সন্তান দত্তক নিয়ে কথা বলতে গোপন বৈঠক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামবুর্গে জি–২০ সম্মেলনের এক ফাঁকে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় l এএফপি
হামবুর্গে জি–২০ সম্মেলনের এক ফাঁকে ট্রাম্প ও পুতিনের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় l এএফপি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন বৈঠকের কথা স্বীকার করেছেন। তবে তিনি বলেছেন, তাঁদের বৈঠকে রুশ শিশু দত্তকের বিষয় নিয়ে কথা হয়েছে। সত্যিকার অর্থে এটি ছিল খুব মজার আলোচনা।
১৯ জুলাই নিউইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। গত ১৮ জুলাই বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে এ বিষয়ক তথ্য প্রকাশের আগ পর্যন্ত বৈঠকটির প্রসঙ্গ সম্পূর্ণ চেপে গিয়েছিল হোয়াইট হাউস। ওই দিন এক হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে ট্রাম্প-পুতিন এ গোপন বৈঠকের তথ্য প্রকাশ করা হয়।
জার্মানির হামবুর্গে সম্প্রতি অনুষ্ঠিত জি-২০ সম্মেলনের একফাঁকে বৈঠকে প্রথমবারের মতো মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ৭ জুলাই অনুষ্ঠিত সোয়া দুই ঘণ্টার এ বৈঠক নিয়ে এমনিতেই রয়েছে নানা আলোচনা। এর সঙ্গে নতুন করে যোগ হয়েছে ট্রাম্প-পুতিন গোপন বৈঠকের সংবাদ। প্রথম বৈঠকটির কয়েক ঘণ্টার মধ্যেই দ্বিতীয় এই বৈঠকটি হয়, যেখানে অন্য কোনো মার্কিন কর্মকর্তা কিংবা দোভাষী উপস্থিত ছিলেন না। দুই নেতার মধ্যে আলোচনা চালিয়ে নিতে আনুমানিক ঘণ্টাব্যাপী ওই বৈঠকে শুধু একজন রুশ দোভাষী উপস্থিত ছিলেন।
হোয়াইট হাউস কর্মকর্তার বরাতে বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে দ্বিতীয় এই বৈঠক প্রায় এক ঘণ্টা স্থায়ী ছিল বলে উল্লেখ করা হলেও নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘এটি কোনো দীর্ঘ আলোচনা ছিল না। সর্বোচ্চ ১৫ মিনিট বৈঠক হয়েছিল। সত্যিকার অর্থে এটি ছিল খুব মজার আলোচনা। আমরা শিশু দত্তকের বিষয়ে কথা বলছিলাম।’
আমেরিকায় রুশ শিশু দত্তকের ওপর রাশিয়ার সরকার চার বছর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এই নিষেধাজ্ঞার কারণে মার্কিন কোনো দম্পতি রুশ শিশু দত্তক নিতে পারে না।
এর আগে গোপন এই বৈঠকের বিষয়টি হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন বলে ১৮ জুলাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যমগুলো। হোয়াইট হাউস কর্মকর্তার বরাত দিয়ে সিএনএনের প্রতিবেদনে বলা হয়, দুই নেতার অনির্ধারিত গোপন বৈঠকটির কথা এর আগে প্রকাশ করা হয়নি। ওই বৈঠকে পুতিন ও ট্রাম্পের সঙ্গে একজন রুশ দোভাষী উপস্থিত ছিলেন। তবে এ বৈঠকের ব্যাপ্তি কত ছিল বা এতে ঠিক কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে তিনি কিছু জানাতে পারেননি।
ট্রাম্প-পুতিন গোপন এই বৈঠকের বিষয়টি প্রথম সামনে আনেন ওয়াশিংটনভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ইউরেশিয়া গ্রুপের প্রেসিডেন্ট ইয়ান ব্রেমার। জি-২০ সম্মেলনে যোগ দেওয়া নেতাদের সম্মানে আয়োজিত নৈশভোজের সময় দুই নেতা এই বৈঠক করেন বলে জানান ব্রেমার। এ বিষয়ে তিনি নিউইয়র্ক টাইমসকে বলেন, ‘সেখানে উপস্থিত সবাই এ ঘটনায় বিস্মিত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের আচরণে এটা মনে হয়েছে যে তিনি পুতিনের সঙ্গে তাঁর ব্যক্তিগত সুসম্পর্কের বিষয়টি সবাইকে জানাতে বা বোঝাতে চাইছেন।’
