সংখ্যালঘুদের ওপর সব হামলা একই সূত্রে গাঁথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যামাইকার সান্তা মেডিকেল সেন্টারে ১৭ নভেম্বর আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন  শ্রেণিপেশার–মানুষ যোগ দেন
জ্যামাইকার সান্তা মেডিকেল সেন্টারে ১৭ নভেম্বর আয়োজিত প্রতিবাদ সভায় বিভিন্ন শ্রেণিপেশার–মানুষ যোগ দেন

রংপুরের গঙ্গাচড়া উপজেলার হিন্দু অধ্যুষিত হরকলি ঠাকুরপাড়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জ্যামাইকার সান্তা মেডিকেল সেন্টারে ১৭ নভেম্বর সন্ধ্যায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। এতে লেখক, চিকিৎসক, অধ্যাপক, বিজ্ঞানী, গুণী শিল্পীসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ যোগ দেন।
অধ্যাপক ড. সব্যসাচী ঘোষ দস্তিদারের সভাপতিত্বে ও প্রদীপ মালাকারের উপস্থাপনায় বক্তারা অভিযোগ করেন, রংপুরের ঠাকুরপাড়া, শালেয়াশা, বালিয়াপাড়াসহ ১৫টি বাড়িতে হামলা, লুটতরাজ ও আগুন দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের গ্রেপ্তার ও ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার দাবি জানান। তারা সাতক্ষীরা, চট্টগ্রামের নন্দীরহাট, চিলির হাট, রামু, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর ও রংপুরের ঠাকুরপাড়ার ঘটনা একই সূত্রে গাঁথা। ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে পরিকল্পিতভাবে কিছু সংখ্যালঘু তরুণের ওপর মিথ্যা ধর্মীয় অনুভূতির আঘাতের অভিযোগ এনে ধর্মান্ধ গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের ওপর একের পর এক হামলা চালিয়ে তাদের বাড়িঘর আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে, উপাসনালয় ধ্বংস করছে, লুটপাট করছে। সরকার প্রতিটি ক্ষেত্রে নির্যাতিতদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। প্রতিটি ঘটনার আগে ভুক্তভোগীরা যথাসময়ে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে জানানো সত্ত্বেও এগিয়ে তারা আসেনি।
বক্তারা আরও অভিযোগ করেন, ১৯৭২ সালে রমনা কালী মন্দির ভাঙা ও মন্দিরের জায়গা দখলের মাধ্যমেই রাষ্ট্রীয়ভাবে সংখ্যালঘুদের ওপর নির্যাতন শুরু হয়। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় বিচারহীনতার সংস্কৃতিই তাদের ওপর বারবার হামলাকে উৎসাহিত করছে। এক বছর পার হয়ে গেলেও এখনো পুলিশ নাসিরনগরের হামলার সঙ্গে জড়িতদের ধরতে পারেনি। কয়েক বক্তা অভিযোগ করেন, সরকার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে জোর করে দেশ ত্যাগ ও দুর্নীতির মিথ্যা অপবাদ দিয়ে পদত্যাগে বাধ্য করান। প্রধান বিচারপতি সরকারের কথামত কাজ করলে তাঁর পদও থাকত, দুর্নীতির অপবাদও হতো না।
সভায় প্রধান অতিথি ছিলেন ঐক্য পরিষদ সভাপতি ডা. টমাস দুলু রায়। বিশেষ অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা ও রাষ্ট্রপতির পুরস্কারপ্রাপ্ত শিল্পী রথীন্দ্র নাথ রায়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন নিউইয়র্কে মহামায়া মন্দিরের সভাপতি শ্রী শ্যামল চক্রবর্তী, হাকিকুল ইসলাম খোকন, মহামায়া মন্দিরের সম্পাদক শ্রী প্রদীপ দাস, কমিউনিটি অ্যাকটিভিস্ট নির্মল পাল ও ধ্রুব চক্রবর্তী, ঐক্য পরিষদ নেতা ও পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি প্রবীর রায়, শেফালী ঘোষ দস্তিদার, পরিমল কর্মকার, গোবিন্দ দাস, দীপক কর্মকার, প্রণব চক্রবর্তী, নারায়ণ দেব নাথ, স্বপন কর্মকার, হরিদাস মণ্ডল, মৃত্যুঞ্জয় ভৌমিক, রাজেন সাহা, প্রণবেন্দু চক্রবর্তী, সুমন বসাক, গৌতম সরকার, তাপস সরকার, দিলীপ গোস্বামী প্রমুখ।