সংঘাতের রাজনীতি থেকে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র

  • মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ

  • দেশের অধিকাংশ মানুষকে টিকার আওতায় নিয়ে আসা

  • করোনা রিলিফ আইনে অনগ্রসর লোকজনকে প্রাধান্য দেওয়া

  • দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে টিকা সহায়তা দেওয়া হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষমতা গ্রহণের প্রায় ছয় মাস হয়ে গেল। এই সময়ের অর্জন নিয়ে বাইডেনের সমর্থকদের মধ্যে সুখবোধ কাজ করছে। সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সংঘাত পেরিয়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে শান্তির বার্তার প্রতীক হয়ে উঠেছেন জো বাইডেন। উদারনৈতিক সাংবাদিক ও বিশ্লেষক ব্র্যান্ট জেসন বাডোস্কি বলেন, এখনই যদি নোবেল পদকের জন্য বিবেচনা হতো, তবে পদকটির জন্য জো বাইডেনই যোগ্যতম মানুষ হিসেবে বিবেচিত হতেন।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চার বছরের সংঘাত আর বিদ্বেষের রাজনীতি থেকে যুক্তরাষ্ট্র অন্তত বাহ্যিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। দেশের মধ্যে একটা সহনীয় বাস্তবতা বিরাজ করছে। যুক্তরাষ্ট্র নিয়ে বহির্বিশ্বে যে অস্থিরতা ও উৎকণ্ঠা বিরাজ করছিল, তা অনেকটা হ্রাস পেয়েছে। মাত্র ছয় মাসে এসব অর্জন করেছেন এবং ভবিষ্যতে একই ধারায় আরও অর্জনের প্রত্যয় স্পষ্ট করতে পেরেছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য হিল এ নিয়ে মন্তব্য প্রতিবেদনে বলেছে, চার বছরে যুক্তরাষ্ট্রের বিভক্তির বার্তায় প্রলেপ দিতে পেরেছেন জো বাইডেন। গণতন্ত্র, মানবাধিকার, নাগরিক অধিকারকে অবজ্ঞা করার বদলে যুক্তরাষ্ট্র এসব ক্ষেত্রে বিশ্বের নেতৃত্বের জায়গায় অবস্থান নিতে পারছে। এর সবই সম্ভব হচ্ছে প্রেসিডেন্ট জো বাইডেনের মতো একজন রাষ্ট্রনায়কের কারণে।

দেশ ও দেশের বাইরে গণতন্ত্র এবং মানবাধিকারের প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান খুবই দৃঢ়। দ্য হিল বলেছে, তাঁর এ অবস্থানের কারণেই বিশ্ব আজ ভালো জায়গায় অবস্থান করছে। গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর শাসনের মূল ভাবাদর্শের শীর্ষে সহমর্মিতা, গণতন্ত্র এবং মানবাধিকারকে স্থান দিয়েছেন। দেশের সীমান্ত দিয়ে আসা অভিবাসী থেকে শুরু করে, নাগরিক আন্দোলন, করোনা মহামারি পরবর্তী অর্থনৈতিক চাপে থাকা যুক্তরাষ্ট্রের জনগণসহ দেশের বাইরের ক্ষেত্রেও বাইডেন তাঁর অবস্থান স্পষ্ট করতে পেরেছেন।

ইতিহাসের নজিরবিহীন মহামারি থেকে বেরিয়ে আসার জন্য যুক্তরাষ্ট্রজুড়ে টিকাদানে যোগ্যতার পরিচয় দিতে পেরেছেন প্রেসিডেন্ট বাইডেন। তাঁর পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্প মহামারি নিয়ে নানা নাটকীয়তা করেছেন, মহামারি নিয়ে রাজনীতি করেছেন। এসব কারণে জনগণের মধ্যে সংশয় দেখা দিয়েছে। সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রকে ঐক্যবদ্ধ করতে ব্যর্থ হয়েছিলেন ট্রাম্প। বাইডেন দেশের অধিকাংশ মানুষকে এর মধ্যেই টিকার আওতায় নিয়ে আসতে পেরেছেন এবং নিজেদের চাহিদা সামাল দিয়ে বিশ্বের নেতৃত্বের দেশ হিসেবে এখন টিকা সহায়তা দেওয়া হচ্ছে বাইরের দেশগুলোতে।

সংগতভাবেই প্রেসিডেন্ট বাইডেন সম্প্রতি শিল্পোন্নত দেশগুলোর নেতাদের মঞ্চে মহামারি মোকাবিলায় যুক্তরাষ্ট্রর নেতৃত্ব প্রদানের কথা পুনর্ব্যক্ত করেছেন। এ কাজে দ্রুততার সঙ্গে হাত দিয়ে যুক্তরাষ্ট্রর প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা বৃদ্ধি করতে সক্ষম হয়েছেন।