ব্রেমার বলেন, ‘পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে মার্কিন পক্ষের কোনো দোভাষী ছাড়াই। এটি নিঃসন্দেহে জাতীয় নিরাপত্তা প্রটোকলের লঙ্ঘন। এ বিষয়ে প্রেসিডেন্ট অবহিত কি না, সে বিষয়টি অবশ্য কেউ নিশ্চিত নয়।’
তবে যথারীতি ট্রাম্প-পুতিন গোপন এই বৈঠকের বিষয়টি অস্বীকার করেছে হোয়াইট হাউস ও ক্রেমলিন। এ ধরনের তথ্যকে দুই পক্ষই ‘বানোয়াট ও অসুস্থ’ বলে অভিহিত করেছে। এক টুইটার পোস্টের মাধ্যমে এ বিষয়ে নিজের অভিমত আগেই ব্যক্ত করেছিলেন ট্রাম্প। টুইটারে দেওয়া ওই প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, ‘পুতিনের সঙ্গে গোপন বৈঠক বিষয়ক যে ভুয়া তথ্য সংবাদমাধ্যমে এসেছে, তা অসুস্থতা ছাড়া আর কিছু নয়। জার্মান চ্যান্সেলরের আমন্ত্রণে সব জি-২০ নেতা তাঁদের সঙ্গীদের নিয়ে ওই নৈশভোজে যোগ দিয়েছিলেন। সংবাদমাধ্যমগুলোও এটি জানে।’ পরের আরেক টুইটে তিনি বলেন, ‘এসব ভুয়া সংবাদমাধ্যম দিন দিন আরও অসৎ হয়ে উঠছে। এমনকি একটি নৈশভোজকেও তারা অশুভ হিসেবে দেখছে।
ট্রাম্পের এই প্রতিক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখেই প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ১৯ জুলাই রুশ পার্লামেন্টের উচ্চকক্ষের তথ্যনীতিবিষয়ক বিভাগের চেয়ারম্যান আলেক্সেই পুশকভ বলেন, ‘এমন কোনো গোপন বৈঠক অনুষ্ঠিত হয়নি। এ ধরনের দাবি যারা করছে, তারা অসুস্থ।’
এ বিষয়ে হোয়াইট হাউসের মুখপাত্র শন স্পাইসার বলেন, এটি ছিল নৈশভোজের সময় পুতিনের সঙ্গে হওয়া অত্যন্ত সংক্ষিপ্ত আলোচনা। বিশ্বনেতাদের সঙ্গে কুশলবিনিময়ের দায়িত্বের অংশ হিসেবেই দুই নেতা পরস্পরের সঙ্গে কথা বলেন। একে কোনোভাবেই দ্বিতীয় বা গোপন বৈঠক হিসেবে উল্লেখ করা যায় না। হোয়াইট হাউস কথিত দ্বিতীয় বৈঠকের বিষয়টি গোপন করেছে—এমন দাবি শুধু বানোয়াটই নয়, হাস্যকরও।
মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন বলেন, ‘নৈশভোজের সময় হওয়া আলাপকে বৈঠক হিসেবে উল্লেখ করার কোনো যৌক্তিকতাই নেই।’
সিএনএনের সামরিক ও কূটনৈতিক বিশ্লেষক জন কিরবি দ্বিতীয় এ বৈঠককে মার্কিন নিরাপত্তার জন্য নেতিবাচক বলে মনে করছেন। ওবামা প্রশাসনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, ‘ছোট ও অনানুষ্ঠানিক আলোচনা হরহামেশাই হয়। মাঝেমধ্যে এসব আলোচনায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ও উঠে আসে। কিন্তু কথিত এ বৈঠক নিয়ে বেশ কিছু সংকট রয়েছে। কারণ যত সংক্ষিপ্তই হোক, বিশেষ করে পুতিনের সঙ্গে আলোচনার ক্ষেত্রে অন্তত একজন জাতীয় নিরাপত্তা কর্মকর্তা ও একজন দোভাষী উপস্থিত থাকা প্রয়োজন ছিল। কিন্তু ছিল না। ফলে ওই আলোচনার কোনো তথ্য আমাদের কাছে নেই।’
তবে ওই নৈশভোজে শীর্ষ নেতারা ছাড়া কোনো দেশেরই কোনো কর্মকর্তা উপস্থিত ছিলেন না বলে জানান অ্যান্টন। কিন্তু দোভাষীরা ছিলেন।