সন্তানের জন্য হলেও শিখতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক সময় মনে পড়ছে না এখন, তবে বেশ কয়েক বছর আগের কথা। প্রকৃতিতে তখন বসন্ত বাতাস বইছিল। দুপুরের গায়ে হেলান দিয়ে সূর্য যখন কিছুটা ঢলে পড়েছিল পশ্চিমাকাশে, সে সময় আমার কর্মস্থলে প্রথম চোখে পড়েছিল নাসরিন আপাকে। ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম, একজন মানুষের সঙ্গে কয়েক মিনিট কথা বললেই তাঁর সম্পর্কে বোঝা যায়, মোটাদাগে ধারণা পাওয়া যায়। যদিও আমাকে বলে যাওয়া বাবার কয়েক যুগ আগের কথাগুলোর কোন ভিত্তি নেই এ সময়ে। আমার বাবার জীবনযাপন, সময়টা ছিল এখনকার চেয়ে অনেক বেশি সহজ, সরল। বর্তমান সময়ে কারও সঙ্গে কিছু সময় কথা বলে তাঁর সম্পর্কে বোঝা যায় না।
আসলে মানুষকে কখনো পুরোপুরি জানা যায় না। যতই আমরা বলি, তাকে আমি চিনি বা জানি, আসলে এটি ভুল ধারণা। একজন মানুষ নিজেই তো নিজেকে ভালোভাবে জানে না, চিনে না, তাহলে অন্যকে চিনবে কেমন করে? মানুষ এখন অনেক গুছানো, বুদ্ধিমান, মেধাবী ও আধুনিক। এটি অবশ্য সময়ের দাবি। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে শুধু মানুষ নয়, প্রতিটি বস্তু পরিবর্তন হয়ে যায়। অনেক অনেক বছর আগের বাবার শেখানো শিক্ষায় সেদিন দুপুরের শেষাংশে কিছু সময় নাসরিন আপার সঙ্গে কথা বলে, তাঁর ভেতরের আবছা দৃশ্যটি আমার সামনে ঈষৎ স্বচ্ছ হয়ে উঠেছিল।
বিদেশিদের ভিড়ে বসবাস করলেও এক বাঙালি আরেক বাঙালিকে চিনতে বেশি সময় লাগে না। প্রথম পরিচয়ের মুহূর্তেই বসন্ত বিকেলে আমার আর নাসরিন আপার মধ্যে খুব সখ্য গড়ে উঠেছিল। এখনকার মত এত বাঙালি তখনকার সময়ে চোখে পড়ত না। এক বাঙালির সঙ্গে আরেক বাঙালির দেখা হলে স্বভাবসুলভ গল্প, আড্ডায় মেতে উঠত, কাছে টেনে নিত। অবশ্য, পরিপাটি নাসরিন আপাকে প্রথম দেখে বুঝিনি তিনি বাঙালি। তাঁর ছেলের সঙ্গে বাংলায় কথোপকথনের সময় বুঝে নিই, তিনি বাঙালি। পরে আমার সঙ্গে প্রয়োজনীয় ভাঙা ভাঙা ইংরেজি বলার সময়, আমি আগ বাড়িয়ে পরিচয় দিই। সেদিন থেকে আমরা প্রাণ খুলে বাংলায় হাসি, কথা বলি, অনুভূতি প্রকাশ করি। আমরা প্রায়শই অন্যের সম্পর্কে না বুঝে, না জেনে খারাপ-ভালো মন্তব্য করতে শুরু করি। যা একদম অনুচিত। খোলা চোখে একজন মানুষকে যতটুকু দেখা যায়, বোঝা যায়, এর বাইরেও তাঁর জীবনের গল্প হয়তো সম্পূর্ণ ভিন্ন হতে পারে।
