সনি হ্যাকিংয়ে উত্তর কোরিয়াই জড়িত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রযুক্তি ও বিনোদনজগতের নামী প্রতিষ্ঠান সনি করপোরেশনের কম্পিউটার নেটওয়ার্কে হ্যাকিংয়ের নেপথ্যে উত্তর কোরিয়া জড়িত বলে দাবি করছে যুক্তরাষ্ট্র। দেশটির তদন্ত কর্মকর্তারা এ ব্যাপারে ইঙ্গিত পেয়েছেন। মার্কিন সরকারি সূত্রগুলো গত বুধবার এ কথা জানিয়েছে। খবর রয়টার্সের।
মার্কিন সরকারের একটি সূত্র জানায়, উত্তর কোরিয়ার সরকার ওই সাইবার হামলায় ‘সহায়তা’ করেছে। মার্কিন তদন্ত কর্মকর্তাদের দেওয়া এই তথ্য জনসমক্ষে প্রকাশ করা হবে কি না, তা নিয়ে ওবামা প্রশাসনের অভ্যন্তরে বিতর্ক চলছে। সরকারি কর্মকর্তারা নাম অপ্রকাশিত রাখার শর্তে এ তথ্য দিয়েছেন। হ্যাকাররা সনির শীর্ষ কর্মকর্তাসহ কর্মীদের তথ্য সংগ্রহ করা ছাড়াও চলচ্চিত্রের চিত্রনাট্যসহ বহু উপাদান চুরি করেছে। নেটওয়ার্কে ব্যাপক সমস্যার কারণে প্রতিষ্ঠানটির কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়।
উত্তর কোরিয়ার পরিস্থিতি নিয়ে সনি দি ইন্টারভিউ নামে একটি বিদ্রূপাত্মক চলচ্চিত্র নির্মাণের কারণেই দেশটির হ্যাকাররা ভয়াবহ ওই সাইবার হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে। এতে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের বিরুদ্ধে আততায়ীর হামলার কাল্পনিক কাহিনি দেখানো হয়েছে।
এদিকে দি ইন্টারভিউ ছবিটি ২৫ ডিসেম্বর সিনেমা হলে মুক্তি দেওয়ার কথা থাকলেও তা স্থগিত করেছে সনি পিকচার্স। হ্যাকারদের হুমকির মুখে ছবিটি না দেখানোর সিদ্ধান্ত নেন মার্কিন প্রদর্শকেরা।