সন্তানদের সঠিক দিক্নির্দেশনা দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যার অন্ত নেই বাংলাদেশে। কৃষির উন্নয়নে সমস্যা। শিল্পায়ন সম্ভব হয়নি, সমস্যা। পানি সেচের উন্নয়ন ও বন্যা নিয়ন্ত্রণ সম্ভব হয়নি, সমস্যা। যোগাযোগ ব্যবস্থা যথার্থ নয়, সমস্যা। সামাজিক নিরাপত্তা নেই, সমস্যা। রাজনৈতিক অস্থিরতা মানুষের শান্তি কেড়ে নিচ্ছে, সমস্যা। প্রশাসনে দুর্নীতি, সমস্যা। অসাধু ব্যবসায়ীরা শিশু খাদ্যে ভেজাল দিচ্ছে, সমস্যা। যখন-তখন নারীজাতি যত্রতত্র ধর্ষিত হচ্ছে, সমস্যা। লাখ লাখ মানুষ নিরন্ন, বেকার, সমস্যা। শিক্ষাক্ষেত্রে অরাজকতা, সমস্যা। প্রতিনিয়ত ভালোবাসার মৃত্যু ঘটছে, সমস্যা। সমাজ থেকে দ্রুত মূল্যবোধ অপসৃত হচ্ছে, সমস্যা। অসম অর্থ বণ্টনে গরিব আরও গরিব হচ্ছে, ধনী আরও ধনী হচ্ছে, সমস্যা। অর্থনীতির স্বাধীনতা না থাকায় রাষ্ট্রীয় সম্পদের ওপর মানুষের দাবি নেই, সমস্যা।
অসংখ্য রকমের সমস্যা আমাদের দেশের মানুষের রাতের ঘুম কেড়ে নিয়েছে। কেড়ে নিয়েছে জীবনের সুখ-শান্তি, আনন্দ-ভালোবাসা। প্রতিদিন পথচারী যন্ত্রদানবের চাকায় পিষ্ট হচ্ছে, মৃত্যুর ক্রন্দনের রোল আকাশ বাতাসকে পরিব্যাপ্ত করে রেখেছে। মানুষ দীর্ঘশ্বাস ছেড়ে অসহায় চোখে শূন্যে তাকিয়ে আছে-কোনো ভরসা নেই। এ ভয়ংকর সমস্যার মধ্যে আরও একটি বড় সমস্যা মাথা চাড়া দিয়ে উঠেছে। এ সাংঘাতিক সমস্যাটি এসেছে মধ্যবিত্ত, নিম্নমধ্যবিত্ত, বস্তি ও শিল্পাঞ্চলের সমাজ থেকে। এ ভয়ংকর সমস্যা ছাত্র-ছাত্রী, কিশোর-কিশোরী যাদের বয়স চৌদ্দ থেকে কুড়ির মধ্যে।
চৌদ্দ বছরের কিশোর-কিশোরীও আজ অপরাধ জগতের চরিত্র। যাদের বয়স পনেরো, ষোলো, সতেরো, আঠারো, উনিশ বা কুড়ি—তাদের অনেকেই অপরাধ জগতের নারকীয় কর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে, যার পরিণতি ভয়ংকর। নিরপরাধ কিশোর-কিশোরী অজ্ঞাতসারে বীভত্স পাপের জগতে ডুবে যাচ্ছে, সেখান থেকে উঠে আসা সম্ভব হচ্ছে না। মধ্যবিত্তের বাবা-মায়ের চোখ নিদ্রাহীন। চৌদ্দ থেকে কুড়ি বছরের ছেলেমেয়েরা কেন সমাজের বড় সমস্যা, সে আলোচনাই করার চেষ্টা করব এখানে।
বড় সংখ্যার কিশোর–কিশোরী ও তরুণ–তরুণী অপরাধ জগতের শিকার হচ্ছে। মনস্তত্ত্ব বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই, এই বয়সটি জীবনের একটি গুরুত্বপূর্ণ স্তর। ঠিক এই জায়গা থেকে যাত্রা শুরু করে অন্য একটি স্তরে পৌঁছানো খুব কঠিন। অর্থাৎ চৌদ্দ-স্তর থেকে যাত্রা শুরু করে কুড়ি-স্তর অতিক্রম করে একুশের স্তরে পৌঁছানো ভীষণ কঠিন। এটি একটি পিচ্ছিল ও বিপৎসংকুল পথ। এ বয়সে যেসব লক্ষণ দেখতে পাই সে সবের মধ্যে দুটি প্রধান হচ্ছে, *তীব্র কৌতূহলের সঙ্গে একটি অনুসন্ধিৎসু মন, *কল্পনাকে বাস্তবে রূপ দিতে পরীক্ষা-নিরীক্ষা চালানো।