নাসরিন আপাকে প্রথম দেখায়, তাঁর সঙ্গে প্রথম দিন কথা বলে যা ভেবেছিলাম, পরে বিভিন্ন সময় কথা বলে জানলাম তাঁর ভেতরের ভিন্ন সত্তাটিকে। যা বলছিলাম লেখার শুরুতে, এখনকার দিনের মানুষগুলো সময়ের প্রয়োজনে হাসিমুখে ভেতরের অপ্রাপ্তি, দহন, বেদনাগুলোকে আড়াল করে রাখে; রাখে বললে ভুল হবে, রাখতে বাধ্য হয় এই বহুরূপী রঙের দুনিয়ায়। সময়ের কাছে কখনো কখনো মানুষ অসহায় হয়ে পড়ে। সয়ে যাওয়া ছাড়া ভিন্ন কোন উপায় থাকে না। নাসরিন আপা শুধু দেখতে পরিপাটি নয়, পড়ালেখায় মেধাবী ছিলেন। তুখোড় বিতার্কিক এবং একজন আবৃত্তি শিল্পী ছিলেন।
ছাত্রাবস্থায় বিয়ে হয় শর্তসাপেক্ষে। বিয়ের পর নাসরিন আপা পড়াশোনা চালিয়ে যাবেন, এই শর্তে বিয়ে হয়। বিয়ের পর কয়েক মাসের মধ্যে স্বামীর কাছে আমেরিকায় চলে আসেন। তখন তাঁর বয়স অল্প ছিল, পড়াশোনার প্রচণ্ড স্পৃহা ছিল। কিন্তু বিধি বাম। আমেরিকায় আসার পর নাসরিন আপার স্বামী তাঁকে পড়াশোনায় কোন সহযোগিতা করলেন না। তাঁর পরিবার, আত্মীয়–স্বজন কেউ ছিল না তাঁর পাশে। সম্পূর্ণ নতুন দেশ, নতুন ভাষার দেশে এসে নতুন অবস্থায় পড়াশোনা কীভাবে চালিয়ে নিতে হবে? কোথায় যেতে হবে? কিছুই জানতেন না তিনি।
প্রথম বছর দু-এক পড়াশোনা করার জন্য স্বামীকে বারবার অনুরোধ করলেও পরের দিকে সংসারের হেঁশেলে মুখ থুবড়ে পড়ে তাঁর ইচ্ছে ঘুড়ি। ঘর-সংসারে ডুবে থাকা নাসরিন আপার কোলজুড়ে আসে প্রথম সন্তান। একসময় স্বামী-সন্তান-সংসার সমুদ্রে ডুবে যান তিনি ধীরে ধীরে। সন্তান বড় হয়, স্কুলে ভর্তি হয়। এ সময় এসে নাসরিন আপা জীবনে প্রথম জটিলতা অনুভব করেন। সন্তানের স্কুল, ডাক্তারের কথা উনি বুঝে উঠতে পারছেন না। সন্তানের স্কুল থেকে আসা ফোন কলের উত্তর দিতে পারছেন না। আরও কয়েক বছর পর তিনি বুঝতে পারেন, নিজের আত্মজের সঙ্গে তাঁর মানসিক দূরত্ব দিনদিন বেড়েই চলছে। ভাষা জটিলতায় আমেরিকার সমাজ, সংস্কৃতি, বাইরের জগতের সঙ্গে নাসরিন আপার পরিচয় গড়ে ওঠেনি।
শামুকের মত সব সময় নিজেকে গুটিয়ে রেখেছেন ঘরের চার দেয়ালে। এলিমেন্টারি স্কুল পেরিয়ে সন্তান যখন জুনিয়র স্কুলে গেল, বয়ঃসন্ধিক্ষণের নাজুক অবস্থায় অবস্থান করছিল, তখন নাসরিন আপা সন্তানের মন-মানসিকতা বুঝে উঠতে পারছিলেন না। সন্তানের পড়াশোনায় সাহায্য করতে পারছিলেন না। এ অবস্থায় তিনি অসহায় বোধ করেন, হতাশায় নিমজ্জিত হন, বুঝতে পারেন শিক্ষার কোন বিকল্প নেই। যখন নাসরিন আপা এই সত্যটি উপলব্ধি করতে পারেন, তত দিনে বেশ দেরি হয়ে গেছে। নাসরিন আপার ভাষায়, ‘পড়াশোনার কোনো বিকল্প নেই জীবনে। শিক্ষার বিকল্প শিক্ষা। আমেরিকায় ভালোভাবে বসবাস করতে হলে ইংরেজি ভাষা।