সংকোচন নীতির ইতি চায় টরন্টো পুলিশ ইউনিয়ন
বর্তমানে সংকোচন নীতির মধ্য দিয়ে যাচ্ছে টরন্টো পুলিশ। ফলে আগের তুলনায় অনেক কম সদস্য নিয়েই কাজ করতে হচ্ছে টরন্টো পুলিশকে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হচ্ছে জানিয়ে এ সংকোচন নীতি সমাপ্তির আহ্বান জানিয়েছে টরন্টো পুলিশ ইউনিয়ন।
টরন্টো পুলিশ অ্যাসোসিয়েশন গত সোমবার নিজেদের ওয়েবসাইট উদ্বোধন করে। এ দিনই টরন্টো পুলিশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ওয়েবসাইটে জানানো হয়, ২০১০ সালের চেয়ে বর্তমানে প্রায় ৫০০ কর্মীর ঘাটতি রয়েছে। ওপর মহলের পরিকল্পনা অনুযায়ী, ২০১৯ সালের মধ্যে কর্মীসংখ্যা আরও ৪০০ কমবে। এত কম কর্মী নিয়ে কাজ করা অনেক কঠিন, যা শেষ পর্যন্ত পুরো নিরাপত্তা কাঠামোটিকেই দুর্বল করে দেয়।
যদিও ইউনিয়নের এ মতের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন টরন্টো পুলিশের মুখপাত্র মার্ক পুগাশ। নিরাপত্তা নিয়ে কোনো সংকট নেই উল্লেখ করে স্থানীয় সংবাদমাধ্যম দ্য স্টারকে তিনি বলেন, ‘কর্মী ও অর্থের বিপুল বরাদ্দের দিন এখন বিগত। অল্প সম্পদের কার্যকর ব্যবহারের মাধ্যমেই আমাদের এগিয়ে যেতে হবে।’
প্রসঙ্গত, টরন্টো পুলিশে আগামী তিন বছর কোনো নতুন নিয়োগ বা পদোন্নতি হবে না। পুলিশ বোর্ডের ট্রান্সফর্মেশনাল টাস্কফোর্সের সুপারিশক্রমে গত জানুয়ারি থেকে এ সংকোচন কার্যক্রম গ্রহণ করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিতে ইতিমধ্যে এর নেতিবাচক প্রভাব পড়েছে বলে জানিয়েছে পুলিশ ইউনিয়ন।