সন্তানকে উত্ত্যক্ত করলে মা-বাবার জেল হবে
কোনো শিশুকে অন্য কোনো শিশু উত্ত্যক্ত করলে শাস্তির ব্যবস্থা করে একটি নতুন আইন হয়েছে নিউইয়র্কে। এ ক্ষেত্রে শাস্তি হিসেবে উত্ত্যক্তকারী শিশুর মা-বাবাকে কারাভোগ করতে হবে। পশ্চিম নিউইয়র্কের নিয়াগারা কাউন্টিতে সম্প্রতি এ ধরনের একটি আইন পাস হয়েছে। ১ অক্টোবর নতুন এ আইন পাস হয়েছে।
নিয়াগারা কাউন্টির নর্থ তোনাওয়ান্ডা কমন কাউন্সিল এ আইন পাস করে। এ বিষয়ে কাউন্সিলের সদস্যরা বলেন, এ আইন মা-বাবাকে তাঁদের সন্তানের বিষয়ে সচেতন করে তুলবে, যা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রমবর্ধমান বুলিং বা উত্ত্যক্তকরণের সংকট মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে। উত্ত্যক্তকরণ অপরাধ ছাড়াও শহরের যেকোনো আইন ভঙ্গ করলে ১৮ বছরের কম বয়সী শিশুদের মা-বাবাকে আড়াই শ ডলার জরিমানা ও ৯০ দিনের মধ্যে সর্বোচ্চ দুবারে মোট ১৫ দিন কারাভোগ করতে হবে।
এ বিষয়ে নর্থ তোনাওয়ান্ডা কর্তৃপক্ষ এনবিসি নিউজকে জানায়, মূলত শিশুদের মধ্যে উত্ত্যক্ত করার ঘটনা অনেক বেড়ে যাওয়াতেই এ ধরনের একটি আইন করতে হয়েছে। এটি এ ধরনের অপরাধ মোকাবিলায় সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।