ক্ষমতা গ্রহণের পর থেকে প্রেসিডেন্ট জো বাইডেনকে সব সময় অনগ্রসর লোকজনের পক্ষে শক্তভাবে কথা বলতে দেখা গেছে। দেশের অনগ্রসর দরিদ্র লোকজন, অর্থনৈতিক চাপে থাকা অল্প আয়ের কর্মজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষে যুক্তরাষ্ট্রর সর্বোচ্চ পর্যায় থেকে এমন জোরালো অবস্থান সাম্প্রতিক সময়ে দেখা যায়নি। ধনী ও লুটেরাদের বিরুদ্ধে কথা বলছেন প্রেসিডেন্ট বাইডেন, এ স্বার্থান্বেষী গোষ্ঠীর ওপর কর বৃদ্ধির কথা বলেছেন। এসব করে যুক্তরাষ্ট্রে গরিবের বন্ধু হয়ে উঠেছেন তিনি।

সারা বিশ্ব যখন জলবায়ু সমস্যা নিয়ে শঙ্কিত, বিপন্ন পৃথিবী রক্ষায় নানা উপায় উদ্ভাবনে তাড়িত, তখন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্ব সম্প্রদায়ের জলবায়ু সমস্যা সমাধানের প্রয়াস থেকে বেরিয়ে এসেছিলেন। প্রেসিডেন্ট বাইডেন শুধু জলবায়ু সমস্যা সমাধানের আন্তর্জাতিক প্রয়াসের সঙ্গে যুক্তই হননি, তিনি অভ্যন্তরীণ ক্ষেত্রে এ নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে শুরু করেছেন। জলবায়ু সংক্রান্ত সমস্যাগুলোকে দেখভালের জন্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরিকে নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

বাইডেন তাঁর বক্তব্যে প্রায়ই বলে থাকেন, বিশ্বজুড়ে গণতন্ত্র আর স্বৈরতন্ত্রের সংগ্রাম চলছে। লড়াই চলছে স্বাধীনতা বনাম কর্তৃত্ববাদের মধ্যে। দমন পীড়নের সঙ্গে লড়াই চলছে অধিকার প্রত্যাশী মানুষের, নাগরিক অধিকারের সঙ্গে গোঁড়ামির সংঘাত চলছে। অনগ্রসরদের অগ্রসর জীবনমান অর্জনে সহযোগিতার হাত প্রসারিত করার আহ্বান তিনি বারবার জানাচ্ছেন।

প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতায় এসে যে করোনা রিলিফ আইন প্রণয়ন করেছেন, সেখানে অনগ্রসর লোকজনকেই প্রাধান্য দেওয়া হয়েছে। ক্ষুদ্র ব্যবসা থেকে শুরু করে সাধারণ কর্মজীবীদের প্রাধান্য দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন একটি মানবিক অভিবাসনব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নিয়েছেন। সীমান্ত দিয়ে ভালো জীবনের আশায় আসা মানুষকে বিপদে ঠেলে দেওয়ার প্রয়াস থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে এসেছেন প্রেসিডেন্ট বাইডেন। লাখো অভিবাসীকে নিত্যদিনের সংশয় আর শঙ্কা থেকে রক্ষা করতে পেরেছেন। ওবামা কেয়ারের পক্ষে শক্ত অবস্থান গ্রহণ করে প্রেসিডেন্ট বাইডেন দেশের সব মানুষের জন্য চিকিৎসা সেবা নিশ্চিত রাখার প্রয়াস নিয়েছেন।

গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের আবহাওয়া উষ্ণ হওয়ার সঙ্গে সঙ্গে দেশজুড়ে আগ্নেয়াস্ত্র সহিংসতা বেড়ে গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রেসিডেন্ট বাইডেন সক্রিয় হয়েছেন। নগরীগুলোতে পুলিশের টহল বৃদ্ধি এবং কমিউনিটির সহযোগিতায় জননিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগ নিয়েছেন তিনি।

বাইডেনের ক্ষমতার ছয় মাসে সাফল্যের সূচনা নিয়েই এখন কথা হচ্ছে। যদিও বৈরিতা আর বিদ্বেষের ছায়া তাঁকেও তাড়া করছে। যুক্তরাষ্ট্রের অধিকাংশ লোকজন মনে করেন, প্রেসিডেন্ট জো বাইডেন দ্রুতই তাঁর পরিকাঠামো সংস্কার আইন, অভিবাসন সংস্কার আইন এবং আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নে সক্ষম হবেন। এসব নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেন তাঁর নৈতিক অবস্থান স্পষ্ট করতে সক্ষম হয়েছেন।

ট্রাম্পের অপশাসনে বিভ্রান্ত যুক্তরাষ্ট্রের জনগণের কাছে একজন রাষ্ট্রনেতার এমন অবস্থানই কাম্য ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন। যদিও রক্ষণশীল লোকজন এবং অপশাসকের সহযোগীদের বৈরিতা মোকাবিলা করে প্রেসিডেন্ট জো বাইডেন শেষ পর্যন্ত কতটা তাঁর সফলতা দেখাতে পারবেন, তা সময়ই বলে দেবে।