সংকটে ট্রাম্পের প্রেসিডেন্সি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভার্জিনিয়ার শার্লটসভিলে নাৎসি সমর্থক ও শ্বেত শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচিত উগ্রপন্থীদের সঙ্গে ফ্যাসিবিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষের জন্য উভয়কে সমানভাবে দায়ী করে বক্তব্য দিয়ে প্রবল সমালোচনার মুখে পড়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নয়া নাৎসিপন্থী ও উগ্র বর্ণবাদীদের খোলামেলাভাবে সমর্থন করায় প্রেসিডেন্ট হিসেবে তাঁর যোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন উঠেছে তাঁর মানসিক সুস্থতা নিয়েও। এই সংকট কাটিয়ে উঠতে ব্যর্থ হলে প্রেসিডেন্ট হিসেবে সব প্রাসঙ্গিকতা হারাবেন ট্রাম্প, এমনটাই মত অধিকাংশ পর্যবেক্ষকের।

দেড় শ বছর আগে সংঘটিত মার্কিন গৃহযুদ্ধে দাসপ্রথার সমর্থক জেনারেল রবার্ট লি-র একটি মূর্তি অপসারণের সিদ্ধান্তের প্রতিবাদে শার্লটসভিলে কু ক্লাক্স ক্লান (কেকেকে) ও অন্যান্য বর্ণবিদ্বেষী গ্রুপ সমাবেশ ডেকেছিল। কয়েক শ সশস্ত্র কু ক্লাক্স ক্লান সদস্য ও নাৎসিপন্থী নারী-পুরুষ পতাকা ও জ্বলন্ত মশাল হাতে শার্লটসভিলে জড়ো হয়ে ইহুদি ও কৃষ্ণকায়বিরোধী স্লোগান দেয় ও যুক্তরাষ্ট্রে আবার নিজেদের (অর্থাৎ শ্বেতকায়দের) নিয়ন্ত্রণ ফিরিয়ে আনার দাবি জানায়। তাদের উপস্থিতির প্রতিবাদে স্থানীয় গির্জা ও মানবাধিকার সংগঠনগুলো পাল্টা বিক্ষোভের আয়োজন করেছিল। দুই পক্ষের সংঘর্ষ এড়াতে জরুরি অবস্থা জারির পরও ৩০ জনের বেশি আহত হয়। একজন নয়া নাৎসিপন্থী বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে ৩২ বছর বয়স্ক মানবাধিকারকর্মী হিদার হেয়ার প্রাণ হারান।

যেকোনো বিষয়ে যখন-তখন টুইটারে মন্তব্য করে ‘টুইটার প্রেসিডেন্ট’ হিসেবে পরিচিতি পাওয়া ডোনাল্ড ট্রাম্প হতাহতের ঘটনা প্রকাশের প্রথম ছয়-সাত ঘণ্টা পরও নীরব থাকেন। এরপর এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি সহিংসতার নিন্দা করলেও এ জন্য ‘সকল পক্ষ’কে দায়ী করেন। তাঁর বক্তব্যে সমালোচনার ঝড় উঠলে সোমবার হোয়াইট হাউস থেকে প্রচারিত এক লিখিত বক্তব্যে নয়া নাৎসিপন্থী ও শ্বেত সন্ত্রাসবাদীদের নাম উল্লেখ করে তাদের সমালোচনা করেন তিনি। কিন্তু পরদিন নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে এক সংবাদ সম্মেলনে সহিংসতার জন্য উভয় পক্ষকেই দায়ী করেন তিনি। ট্রাম্প মন্তব্য করেন, রবার্ট লি-র মূর্তি অপসারণের প্রতিবাদে যারা জড়ো হয়েছিল, তাদের মধ্যে অনেক ভালো লোকও ছিল। অন্যদিকে ‘ফ্যাসিবিরোধীদের’ মধ্যে অনেকে ওই দিনের সহিংসতার জন্য কম দায়ী নন। লি-র মূর্তি অপসারণের প্রতিবাদ করে ট্রাম্প বলেন, ‘মার্কিন রাষ্ট্রের স্থপতি হিসেবে পরিচিত প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটন ও তৃতীয় প্রেসিডেন্ট জেফারসন একসময় দাসপ্রথা সমর্থন করেছিলেন, তাঁদের ব্যক্তিগত দাস ছিল। আজ আমরা লি-র মূর্তি সরাচ্ছি, তাহলে কালকে কি আমরা ওয়াশিংটন বা জেফারসনের মূর্তিও সরাব?’