মনোবিজ্ঞান বলে থাকে, মানুষ মাত্রই কৌতূহলী। বয়স বৃদ্ধি ও অভিজ্ঞতা সঞ্চয়ের সঙ্গে সঙ্গে কৌতূহলী মনকে সংযমে রাখার প্রচেষ্টা থাকে। এ সংযমী হওয়ার ইচ্ছাকে বশে রাখতে বুদ্ধির একটি বড় ভূমিকা আছে। কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর মধ্যে সংযমশক্তির ভীষণ অভাব। এদের মধ্যে বুদ্ধি সংযমের লাগাম টেনে ধরে রাখতে বেশির ভাগ ক্ষেত্রেই ব্যর্থ হয়। এ বয়সের মনকে বিশ্লেষণ করলে আরও অদ্ভুত ধর্মের সন্ধান মিলে। এসব অদ্ভুত ধর্ম যেমন বুদ্ধির দ্বারা পরিচালিত হয় না, আবার এসব ধর্মকে বাস্তবে রূপ দিতে বুদ্ধির সাহায্যও দরকার। তার মানে বুদ্ধির ভূমিকা আছে। সে বুদ্ধিকে এ বয়সের ছেলেমেয়েরা পরীক্ষামূলক কাজে ব্যয় করছে।
প্রাকৃতিক নিয়মেই এ বয়সের ছেলেমেয়েদের মধ্যে যৌন চেতনার উন্মেষ ঘটে। এ নিয়ে কৌতূহল অনেক সময় এদের অপরাধের দিকে ঠেলে নিয়ে যায়। আজ থেকে ৪০–৪২ বছর আগে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীর মধ্যে প্রেমের ভাবটা ছিল। একজন আরেকজনকে গভীরভাবে ভালোবাসত। সেই ভালোবাসার মধ্যেও দৈহিক কামনার আকর্ষণ ছিল, তবে মূল্যবোধও ছিল। যার জন্য যৌন সংসর্গ বেশি প্রাধান্য পেত না।
আমার মনে হয়, মানসিকতার বিচারে সেকাল ও একালের মধ্যে কোনো পার্থক্য নেই। সে সময়ে কিশোর-–তরুণকে উদ্দীপিত করার পরিবেশের অভাব ছিল। শিক্ষার বাতাবরণ ছিল, নিয়মের প্রাচীর ছিল, চলচ্চিত্রের আনন্দ পাওয়ার অধিকার সীমিত ছিল, টিভি, স্যাটেলাইট আবিষ্কার হয়নি। এসব ভালো প্রতিবন্ধকতা থাকায় সেকালের কিশোর-কিশোরী ও তরুণ–তরুণী যৌনঘটিত অপরাধ কম করত। সামাজিক পারিপার্শ্বিক প্রতিবন্ধকতা সেকালের কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের বিপৎসংকুল পথ অতিক্রম করতে সাহায্য করত।
প্রাকৃতিক নিয়মের ভেতর দিয়েই ছেলেমেয়ে বেড়ে উঠে। বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে অঙ্গপ্রত্যঙ্গের বিকাশও ঘটে। অঙ্গপ্রত্যঙ্গের বিকাশের সঙ্গে মানসিক অনুভূতিরও প্রকাশ ঘটে। এভাবে
পূর্ণতার দিকে দেহ-মন যদি এগোতে পারত এবং কোনো বাধা
না পেত, তবে অপরাধের জন্মই হতো না, কিন্তু এরা বর্তমান সমাজে এ বয়সেই ভোগের দিকে ছুটে চলেছে। আমাদের
বেশির ভাগ কিশোর-তরুণ বেশির ভাগ সময় যৌন চিন্তায় মগ্ন থাকে। কী করে এবং কী কৌশলে কিশোরী-তরুণীকে ভোগ করা যায়—এ ভয়ংকর ভাবনায় ডুবে থাকে তারা এবং সুযোগের সন্ধান করে।
এ স্বার্থপরতার জন্য একান্নবর্তী পরিবার ভেঙে যাচ্ছে। অর্থনৈতিক সচ্ছলতা না থাকায় জন্মনিয়ন্ত্রণ এসেছে। জন্মনিয়ন্ত্রণের জন্য শিক্ষিত বেশির ভাগ দম্পতির একটি বা দুটি করে সন্তান। বাবা-মা দুজনই চাকরি করে। ঘর ফাঁকা। ছেলে বা মেয়ে একা থাকে। এ একা থাকার সুযোগটা ছেলেমেয়েরা গ্রহণ করে থাকে অনেক ক্ষেত্রে। এরা অসংযত, অস্থির পরায়ণ ও তীব্র কৌতূহলী। সে জন্য অপরাধমূলক কাজ এরা মুহূর্তের মধ্যেই করে ফেলে।
