সঙ্গী যখন মুরগি

বুধবারের সকাল। যুক্তরাজ্যের উত্তর-পূর্বাঞ্চলীয় গেটসহেডের বৃদ্ধনিবাসের বড় ঘরটিতে জড়ো হয়ে বসেছেন কয়েকজন। তাঁদের মধ্যে আছেন উড গ্রিন নিবাসের তত্ত্বাবধায়ক লাইন ওয়াকার। সবার দৃষ্টি ঘরে রাখা প্লাস্টিকের ইনকিউবেটরটির দিকে। এই নিবাসে ‘হেন পাওয়ার’ নামের একটি প্রকল্প রয়েছে। প্রকল্পের অধীনে এই নিবাসে থাকা বৃদ্ধ-বৃদ্ধারা মুরগি পালেন। নিবাসের বাসিন্দা ডরেন রেইলটচন (৯০) বলছিলেন, ‘মুরগির বাচ্চাগুলো দেখেছেন? এখানে পাঁচটি আছে।’
এই বৃদ্ধার বন্ধু প্যাট কেইন (৭৯) বললেন, ‘দেখুন, এরা এক্কেবারে ছানা। তাই না?’ নিবাসের ৮৫ বছর বয়সী বাসিন্দা সাবেক প্রকৌশলী ওয়েন টার্নবুল বলছিলেন, এখন মোট ৪১টি বাচ্চা আছে। আলবার্ট হিব্বার্ট নামের আরেকজন হেসে বললেন, ‘আমি ওয়েনের সহযোগী। ওয়েন প্রতিদিন সকালে মুরগিগুলো বের করে। তাদের খাবার ও পানি দেয়। ওয়েন বস হিসেবে ভালো, কেননা সে মুরগিগুলোর বিষ্ঠাও পরিষ্কার করে।’
হেন পাওয়ার প্রকল্প এখন সফল একটি প্রকল্পে পরিণত হয়েছে। এই নিবাসের মোরগ-মুরগি পালনকারী বৃদ্ধ-বৃদ্ধারা রীতিমতো তারকা হয়ে গেছেন। তাঁরা বিভিন্ন নিবাসে গিয়ে তাঁদের সঙ্গীদের নিয়ে যান। রেডিও-টেলিভিশনের নানা অনুষ্ঠানেও ডাক পাচ্ছেন তাঁরা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কথা বলেছেন। স্থানীয় স্কুলেও তাঁরা মুরগিগুলো নিয়ে যান। স্কুলে গেলে নানা মজার প্রশ্ন শুনতে হয় তাঁদের। অ্যালান রিচার্ড যেমন বলছিলেন, একবার একটি স্কুলে এক বাচ্চা প্রশ্ন করল, ‘আচ্ছা, এক মুরগির কতগুলো পালক থাকে?’
হেন পাওয়ার প্রকল্প যুক্তরাজ্যের বিগ লটারি ফান্ডের কাছে থেকে ৯ লাখ ৯৩ হাজার পাউন্ড পেয়েছে। পুরো যুক্তরাজ্যে বৃদ্ধনিবাসে মুরগি পালনের চর্চা ছড়িয়ে দেওয়ার চেষ্টায় আছে তারা। এ ছাড়া অস্ট্রেলিয়ায় একটি পরীক্ষামূলক প্রকল্প নেওয়া হয়েছে। এ প্রকল্প শুরু করেছে ইকুয়াল আর্টস নামের একটি দাতব্য প্রতিষ্ঠান। ২০১২ সালে এর শুরু। সেখানে স্যাডন হাউস নামের একটি বৃদ্ধনিবাসে স্মৃতিভ্রংশের সমস্যায় আক্রান্ত এক বৃদ্ধকে নারীদের নামের একটি তালিকা বারবার পড়তে দেখা যেত। পরে দেখা গেল, এটি কোনো নারীর তালিকা নয়। বৃদ্ধ যে মুরগি পালন করতেন, এগুলো সেসব মুরগির নাম। এই নিবাসে কাজ করত ইকুয়াল আর্টস। তারা এরপর বৃদ্ধনিবাসে মুরগি পালনের প্রকল্পটি নেয়। প্রতিষ্ঠানটির পরিচালক ডগলাস হান্টার বলেন, ‘অনেকেরই এই কাজকে পাগলাটে ধরনের মনে হতে পারে। আমরা প্রথমে ভেবেছিলাম, ছয় মাসের পরীক্ষামূলক প্রকল্প নেব। কিন্তু দেখা গেল, এর প্রভাব যথেষ্ট।’