একুশ শতকে কোনো মার্কিন প্রেসিডেন্ট নাৎসিপন্থীদের সমর্থনে যুক্তি দেখাতে পারেন—এ কথা শুধু অভাবিত নয়, অবাস্তবও। আমেরিকার গৃহযুদ্ধ হয়েছিল দাসপ্রথা নিয়ে, দক্ষিণের দাসপ্রথার সমর্থক রাজ্যগুলো যুক্তরাষ্ট্র থেকে বেরিয়ে আসার জন্য যে গৃহযুদ্ধের সূত্রপাত করে, রবার্ট লি ছিলেন তার একজন প্রধান অধিনায়ক। তাঁর সঙ্গে আমেরিকার দুই প্রধান স্থপতির তুলনা অনেককে বিস্মিত করেছে। জর্জ বুশ ও ওবামার সাবেক উপদেষ্টা ডেভিড গার্গেন ট্রাম্পের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। একজন ভাষ্যকার মন্তব্য করেছেন, ইতিহাস জানতে ট্রাম্পের ফের স্কুলে ভর্তি হওয়া উচিত।

তবে ট্রাম্পের বক্তব্যে শ্বেত শ্রেষ্ঠত্ববাদীরা দারুণ খুশি। কেকেকের সাবেক সর্বাধিনায়ক ডেভিড ডিউক শার্লটসভিলের ঘটনার সত্য বিবরণ দেওয়ার জন্য ট্রাম্পের সততা ও সাহসের প্রশংসা করেন। সমাবেশ চলাকালে তিনি জানান, আমেরিকাকে (সাদা মানুষদের হাতে) ফিরিয়ে দেওয়ার যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছেন, তা পূরণের লক্ষ্যে শার্লটসভিল থেকেই তাঁদের আন্দোলন শুরু হচ্ছে। নয়া নাৎসিপন্থী ও আধুনিক শ্বেত শ্রেষ্ঠত্ববাদীরা খোলামেলাভাবে কালো ও অন্যান্য বর্ণের মানুষদের বাদ দিয়ে শুধু শ্বেতকায়দের নিয়ে এক ভিন্ন আমেরিকা গঠনে আগ্রহী। তারা সব বহিরাগত ও ইহুদিকে বহিষ্কারেরও পক্ষে। গত নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পক্ষে এদের সমর্থন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংখ্যায় অল্প হলেও এরা ট্রাম্পের কট্টর সমর্থকদের একটি প্রধান অংশ। এদের খুশি রাখতেই ট্রাম্প শ্বেত শ্রেষ্ঠত্ববাদী হিসেবে পরিচিত স্টিভ ব্যাননকে তাঁর প্রধান কৌশলবিদ হিসেবে নিয়োগ দিয়েছেন। একাধিক সূত্র বলছে, তাঁর পরামর্শেই ট্রাম্প নাৎসিপন্থী ও ফ্যাসিবিরোধীদের এক পাল্লায় ফেলে সমানভাবে দোষী বলে অভিযুক্ত করেছেন।

বর্ণবাদীদের পক্ষে সাফাই গেয়ে ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে তাঁর নৈতিক দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন—এ কথা একাধিক রিপাবলিকান নেতা প্রকাশ্যেই বলেছেন। সিনেটর লিন্ডসি গ্রাহাম বলেছেন, রিপাবলিকান সদস্যরা শুধু ট্রাম্পের সঙ্গে ভিন্নমতই পোষণ করেন না, তাঁর বর্ণবাদী অবস্থানেরও প্রবল বিরোধিতা করেন। সিনেটর ম্যাককেইন বলেছেন, বর্ণবাদী কেকেকে ও তার বিরোধীদের সমানভাবে দেখার কোনো নৈতিক সুযোগ নেই। সিনেটর জেফ ফ্লেক বলেছেন, শ্বেত শ্রেষ্ঠত্ববাদীদের পক্ষ সমর্থন করা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না।

এত দিন ট্রাম্পের পক্ষে-বিপক্ষে কোনো বক্তব্য দেননি প্রেসিডেন্ট জ্যেষ্ঠ বুশ ও তাঁর পুত্র জর্জ বুশ। তাঁরাও সম্প্রতি এক যৌথ বিবৃতিতে বলেছেন, সব ধরনের বর্ণবাদ ও ইহুদি বিরোধিতাকে অবশ্যই প্রত্যাখ্যান করতে হবে। মার্কিন সেনাবাহিনীর বিভিন্ন শাখার প্রধানেরাও বর্ণবাদের বিরোধিতা করে ভিন্ন ভিন্ন বিবৃতিতে বলেছেন, সেনাবাহিনী কোনোভাবেই বর্ণবাদী দৃষ্টিভঙ্গি সমর্থন করে না।

রাশিয়ার সঙ্গে আঁতাতের প্রশ্নে তাঁর প্রচারণার ভূমিকা নিয়ে অব্যাহত তদন্ত প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের কার্যকারিতাকে প্রশ্নবিদ্ধ করেছে। এখন শার্লটসভিলের ঘটনার ফলে প্রেসিডেন্ট হিসেবে তিনি নৈতিক বৈধতাও হারাতে বসেছেন। তারপরও রিপাবলিকান দলের নেতারা কত দিন তাঁকে সহ্য করেন, সেটি দেখার বিষয়। রিপাবলিকান নেতৃত্বকে ট্রাম্পের সঙ্গে সম্পর্কচ্ছেদের আহ্বান জানিয়ে বিশিষ্ট ভাষ্যকার ই জে ডিওন মন্তব্য করেছেন, ‘মানসিকভাবে ভারসাম্যহীন, আত্মকেন্দ্রিক, অশিক্ষিত, বিভক্তি সৃষ্টিকারী ও অনৈতিক এমন একজন মানুষকে কোনোভাবেই ক্ষমতার ধারেকাছেও থাকতে দেওয়া উচিত নয়।’