সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আ.লীগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা ও তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৪৯তম জন্মদিন পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ।
২৭ জুলাই রাতে নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করেন সংগঠনের নেতা-কর্মীরা। অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়ের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সামছুদ্দিন আজাদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ। অনুষ্ঠানে দেশ থেকে টেলিফোনের মাধ্যমে বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান।
সামছুদ্দিন আজাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়ের জন্যই আজকের বাংলাদেশ ডিজিটাল। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সরকারের বিভিন্ন ক্ষেত্রে এর সুবিধা ভোগ করছে বাংলাদেশের সাধারণ জনগণ।
আবদুস সামাদ আজাদ বলেন, ডিজিটাল বাংলাদেশের রূপকার, বঙ্গবন্ধুর দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ভিশন ৪১ এবং এর সুফল বাংলাদেশে প্রত্যন্ত অঞ্চলের মানুষ ভোগ করা শুরু করেছে।
অনুষ্ঠানে ড. মাসুদুল হাসান, মুজিবুল মওলা, নুরুল আমিন বাবু, সাখাওয়াত বিশ্বাস, আলী হোসেন গজনবী, আবদুল হামিদ, জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, আল আমিন আকন, কবির আলী, নান্টু মিয়া, শিবলী সাদিক, মাহফুজ হায়দার ও হেলাল মিয়াসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।