্লেখ করে লি নগর কর্তৃপক্ষের উদ্দেশে বলেন, ‘আমাদের সংকট নিরসনে দয়া করে কিছু করুন। সহায়তা করুন আমাদের। আমাদের অনেক অনেক সাহায্য প্রয়োজন, খুব প্রয়োজন।’
সম্প্রতি সিটি কাউন্সিল ও নিউইয়র্কের মেয়র বিল ডি ব্লাজিও নগরীতে ভাড়ায় চালিত গাড়ির সংখ্যা সীমিতকরণ ও ম্যাডালিয়নের দরপতনের কারণ অনুসন্ধানে একটি টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নিয়েছেন। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ভৈরবী দেশাই বলেন, ‘কিন্তু সত্য হচ্ছে, এই সংকটের ভেতর দিয়ে পাঁচ বছর অতিক্রান্ত হয়েছে। ফলে কয়েক মাসের মধ্যে একটি আইন প্রণয়ন বা এ ধরনের কোনো সিদ্ধান্ত নিয়ে এ সংকটের রাতারাতি সমাধান সম্ভব নয়। এ সংকট নিরসনে ম্যাডালিয়ন ক্রয়ের জন্য নেওয়া ঋণ একটি পর্যায় পর্যন্ত মওকুফের একটি প্রকল্প হাতে নেওয়া প্রয়োজন।’
পাঁচ বছর আগেও ম্যানহাটনের সড়ক দাবড়ে বেড়ানো ম্যাডালিয়নের প্রতিটির দাম ছিল ১২ লাখ ডলার। কিন্তু বর্তমানে এর দাম কমে ৩ লাখে এসেছে। একদিকে অ্যাপভিত্তিক গাড়িসেবার কারণে ক্যাবচালকদের আয় কমে গেছে। অন্যদিকে ম্যাডালিয়নের দরপতনের কারণে পেশা পরিবর্তনের সুযোগও থাকছে না। ফলে ঋণগ্রস্ত অনেক ক্যাবচালক বর্তমানে চোখে অন্ধকার দেখছেন।