সন্ত্রাস দমনকে অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শনিবার টেলিফোনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প l এএফপি
শনিবার টেলিফোনে ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প l এএফপি

ইসলামিক স্টেট (আইএস) এবং সিরিয়ায় সক্রিয় অন্যান্য জঙ্গি সংগঠনের ‘আন্তর্জাতিক সন্ত্রাস’ দমনের লড়াইকে অগ্রাধিকার দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত শনিবার টেলিফোন আলাপে তাঁরা এ বিষয়ে একমত হয়েছেন বলে মস্কো জানিয়েছে। ট্রাম্প প্রেসিডেন্ট পদে বসার পর এটাই রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তাঁর প্রথম আলাপ।

শনিবার ডোনাল্ড ট্রাম্প কয়েকজন বিশ্বনেতার সঙ্গে আলাপ করেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁদের মধ্যে একজন।

যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে ট্রাম্প-পুতিন ফোনালাপকে একটি ‘তাৎপর্যপূর্ণ সূচনা’ আখ্যা দিয়েছে হোয়াইট হাউস। ট্রাম্পের দপ্তর মার্কিন-রুশ সম্পর্ক ঠিক করা প্রয়োজন বলেও মনে করছে।

প্রেসিডেন্ট ‘ট্রাম্প শনিবার জাপান, জার্মানি, ফ্রান্স ও অস্ট্রেলিয়ার নেতাদের সঙ্গেও কথা বলেছেন। তিনি জাপানি প্রধানমন্ত্রী শিনজো আবেকে আগামী ১০ ফেব্রুয়ারি হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, ট্রাম্প ও পুতিনের টেলিফোন আলোচনা ‘ইতিবাচক ও গঠনমূলক’ ছিল। তাঁরা সন্ত্রাসবিরোধী লড়াই, মধ্যপ্রাচ্য ও আরব-ইসরায়েলি বিরোধ, কৌশলগত স্থিতিশীলতা, অস্ত্র নিয়ন্ত্রণ, ইরানের পারমাণবিক কর্মসূচি, উত্তর ও দক্ষিণ কোরিয়া এবং ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

রাশিয়া জানায়, সিরিয়ায় আইএসসহ অন্যান্য জঙ্গি সংগঠনকে পরাজিত করতে মস্কো ও ওয়াশিংটনের ‘সত্যিকারের সমন্বিত কার্যক্রম’ চালুর বিষয়ে দুই প্রেসিডেন্ট কথা বলেছেন।

ইউক্রেনে ‘হস্তক্ষেপের’ কারণে মস্কোর ওপর ওয়াশিংটন যেসব অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে, ট্রাম্প ও পুতিনের মধ্যে সে বিষয়ে কোনো আলাপ হয়েছে কি না, তার উল্লেখ ক্রেমলিনের বিবৃতিতে নেই। সাম্প্রতিক দিনগুলোতে বিষয়টি নিয়ে অনেক জল্পনাকল্পনা চলছিল। বিশেষজ্ঞরা আন্দাজ করেছিলেন, সম্পর্ক উন্নয়নের প্রসঙ্গ এলে রাশিয়া ওই অবরোধ তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে শর্ত দেবে। তবে ক্রেমলিনের বিবৃতি বলছে, দুই পক্ষই পারস্পরিক স্বার্থনির্ভর বাণিজ্য পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের সিনেট আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন রাশিয়ার ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন। গুঞ্জন রয়েছে, ট্রাম্প প্রশাসন রাশিয়ার ওপর আরোপিত অবরোধ তুলে নিতে পারে। ম্যাককেইন এর বিরোধিতা করে বলেছেন, তিনি আশা করেন ট্রাম্প এসব জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন। আর তা যদি ট্রাম্প না করেন, তাহলে তিনি (ম্যাককেইন) সহকর্মীদের নিয়ে রাশিয়ার বিরুদ্ধে আরোপিত নিষেধাজ্ঞাকে আইনে পরিণত করার জন্য কাজ করবেন।