শ্বেতাধিপত্যবাদকে দমন করতে চায় প্রশাসন
আমেরিকা গত প্রায় অর্ধ শতাব্দী ধরে বিশ্বের দেশে দেশে জঙ্গিদের ধাওয়া করেছে। এবারে তাদের নজর দিতে হচ্ছে নিজেদের ঘরে। স্বদেশে বেড়ে ওঠা জঙ্গিদের দমনে নতুন কর্মকৌশল ঠিক করেছে মার্কিন প্রশাসন। হোমল্যান্ড সিকিউরিটির অস্থায়ী সেক্রেটারি কেভিন মিকালীনান ২০ সেপ্টেম্বর জঙ্গিবাদ দমনে বিভাগটির রূপরেখা প্রকাশ করেছেন। বহিরাগত জঙ্গিবাদের পাশাপাশি এই প্রথম অভ্যন্তরীণ জঙ্গিবাদকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে এই রূপরেখা। এবার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ হোয়াইট সুপ্রিমেসি বা শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ প্রসূত জঙ্গিবাদ কঠোর হাতে দমন করতে উদ্যোগ নিয়েছে। এই ভাবাদর্শকে আমেরিকার ভেতরে চলমান সন্ত্রাসী হামলার অন্যতম চালিকা শক্তি হিসেবে চিহ্নিত করা হয়েছে।
গত সপ্তাহে ব্রুক ইনস্টিটিউটে দেওয়া ভাষণে মিকআলীনান বলেন, ‘আমাদের এই আধুনিক যুগে ক্রমাগতভাবে চলতে থাকা বর্ণবাদী আক্রমণ, বিশেষ করে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদ পরিচালিত সন্ত্রাসী কার্যক্রম জঘন্য আকার ধারণ করছে। একটি বৈচিত্র্যপ্রিয় জাতির জন্য এ এক কলঙ্কজনক অধ্যায়।’
সম্প্রতি এল পাসো, পিট্সবার্গ ও চার্লসটনের হামলার প্রতি দৃষ্টি আকর্ষণ করছিলেন মিকআলীনান। তিনি বিশ্বাস করেন, নানা চরমপন্থী ভাবাদর্শে উদ্বুদ্ধ হওয়া দলগুলো এসব হামলা চালিয়েছে। বিশেষত, অত্যন্ত উদ্বেগজনক ও ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়া শ্বেতাঙ্গ-আধিপত্যের হিংস্র
চরমপন্থা থেকে। মিকআলীনানের মতে, আইসিস ও আল–কায়েদার মতো ইসলামি জঙ্গি মৌলবাদী গোষ্ঠী এবং তাদের অনুপ্রাণিত সন্ত্রাসীরা এখনো আমেরিকার জন্য প্রধান হুমকি। কিছুদিন আগে আমেরিকান এয়ারলাইনসে অন্তর্ঘাতী হামলার পরিকল্পনাকারী আহমেদ আলানীর
জামিন নামঞ্জুর করেছেন আদালত। বিচার শেষ না–হওয়া পর্যন্ত তাকে আটক রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একটি ফ্লাইটের এয়ার ডেটা সিস্টেম অকেজো বা ধ্বংস করার চেষ্টা চালানোর অভিযোগ ছিল আহমেদের বিরুদ্ধে। তিনি জঙ্গি গোষ্ঠীর অতি উৎসাহী কোন সমর্থক হতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। ইচ্ছাকৃতভাবে একটি উড়োজাহাজকে বিকল করার চেষ্টার অভিযোগ আনা হয় আলানীর বিরুদ্ধে। তবে তার বিরুদ্ধে অভিযোগ জঙ্গি আইনের আওতায় আনা হয়নি।
এদিকে শ্বেতাধিপত্যবাদের বিরুদ্ধে যথেষ্ট শক্ত অবস্থান না নেওয়ায় সমালোচিত হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকে আবার তাঁকেই এই ভাবাদর্শের উসকানিদাতা হিসেবেও অভিযুক্ত করেছেন।
সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মন্তব্য করেছেন, ‘শ্বেত-প্রভুত্বের লেলিহান আগুনে হাওয়া দিচ্ছেন ট্রাম্প। এল পাসো, টেক্সাসের হামলার আগের জনসভায় দেওয়া তাঁর বক্তৃতা শ্বেতাঙ্গ বর্ণবাদীদের অনুপ্রাণিত করতে পারে।’
গত আগস্টে প্রকাশিত সিএনএনের প্রতিবেদনে অভ্যন্তরীণ জঙ্গিবাদ, বিশেষত শ্বেতাধিপত্যবাদকে চিহ্নিত, দমন করাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। খোদ হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ থেকেও এমন পরামর্শ দিলে হোয়াইট হাউস তা নাকচ করে দেয়। হোয়াইট হাউস গত বছরের অক্টোবরে জঙ্গিবাদ দমন নীতি প্রকাশ করে যাতে জঙ্গিদের উৎপত্তি স্থানে টার্গেট করা এবং অভ্যন্তরীণ জঙ্গিবাদ নির্মূল করার নির্দেশনাসহ নানা কৌশলের কথা রয়েছে।
সম্প্রতি পদচ্যুত নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বর্ণনায়, এই নীতি সেই সময়ের ওবামা প্রশাসনের জঙ্গিবাদ দমন নীতির থেকে আলাদা। ট্রাম্প প্রশাসনের ওই নীতিতে চরমপন্থী ইসলামি জঙ্গিবাদ দমনকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। বোল্টন চরমপন্থী ইসলামি জঙ্গিবাদকেই এখনো আমেরিকার জন্য প্রকৃত ও প্রধান হুমকি হিসেবে বিবেচনার করেন।