এবার প্রশ্ন, এরা কেন ভয়ংকর অপরাধ করে? অথবা এ ভয়ংকর অপরাধ করার উদ্দীপক কারণগুলো কি? এখন পর্যালোচনা করে দেখি, এসব পবিত্র বা সোনার টুকরো ছেলেমেয়েরা কেন এ পাপ কাজের দিকে এগিয়ে যাচ্ছে, কিসের হাতছানি এদের বিপথগামী করছে? যে বয়স থেকে সংযম গড়ে উঠে, সংযমী হওয়ার অভ্যাস প্রতিদিন করতে হয়, ঠিক সে বয়সেই এদের কাছে উত্তেজক আহার সমাজ প্রতিনিয়ত জোগান দিচ্ছে, তারা দিশেহারা হয়ে যাচ্ছে। হিতাহিত জ্ঞান হারিয়ে খারাপ কাজে ডুবে যাচ্ছে।
এ উদ্দীপক উপাদানগুলো কি? কোথা থেকে আসছে, সেটাই দেখা যাক। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, আকাশ সংস্কৃতি একটি ভয়ংকর বিপজ্জনক মাধ্যম। আকাশ সংস্কৃতি উদ্দীপক উপাদানের একটি জ্বলন্ত উপাদান। সংখ্যাতত্ত্বের বিচারে একটি, কিন্তু ক্ষতির পরিমাপকে বিচার করলে হাজারটি ক্ষতিকারক মাধ্যমের ভূমিকা একটি মাধ্যমের মধ্য দিয়েই প্রতিফলিত হচ্ছে। ভারতীয় চ্যানেলে হিন্দি ছবি বা যে সব ধারাবাহিক দেখানো হয়, তার ভেতর থেকে উগ্র যৌনতাকে ছেলেমেয়েরা গ্রহণ করে। যেসব সিনেমা দূরদর্শনে পরিবেশিত হয়, তার মধ্যে থাকে কামনা-বাসনা এবং দেহভোগের নানা ছল-কলা, যা ছেলেমেয়েদের মনকে বিষাক্ত করে। তারা স্থির থাকতে পারে না, পাপের দিকে পা বাড়ায়।
প্রতিদিন যদি কিশোর-তরুণ এবং কিশোরী-তরুণী পর্দায় দেখে নায়ক-নায়িকাকে চুম্বন করছে, কিংবা অর্ধ-উলঙ্গ দেহে বার বা হোটেলে নাচ করছে কিংবা খলনায়ক কোনো নারীকে জোর করে ধর্ষণ করছে, তখন ওই ছেলেমেয়ের মধ্যে কি প্রতিক্রিয়া হবে? আমরা সহজেই অনুমান করতে পারি, ওই একই দৃশ্য তাদের মনের কামনাকে প্রজ্বলিত করবে। তারা অস্থির হয়ে উঠবে এবং সুযোগ তৈরি করে পাপ কাজ করবে এবং করছেও। টেলিভিশনে যেসব নগ্ন বিজ্ঞাপন দেখানো হয়, তা শুধু কিশোর-তরুণ এবং কিশোরী-তরুণীদের ক্ষতি করছে না, ক্ষতি করছে শিশুদেরও। ছবিগুলো শিশুর অবচেতন মনে জমে থাকছে, পরবর্তীতে শিশু সে জমাকৃত ছবি বাস্তবের সংঘাতে চেতন মনে উঠে আসবে, যা জীবনের পক্ষে প্রচণ্ড ক্ষতিকারক।
সরকারি ছাড়াও বেসরকারি চ্যানেল রয়েছে। অসংখ্য চ্যানেল। দিন–রাতে এসব চ্যানেলে যা দেখানো হয়, তা দু শ কিলোমিটার বেগের ঝড়ের চেয়েও ভয়ংকর ও ক্ষতিকারক। রাতভর ওই সব চ্যানেল চলে অর্ধ উলঙ্গ নৃত্য-যৌন ব্যভিচারের নানা দৃশ্য প্রদর্শিত হচ্ছে, যা কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীকে বিকৃত যৌন চেতনার মধ্যে ঠেলে দেয়।
