সংগ্রাম এখনো শেষ হয়নি: ওবামা

‘মুক্তি ও নাগরিক অধিকারের সংগ্রাম এখনো শেষ হয়নি’, বললেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট বারাক ওবামা। আলাবামার সেলমা শহরে ভোটাধিকার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের ওপর পুলিশের হামলার ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। খবর এএফপির।
সমাবেশে ওবামা ভোটাধিকার সীমিত করার ‘নতুন প্রচেষ্টার’ সমালোচনা করেন। যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গদের নাগরিক অধিকার আদায়ের সংগ্রামে অংশ নেওয়া কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি। কার্যত এরই ধারাবাহিকতায় প্রথম কৃষ্ণাঙ্গ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে পেরেছেন ওবামা। আলাবামার সেলমার মতো আরও কয়েকটি প্রতিবাদ বিক্ষোভের পর দেশটিতে ভোটাধিকার আইন পাস হয়। এর ফলে বর্ণবাদী নির্বাচন কর্মকর্তাদের জন্য কৃষ্ণাঙ্গ নাগরিকদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া কঠিন হয়ে পড়ে।
হিলারির ই–মেইল বিতর্ক নিয়ে সতর্ক মন্তব্য: যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ই-মেইল বিতর্ক নিয়ে গত শনিবার সতর্ক মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ওবামা।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওবামা বলেন, ই-মেইল বিতর্কের বিষয়টি তিনি গত সপ্তাহে পত্রিকায় প্রকাশের পরই জানতে পেরেছেন। স্বচ্ছতাকে উৎসাহিত করাই তাঁর প্রশাসনের নীতি।
ওবামার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার সময় হিলারি ক্লিনটন দাপ্তরিক কাজে ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করেছিলেন—নিউইয়র্ক টাইমস পত্রিকায় গত সোমবার এ খবর প্রকাশিত হলে বিতর্ক শুরু হয়। যুক্তরাষ্ট্রে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন অর্জনের প্রতিযোগিতায় হিলারিকে সম্ভাবনাময় মনে করা হচ্ছে। এ অবস্থায় ই-মেইল বিতর্কের কারণে তাঁর বিরোধীরা লাভবান হতে পারেন। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘আমি মনে করি, জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পায়, সে জন্যই হিলারি ওই ই-মেইলগুলো সামনে আনতে চাইছেন। তিনি একজন অসাধারণ সরকারি কর্মকর্তা ছিলেন।’