
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন সদ্য দায়িত্ব নেওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত মঙ্গলবার মোদির সঙ্গে হওয়া ফোনালাপে ট্রাম্প এই আমন্ত্রণ জানান। এর প্রতিক্রিয়ায় ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন মোদি।
ট্রাম্পকেও ভারত সফরে আমন্ত্রণ জানান মোদি। পরে এক টুইটার বার্তায় মোদি বলেন, ট্রাম্পের সঙ্গে দারুণ ও সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে। দুই নেতাই আগামী দিনগুলোতে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
ওয়াশিংটন জানায়, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত যুক্তরাষ্ট্রের সত্যিকারের বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেন ট্রাম্প। দুই দেশের মধ্যকার এই আলোচনা যুক্তরাষ্ট্র ও ভারতের অংশীদারত্বকে আরও দৃঢ় হওয়ার সুযোগ করে দিয়েছে, বিশেষত অর্থনৈতিক ও সামরিক ক্ষেত্রে। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়, মোদিকে স্বাগত জানাতে চায় তারা। হোয়াইট হাউসের বিবৃতিতে আরও জানানো হয়, বিশ্বে সন্ত্রাস মোকাবিলায় কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন ট্রাম্প ও মোদি।
নিজ নির্বাচনী প্রচারণায় বরাবরই ভারতের বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন ট্রাম্প। আমলাতন্ত্র পুনর্গঠন ও অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মোদির প্রশংসা করেন ট্রাম্প।
গেল নির্বাচনে ভারতে অনেক উগ্রবাদী গোষ্ঠী ট্রাম্পের জয় কামনা করেন। যুক্তরাষ্ট্রে অনেক ভারতীয় ট্রাম্পের পক্ষে প্রচারণাও করেন। ট্রাম্পশিবির থেকেও তখন হিন্দিতে প্রচারণা ও দেওয়ালির শুভেচ্ছা জানানো হয়।
গুজরাট সহিংসতার পর মোদিকে যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। ২০১৫ সালে ভারতের রিপাবলিক দিবসে ওবামাকে আমন্ত্রণ জানানো হয়। সেই সূত্রে নতুন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেও সুসম্পর্ক রাখতে চায় ভারত।
কিন্তু গত নভেম্বরে বিজয়ী হওয়ার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ ফোনালাপ করেন ট্রাম্প। এতে কিছুটা উদ্বিগ্ন হয় ভারত।