
যুক্তরাষ্ট্রে অস্ত্রধারীর এলোপাতাড়ি গুলিতে হতাহতের ঘটনা ঘটে প্রায়ই। তবে ক্যালিফোর্নিয়ার বার্নার্দিনোতে গত বুধবারের ঘটনাটি যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সে দেশের প্রশাসন। প্রেসিডেন্ট বারাক ওবামা হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে পাঁচ বছর পর গতকাল রোববার টিভি সম্প্রচারের গুরুত্বপূর্ণ সময়ে জাতির উদ্দেশে ভাষণ দেওয়ার কথা ছিল। এতে তিনি বেশকিছু নীতিগত সিদ্ধান্তের ঘোষণা দিতে পারেন বলে মনে করা হচ্ছে। খবর এএফপির৷
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের স্যান বার্নার্দিনোয় এক দম্পতির হামলায় গত বুধবার ১৪ জন নিহত ও ২১ জন আহত হন। গুলি করে একসঙ্গে এত মানুষ হত্যার ঘটনা যুক্তরাষ্ট্রে ২০১২ সালের পর এই প্রথম। আইএস ওই দম্পতির সন্ত্রাসের প্রশংসা করে বিবৃতি দিয়েছে এবং তাদের নিজেদের ‘সেনা’ বলে দাবি করেছে। বুধবারের হামলায় সন্ত্রাসবাদী যোগসাজশ প্রমাণিত হলে তা হবে ২০০১ সালে নাইন-ইলেভেনের হামলার পর সবচেয়ে বড় সন্ত্রাসী আক্রমণ।
কাজেই এ ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়াই স্বাভাবিক। এ জন্যই পাঁচ বছর পর আবার ওভাল অফিস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন ওবামা। এর আগে ওভাল অফিস থেকে ওবামা সর্বশেষ ভাষণ দিয়েছিলেন ২০১০ সালের আগস্টে। আর তার উপলক্ষ ছিল ইরাকে সম্মুখসমরের সমাপ্তি ঘোষণা।
গতকাল স্থানীয় সময় রাত আটটায় ওভাল থেকে ভাষণ দেওয়ার কথা ছিল ওবামার। এর আগে তাঁর এই ভাষণ সম্পর্কে আগাম ঘোষণায় হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্ট ওবামার ভাষণে ক্যালিফোর্নিয়ায় হামলার ঘটনা তদন্তের হালনাগাদ তথ্য, সন্ত্রাসবাদের হুমকি, তার ধরন এবং তাকে পরাজিত করার পদ্ধতি কী হবে ইত্যাদি বিষয় থাকবে। কীভাবে আমেরিকানদের নিরাপদ রাখবেন এবং আইএসকে পরাজিত করবেন—সেসব পরিকল্পনার কথাও বলতে পারেন তিনি।
এর আগে গত শনিবার ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র ভীত হবে না। আমরা আমেরিকান। এটি একটি স্বাধীন ও মুক্ত সমাজ। নিজেদের এই মূল্যবোধকেই আমরা ধরে রাখব।’
ওবামার গতকালের ওই বিশেষ ভাষণ থেকে এটা স্পষ্ট যে বুধবারের হামলার ঘটনাটিকে যুক্তরাষ্ট্র যথেষ্ট গুরুত্ব দিচ্ছে। দেশটির গণমাধ্যমেও তার প্রতিফলন ঘটেছে। প্রভাবশালী পত্রিকা নিউইয়র্ক টাইমস যুক্তরাষ্ট্রে আগ্নেয়াত্রের মারাত্মক ব্যবহার বন্ধ করার দাবিতে প্রথম পাতায় সম্পাদকীয় নিবন্ধ ছেপেছে। ১৯২০ সালের পর পত্রিকাটির এ ধরনের প্রকাশনা এটিই প্রথম।