সন্তান রেখেই আমেরিকা ছাড়লেন ৪৬৩ বাবা-মা
অভিবাসী বাবা-মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন সন্তানদের ২৬ জুলাইয়ের মধ্যে পরিবারের সঙ্গে পুনরায় একত্রীকরণের নির্দেশ রয়েছে ফেডারেল আদালতের। এ বিষয়ে ট্রাম্প প্রশাসনকে কঠোর নির্দেশ দিয়েছেন আদালত। সময় পেরিয়ে গেলেও আদালতের নির্দেশের প্রতি খুব একটা গুরুত্ব দেয়নি ট্রাম্প প্রশাসন। ২৫ জুলাই তারা জানিয়েছে অন্তত ৪৬৩ পরিবারকে তারা একত্র করতে পারছে না।
সরকার পক্ষের আইনজীবী ২৫ জুলাই এক ফেডারেল আদালতকে জানান, নির্ধারিত সময়ের মধ্যে কয়েক শ পরিবারকে পুনরায় একত্র করা সম্ভব হচ্ছে না। সাড়ে চার শর বেশি পরিবারের মা-বাবা এরই মধ্যে আমেরিকা ছেড়ে গেছেন। তাদের সীমান্ত কিংবা আটককেন্দ্র থেকে বহিষ্কার করা হয়েছে কিনা সে বিষয়ে অবশ্য সরকার পক্ষের আইনজীবীরা আদালতে সুস্পষ্ট কোনো তথ্য দিতে পারেননি।
মেক্সিকো সীমান্তে অভিবাসন বিষয়ে
‘শূন্য সহনশীলতা’ নীতি থেকে প্রতিবাদের মুখে সরে এসেছে ট্রাম্প প্রশাসন। বিশেষত অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন করার নীতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে। দেশব্যাপী শুরু হওয়া তীব্র সমালোচনা ও আদালতের নির্দেশে এই নীতি পরিবর্তন করে প্রশাসন।
আদালতের এই নির্দেশের পর বিচ্ছিন্ন শিশুদের নিজ পরিবারে ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করা হয়। এ ক্ষেত্রে প্রশাসন সঠিক পথেই আছে বলে ২৪ জুলাই জানান সরকার পক্ষের আইনজীবী। প্রশাসন বলছে, অল্প সময়ের মধ্যে বিচ্ছিন্ন পরিবার একত্রীকরণে ব্যাপক সাফল্য পেয়েছে তারা। কিন্তু আদতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। অন্তত আদালতে দেওয়া বক্তব্যে বাস্তব অবস্থাটি পরিষ্কার হয়েছে পুরোপুরি।
আদালতে ২৫ জুলাই দেওয়া বক্তব্যে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বিচ্ছিন্ন পরিবারগুলোকে একত্র করতে গিয়ে ব্যাপক সংকট মোকাবিলা করতে হচ্ছে। ৪৬৩ পরিবার এরই মধ্যে আমেরিকা ছেড়ে গিয়েছে, যাদের সন্তানেরা এখনো এখানে অবস্থান করছে। এই সংখ্যাটিই যথার্থ কিনা তা এখন প্রশাসন খতিয়ে দেখছে।
২৩ জুলাই সরকার ও আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়নের (এসিএলইউ) দেওয়া তথ্যমতে, এখন পর্যন্ত সন্তানদের সঙ্গে পুনরায় একত্রিত হতে পেরেছে মাত্র ৮৭৯ পরিবার। অর্থাৎ এখনো বিপুলসংখ্যক পরিবারের সদস্যরা আলাদা থাকতে বাধ্য হচ্ছেন। এর আগে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে আদালতের বেঁধে দেওয়া সময়ও লঙ্ঘন করেছিল প্রশাসন। সেই সময় প্রশাসন জানিয়েছিল, শতাধিক শিশুকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব নয়। কারণ তাদের পরবার এরই মধ্যে আমেরিকা ছেড়ে গিয়েছে।
বিবিসির খবরে বলা হয়, এই সব মা-বাবাকে জোর করে আমেরিকা ছাড়তে বাধ্য করা হয়েছে কিনা সে বিষয়টি নিশ্চিত নয়। আবার স্বেচ্ছায় আমেরিকা ছাড়লেও, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এরই মধ্যে মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে জানা গেছে, আটক বিভিন্ন অভিবাসী পরিবারকে তাদের সন্তানের সঙ্গে মিলতে হলে, স্বেচ্ছায় আমেরিকা ছাড়তে ইচ্ছুক মর্মে একটি ফরমে সই করতে বলছে প্রশাসনের কর্মকর্তারা।
এদিকে ২৫ জুলাই এসিএলইউ আদালতে নতুন একটি আবেদন জমা পড়েছে। এতে বলা হয়েছে, সন্তানদের সঙ্গে পুনরায় একত্রিত হওয়ার পর অন্তত এক সপ্তাহ যেন পরিবারগুলোকে বহিষ্কার করা না হয়। এত দিন এ ক্ষেত্রে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হতো। এই সময়ের মধ্যেই পরিবারগুলোকে সিদ্ধান্ত নিতে হতো, যে তারা আমেরিকা ছেড়ে যেতে চায়, নাকি সন্তানদের এখানে রেখেই আশ্রয় প্রার্থনা অব্যাহত রাখতে চায়। এ সময় বাড়ানোর আবেদন করেছে এসিএলইউ। কিন্তু সরকার পক্ষ পাল্টা আবেদনে এই সময় আরও কমিয়ে আনার আবেদন করেছে। এ ক্ষেত্রে দীর্ঘ সময় আটককেন্দ্রে রাখলে বেশি অর্থ ব্যয় হওয়ার বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছে।