সনির হ্যাক হওয়া তথ্য ফাঁস করল উইকিলিকস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সনি পিকচার্স এন্টারটেইনমেন্টের হ্যাক হওয়া হাজারো ইমেইল ও তথ্য গত বৃহস্পতিবার প্রকাশ করেছে আলোচিত ওয়েবসাইট উইকিলিকস। প্রযুক্তি ও বিনোদনজগতের এ নামী প্রতিষ্ঠানের আর্কাইভে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর ও হলিউড ব্যক্তিত্বদের সঙ্গে কথোপকথনসহ বিভিন্ন তথ্য ছিল। সনি উইকিলিকসের এই কাজের কড়া সমালোচনা করেছে। খবর বিবিসি ও এএফপির।
যুক্তরাষ্ট্রভিত্তিক সনি গত বছরের নভেম্বরে উত্তর কোরিয়ার শীর্ষ নেতাকে নিয়ে দি ইন্টারভিউ নামে একটি বিদ্রূপাত্মক চলচ্চিত্র মুক্তি দেওয়ার কয়েক সপ্তাহ আগে সাইবার হামলার শিকার হয়। ওই ঘটনার জন্য যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে দায়ী করলেও দেশটি অভিযোগ প্রত্যাখ্যান করে। তবে তারা হামলাকে ‘নীতিগতভাবে সমর্থনযোগ্য কাজ’ আখ্যা দিয়ে এর প্রশংসা করেছিল। ওই হ্যাকিংয়ের পর একটি অপরিচিত প্রতিষ্ঠান একই ধরনের তথ্য অনলাইনে প্রকাশ করে।
উইকিলিকসের ওয়েবসাইটে বলা হয়, সনি পিকচার্সের ৩০ হাজার ২৮৭টি নথি এবং ২ হাজার ২০০-এর বেশি কোম্পানির সঙ্গে মেইল আদানপ্রদানের তথ্য তাদের কাছে রয়েছে। এক বিবৃতিতে উইকিলিকসের পক্ষ থেকে বলা হয়, ‘সনির আর্কাইভের ওই তথ্য থেকে বড় বহুজাতিক করপোরেশনের অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে দুর্লভ ধারণা পাওয়া সম্ভব।’
হোয়াইট হাউসের সঙ্গে দৃঢ় সম্পর্ক থাকা, আইন ও নীতিমালা পরিবর্তনে ভূমিকা রাখার সক্ষমতা এবং মার্কিন সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে সম্পর্ক থাকার কথা উল্লেখ করে উইকিলিকস সনিকে প্রভাবশালী প্রতিষ্ঠান হিসেবে বর্ণনা করেছে।
সনি এসব তথ্য প্রকাশ করার জন্য উইকিলিকসের ‘কঠোর নিন্দা’ করেছে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘ওই তথ্য সর্বসাধারণের জানার অধিকার রয়েছে—উইকিলিকসের এমন দাবির ব্যাপারে আমরা প্রবলভাবে দ্বিমত পোষণ করি।’
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ আত্মপক্ষ সমর্থন করে বলেন, এই তথ্যের মাধ্যমে বহুজাতিক একটি কোম্পানির অভ্যন্তরীণ কর্মকাণ্ড সম্পর্কে জানা যায়।