সতর্কবার্তা আমলে নেয়নি ভার্জিন গ্যালাকটিক?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) বলেছে, বিধ্বস্ত মহাকাশযান ‘স্পেসশিপটু’র অবতরণে ব্যবহৃত একটি যন্ত্রাংশ নির্দিষ্ট সময়ের আগেই সক্রিয় হয়েছিল। তবে দ্বিতীয় দিনের অনুসন্ধান শেষে এনটিএসবি এ-ও বলেছে, দুর্ঘটনার কারণ এখনো অজানা। খবর এএফপির।
ভার্জিন গ্যালাকটিক কোম্পানি স্পেসশিপটুর বিষয়ে কয়েক বছর ধরে সতর্কবার্তা পাওয়ার পরও তা আমলে নেয়নি বলে অভিযোগ করেছেন এক মহাকাশযান নিরাপত্তা বিশ্লেষক। নেদারল্যান্ডসভিত্তিক ইন্টার-ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব স্পেস সেফটির গবেষক ক্যারোলিন ক্যাম্পবেল গত রোববার বলেন, মহাকাশযানটির মোটর ও এর জ্বালানি নিয়ে ২০০৭ সাল থেকে তিনি কয়েক দফায় সতর্ক করেছেন। একবার মহাকাশযানটি পরীক্ষামূলকভাবে চালানোর সময় তিনজন প্রকৌশলীর মৃত্যুর পরই তিনি এই সতর্কবার্তা দেন।
ক্যাম্পবেল বলেন, ‘নাইট্রাস অক্সাইডের ব্যবহারের বিষয়ে সতর্কতা নিয়ে আমি লিখেছি। ভার্জিন গ্যালাকটিকের ক্ষেত্রে কী ঘটছে তা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। আমার লেখার একটি কপি ২০০৯ সালে আমি ভার্জিনের একাধিক লোককে পাঠিয়েছিলাম। কিন্তু ওঁরা এসব বিষয়কে পাত্তা দেননি।’
ভার্জিন গ্যালাকটিকের প্রতিষ্ঠাতা ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্র্যানসন অবশ্য বলেছেন, নিরাপত্তার বিষয়টি তাঁর প্রতিষ্ঠানের জন্য সব সময় অগ্রাধিকারের তালিকায় ছিল।