সন্ত্রাস রোধে অ্যাটর্নি জেনারেল অফিসের উদ্যোগ
নিউইয়র্ক নগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি হঠাৎ করে চরম অবনতি হওয়ায় ফেডারেল সরকার চলমান বন্দুক সন্ত্রাস রোধে কঠিন পদক্ষেপ নিতে যাচ্ছে। এ ছাড়া নগরীর অ্যাটর্নি জেনারেলের অফিসও সন্ত্রাস রোধে আইনি লড়াই চালিয়ে যাবে।
স্থানীয় একটি টিভির প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাসে নগরের ব্রুকলিন এলাকায় গোলাগুলির ঘটনা দ্রুত বৃদ্ধি পেতে থাকে।
নিউইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল স্যাথ ডাচার্ম বলেন, নগরে বন্দুক সন্ত্রাস হঠাৎ বেড়ে যাওয়া শান্তি প্রিয় নগরবাসীর জন্য বিপদ সংকেত। যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইনের আওতায় একজন অবৈধ বন্দুকধারীর বিরুদ্ধে রাজ্য সরকারের পুলিশ যেমন মামলা করতে পারে, তেমনি কেন্দ্রীয় সরকার ও সমান অপরাধের বিরুদ্ধে মামলা দায়ের করতে পারে। তিনি এই আইনের প্রয়োগ নিউইয়র্কের বন্দুক সন্ত্রাস রোধে কার্যকর কিনা দেখতে চান।
নগরে গত বছরের তুলনায় বন্দুক সন্ত্রাসের ঘটনা বৃদ্ধি পেয়েছে শতকরা ৯০ শতাংশ। অথচ বন্দুক সন্ত্রাসজনিত গ্রেপ্তার বৃদ্ধি পেয়েছে মাত্র ৯ শতাংশ। এই ধরনের সন্ত্রাসের ঘটনা বেশি ঘটছে নগরের ব্রুকলিনে। এসব সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বন্দুক সন্ত্রাস শূন্যে নামিয়ে আনতে কর্তৃপক্ষ দৃঢ় প্রতিজ্ঞ।
নিউইয়র্ক পুলিশ বিভাগের প্রধান ডারমট শিয়া বলেন, বর্তমানে নগরজুড়ে সংগঠিত বন্দুক সন্ত্রাস রোধে পাঁচটি বরোর আদালতে অপরাধীদের জামিন আইনে ব্যাপক পরিবর্তনসহ অপরাধের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে আরও বেশি আইনজীবী সংযুক্ত করা হবে। এ ছাড়া অভিজ্ঞ অপরাধ তদন্তকারীর সংখ্যা ১২ থেকে আরও বৃদ্ধির পরিকল্পনা নেওয়া হয়েছে। অ্যাটর্নি অফিসের সাম্প্রতিক গৃহীত আইনি পদক্ষেপকে নগরের পুলিশ বাহিনী স্বাগত জানায়।