এ তো গেল দেহকেন্দ্রিক পাপ বা অপরাধ। দেহগত পাপের পাশাপাশি ছেলেমেয়েদের মধ্যে খুন বা হত্যা করার প্রবণতাও তৈরি হয়ে যায়। আমি আলোচনার শুরুতেই বলেছি, কল্পনাকে বাস্তবায়িত করতে এসব ছেলেমেয়ে রীতিমতো পরীক্ষা-নিরীক্ষা চালায়। রুপালি পর্দায় যে কাল্পনিক খুনের দৃশ্য দেখানো হয়, যাকে সাধারণভাবে বাস্তবায়িত করা অসম্ভব, সে অসম্ভবকে এসব ছেলেমেয়ে করে সম্ভব। ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে এরা খুন করে। এ খুন করার মানসিকতার জন্মদাতা ওই স্যাটেলাইট চ্যানেলের অনুষ্ঠান। খুনের সংখ্যা ও দেহগত পাপের পরিমাণ ভীষণভাবে বেড়ে চলেছে। এভাবে চলতে থাকলে সমাজ পাপে তলিয়ে যাবে।
যেসব কারণ আলোচনা করলাম, সেসব ছাড়াও অন্য কারণও আছে। অন্যান্য কারণ সংক্ষেপে বিবৃত করছি। বেশ কয়েক বছর আগেও ছাত্র-শিক্ষকের সম্পর্ক গুরু-শিষ্যের মত ছিল। ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকাকে অত্যন্ত সমীহ করত এবং সঙ্গে থাকত ভক্তি মিশ্রিত শ্রদ্ধা। আজকাল আগের মতো আদর্শবান শিক্ষকের বড় অভাব, অভাব আদর্শবতী শিক্ষয়িত্রীর। নিয়ম ও শৃঙ্খলাপরায়ণ বিদ্যালয়েরও অভাব। অভাব আদর্শ পিতা-মাতার, অভাব ব্যক্তিত্বপূর্ণ অভিভাবকের। এখন দেখি শিক্ষকেরা ভাই হয়ে গেছে। ভাইয়েরা যত্রতত্র কোচিং খুলে বসে আছে। অমুক ভাইয়ের কোচিংয়ে না পড়লে সব বিষয়ে ভালো নম্বর পাওয়া যাবে না, সে জন্য চল অমুক ভাইদের কোচিংয়ে। নিয়ম-শৃঙ্খলার বালাই নেই। কোচিংয়ে যাওয়ার বাহানা করে ছেলেমেয়েরা অকালে-অসময়ে পাপের ঘরে প্রবেশ করছে এমনও দেখা যায়।
সরকারি শিক্ষানীতি চালু থাকলেও ব্যবস্থার প্রতি উদাসীন। একজোট হয়ে শিক্ষা ক্ষেত্রে বিশৃঙ্খলা নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে। তারা সরল কিশোর-কিশোরী, তরুণ-তরুণীদের নিয়ে রাজনৈতিক মিছিল করছে, আন্দোলন করছে—যার পরিণতি ছাত্র সমাজের অধঃপতন। এ কারণেই নিয়ম-শৃঙ্খলা এবং মূল্যবোধের নিম্নগামী যাত্রা শুরু হলো, আজ মূল্যবোধ বইয়ের মধ্যে একটি ‘শব্দ’ হয়ে বেঁচে আছে। শুধু কোনো একটি কারণের জন্য কিশোর-কিশোরী ও তরুণ-তরুণী অপরাধ জগতের বাসিন্দা হচ্ছে না, যৌথ কারণের জন্যই তারা অন্ধকারে ডুবে যাচ্ছে। এর প্রতিকারের কথা সুধী সমাজ নিশ্চয়ই ভাবছেন, ভাবছেন শিক্ষাবিদ ও সমাজ বিজ্ঞানীরা, ভাবছেন রাষ্ট্রনায়কেরা।
লেখাটি শেষ করার আগে পিতামাতা, অভিভাবক এবং কলেজ/বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে যাঁরা আছেন, তাঁদের একটি বিষয় স্মরণ করিয়ে দিতে চাই। তা হলো, আবাসিক বিদ্যালয় ও হল সমূহ। এসব বিদ্যালয়/হলে পড়াশোনা ও মানুষ হওয়ার সুন্দর বাতাবরণ যদি তৈরি করা যায়, যদি প্রতিনিয়ত ছাত্র-ছাত্রীদের ভালোর দিকে চলার দিক্‌নির্দেশনা থাকে, চরিত্র গঠনের পরিবেশ থাকে, তাহলে কোন ছেলেমেয়েই পিচ্ছিল পথে যাবে না। সব ছেলেমেয়ে মানুষের মত মানুষ হয়ে উঠবে, এটুকু আশা কি আমরা করতে পারি না?