শ্রেণিকক্ষে শিক্ষিকার ঝুলন্ত লাশ
অন্যান্য দিনের মতোই ফুরফুরে মন নিয়ে শিক্ষার্থীরা স্কুলে গেল ক্লাস করতে। কিন্তু শ্রেণিকক্ষে ঢুকতেই বিশাল ধাক্কা। আতঙ্কে কুঁকড়ে গেল কচি কচি প্রাণ। প্রিয় শিক্ষিকার লাশ ঝুলছে সেখানে। গতকাল সোমবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ ঘটনা ঘটে।
এএফপির খবরে জানানো হয়, লস অ্যাঞ্জেলেস শহরের প্লাসেন্টিয়া এলাকার এল ডোরাডো স্কুলে ঘটনাটি ঘটে। শিক্ষিকা জিলিয়ান জ্যাকবসন (৩১) আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। প্লাসেনটিয়া পুলিশের মুখপাত্র এরিক পয়েন্ট জানান, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ঢুকে জিলিয়ানের ঝুলন্ত মরদেহ দেখতে পায়। তবে পুলিশকে ডাকার আগেই শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁর মরদেহ নিচে নামায়।
এরিক পয়েন্টের ভাষ্য, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিক আলামত থেকে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। কারণ, সন্দেহজনক কোনো কিছু সেখানে পাওয়া যায়নি। তিনি জানান, খোঁজ নিয়ে জেনেছেন স্কুলে খুব জনপ্রিয় ছিলেন জিলিয়ান। তাঁর এই মৃত্যুতে সবাই খুব আঘাত পেয়েছে।
পয়েন্ট বলেন, ঘটনাস্থলে কোনো চিঠি পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।