
ভেজা মেঘেদের অবিরাম ওড়াউড়ি শেষে টুপটাপ ছন্দে ঝরে পড়া। শীতের আধিপত্য কমে বাতাসে ফাগুনের কিছুটা গরম উষ্ণতা। এমন একটি আনন্দমুখোর দিনের বিকেলে অনুষ্ঠিত হল সাহিত্য একাডেমির নিয়মিত মাসিক ৮৭তম আসর। গত ২৩ ফেব্রুয়ারি জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজার সম্মেলন কক্ষে বসেছিল এবারের সাহিত্য আসর।
ভাষা দিবসের প্রতি যথাযথ শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সাহিত্য একাডেমি, নিউইয়র্কের পরিচালক মোশাররফ হোসেন। অনুষ্ঠানের শুরুতেই কবি কাজী আতীক বলেন, ‘বায়ান্নর ভাষা আন্দোলন না হলে ভিনদেশের মাটিতে দাঁড়িয়ে আজ কবিতা পড়ার স্বাধীনতা পেতাম না।’ সামাজিক মাধ্যমে বিভিন্ন বিতর্কের দিকে আলোকপাত করে তিনি বলেন, ‘নিজের জানাটাই শেষ নয়। আমরা সবাই যেন মাতৃভাষার মতো সব ভাষার মত সম্মান প্রদর্শন করি।’
আসরে নিজেদের মূল্যবান মতামত জানিয়ে আলোচনায় অংশ নেন ফেরদৌস সাজেদীন, ফজলুর রহমান, হাসান ফেরদৌস, হুসনে আরা বেগম প্রমুখ। কথা সাহিত্যিক ফেরদৌস সাজেদীন সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘সাহিত্য একাডেমির বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সবার গল্প, কবিতারাও যেন আগের চেয়ে আরও বেশি সমৃদ্ধ হচ্ছে। আমার সামনে বসে আছে একেকটি নক্ষত্র যাঁরা নিজ আলোয় জ্বলজ্বল করছে। লেখার প্রতি সবাই মনোযোগ দিচ্ছেন, নিষ্ঠাবান হচ্ছেন।’
‘আমার প্রবাস, আমার ভাষা, আমার বিকাশ’—একুশের সঙ্গে সম্পৃক্ত নিজ গদ্য পাঠ করে তিনি আলোচনা শেষ করেন।
নিউইয়র্ক শহর তথা বাংলাদেশের অন্যতম আবৃত্তিকার মুমু আনসারীর দরাজ কণ্ঠে ‘সৃজন সেনের’ কবিতা আবৃত্তি আসরে উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। আবৃত্তিকার পারভীন সুলতানা, লুবনা কাইজার, নাসিমা আক্তার, শিরীন বকুল, শুক্লা রায়, পল্লব সরকারের আবৃত্তি পিনপতন নীরবতায় উপভোগ করেন সবাই।
নিজেদের অসাধারণ লেখা গল্প, কবিতা, ছড়া আন্তরিক পাঠে আসরটি আলোকিত করে রেখেছিলেন নীরা কাদরী, সোনিয়া কাদির, কামরুন নাহার রীতা, মিশুক সেলিম, শাহীন ইবনে দিলওয়ার, সীমু আফরোজা, পল্লব সরকার, রানু ফেরদৌস, নিলুফার রেজা, নাসরিন চৌধুরী, ফজলুর রহমান, আলম সিদ্দিকী, তাহমিনা সাঈদ, আহমেদ হোসেন বাবু, লিয়াকত আলী, শামসাদ হুসাম, সুরীত বড়ুয়া, পলি শাহীনা, উইলি মুক্তি, রিমি রুম্মান, আবুল বাশার, জাকির হোসেন, রেজাউল হক প্রমুখ।
আসরে উপস্থিত ছিলেন রাহাত কাজী শিউলি, পপি কুলসুম, ফরিদা ইয়াসমিন, আদনান সৈয়দ, শহীদ উদ্দীন, এ বি এম সালেহ উদ্দীন, কাইজার আহম্মেদ, নিপা জামান, জসীম সরকার, স্বর্ণা, ওবায়দুল্লাহ মামুন, কানু দত্ত, মো. নাজমুল হোসেন মিঠু, সঞ্জীবন কুমার, রেজাউল হক প্রমুখ।
সাপ্তাহিক ঠিকানা পত্রিকার প্রধান সম্পাদক মো. ফজলুর রহমান আলোচনায় অংশ নিয়ে বলেন, বিদেশি ভাষায় দিনরাত্রি যাপন করেও নিজ দেশের ভাষা ও সংস্কৃতি চর্চায় ভবিষ্যৎ ইতিহাসে সাহিত্য একাডেমি প্রশংসার দাবিদার। সাহিত্য একাডেমিতে যেভাবে বাংলা ভাষার চর্চা হচ্ছে প্রবাসে অন্য কোথায়ও এভাবে একাগ্রচিত্তে বাংলা ভাষার চর্চা হচ্ছে বলে তাঁর জানা নেই। একাডেমির বয়স যত বাড়বে বিদেশে বাংলা সাহিত্য তত বেশি সমৃদ্ধ হবে। আগে নিজে সাহিত্য একাডেমিতে আসতাম, এখন সাহিত্য একাডেমি নিয়ে আসে।
লেখক হাসান ফেরদৌস বলেন, বাংলা ভাষায় সাহিত্য রচনা বিশ্বের যেকোনো ভাষায় রচিত সাহিত্যের সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে। সাহিত্য একাডেমির মাধ্যমে প্রতি মাসে একবার হলেও বাংলা ভাষার প্রতি ভালোবাসা, সম্মান প্রকাশ করা হয়। প্রবাসে নতুন প্রজন্মের বাংলা বলতে না পারার ব্যর্থতার জন্য তিনি বাবা-মাকে দায়ী করেন।
অধ্যাপিকা হুসনে আরা বেগমের মতে, শুধু ফেব্রুয়ারি মাসে নয়, একুশ যেন প্রতিদিন, সব মাসেই হৃদয়ে অনুরণন তোলে। ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারির গণঅভ্যুত্থানে জীবন উৎস্বর্গ করা শিক্ষক ড. জোহাকে স্মরণ করে তিনি বলেন, ১৮ ফেব্রুয়ারিকে যেন শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়।
কবি শহীদ কাদরীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে কবি পত্নী নীরা কাদরী আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি বলেন, সাহিত্য একাডেমির একমাত্র উপদেষ্টা শহীদ কাদরী ডায়ালাইসিস থেকে ঘরে ফিরে অসুস্থ অবস্থায়ও ফোন স্পিকারে দিয়ে সাহিত্য একাডেমির খোঁজ-খবর নিতেন। তাঁর ‘বিব্রত সংলাপ’ কবিতাটি আবৃত্তি করেন নীরা কাদরী।’
কবি সোনিয়া কাদির বলেন, ‘আত্মত্যাগ ছাড়া বড় কিছু হয় না। একুশ আমাদের শিখিয়েছে আত্মত্যাগের শিক্ষা।’ ব্রঙ্কসে অনুষ্ঠিত বাফার প্রভাত ফেরির কথা উল্লেখ করে তিনি বলেন, একুশ দেখানোর নয়, অনুভবের বিষয়। যে দীক্ষা খুব যত্নে প্রবাসে বেড়ে ওঠা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে চাষাবাদ করছে বাফা।
লেখক শামসাদ হুসাম বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের সঙ্গে বাবা-মায়েরা যেন ঘরে বাংলা ভাষায় কথা বলেন।
সবাইকে আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি টানেন পরিচালক মোশাররফ হোসেন।