ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে ঐক্যবদ্ধ থাকতে হবে

মিশিগানে স্টেট জাসাসের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর সন্ধ্যায় মিশিগানে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করতে এই সভা আহ্বান করে মিশিগান স্টেট জাসাস। সভায় জাসাস নেতা এনাম উদ্দিন শাহেদ বলেন, ক্ষমতাসীনদের ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে জাসাসের বিদ্যমান সম্পর্ক আরও গভীর করতে হবে আন্দোলনের মাধ্যমে।
সভায় সভাপতিত্ব করেন মিশিগান জাসাসের সভাপতি রিয়াজ আহমেদ। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নজমুল হোসেন শোভন। এতে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র জাসাসের সহসভাপতি এনাম উদ্দিন শাহেদ। বিশেষ অতিথি ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান রুমন।
নেতারা উল্লেখ করেন, এই প্রবাসেও আন্দোলন রচনা করতে হবে। অন্যথায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তির পথ সুগম হবে না। আর এ আন্দোলনের প্রতি বিশ্ব বিবেকের সম্পৃক্ততা ঘটাতে হবে। মিশিগানের রাজনীতিকদের সঙ্গে সম্পর্ক জোরদার করতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে জাগ্রত করার স্বার্থে খালেদা জিয়ার মুক্তির বিকল্প নেই।
কর্মসূচির আগেই মিশিগান স্টেট জাসাসের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার ওপরও সবাই একমত পোষণ করেন। গুরুত্বপূর্ণ এ সভায় নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন মিশিগান স্টেট জাসাসের সিনিয়র সহসভাপতি হেলাল আবেদীন, সহসভাপতি আফজালুর রহমান এবং আনোয়ার চৌধুরী, সহসাধারণ সম্পাদক রেজাউল করিম, জাসাস নেতা আফাজ উদ্দিন, মো. শাহজাহান হিটলার, সাজ উদ্দিন, সেলিম আহমদ, আবদুল মুকিত পন্নী, পারভেজ আহমেদ, সরোয়ার আহমেদ, সাইফুল আলম খান, মান্নান আহমেদ, খালেদুর রহমান, সৈয়দ রুবেল, শামসুল হুদা পাশা প্রমুখ।