
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, সন্ত্রাসবাদ থেকে যে হুমকি আসছে তা বাস্তব, তবে এই হুমকির কারণে ভীত হওয়ার কোনো কারণ নেই। যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়বে এবং সন্ত্রাসবাদ অবশ্যই পরাস্ত হবে।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে গত রোববার রাতে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট ওবামা এ কথা বলেন। আইএসের বিরুদ্ধে চলমান লড়াইতে মার্কিন পদাতিক বাহিনী পাঠানোর জন্য রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীরা যে আহ্বান জানিয়ে আসছেন ওই ভাষণে ওবামা তা সরাসরি নাকচ করে দেন।
ওবামা বলেন, ‘আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইতে অবশ্যই জয়ী হব।’ অবশ্য ইতিপূর্বে ওবামা বলেছিলেন আইএসকে ‘সংযত’ করাই তাঁর লক্ষ্য। সতর্কতার সঙ্গে প্রস্তুত এই ভাষণে ওবামা আমেরিকান মুসলমানদের ‘বন্ধু ও প্রতিবেশী’ হিসেবে বর্ণনা করেন এবং তাদের প্রতি অকারণ সন্দেহের তির যেন নিক্ষিপ্ত না হয়, সে ব্যাপারে সাবধান করেন। তবে তাদের মধ্যে সন্ত্রাসী থাকতে পারে, সে কথা তিনি প্রথমবারের মতো উল্লেখ করলেন।
গত মাসে প্যারিসে ও এক সপ্তাহ আগে ক্যালিফোর্নিয়ার সান বার্নার্দিনোতে সন্ত্রাসীদের রক্তাক্ত হামলার পর মার্কিনিদের মধ্যে মুসলমান বিদ্বেষ বেড়েছে। বিরোধী রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থীরা ওবামাকে ‘মুসলমান-প্রীতির’ জন্য অভিযুক্ত করেছেন এবং ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট (আইএস) পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ড দমনে ব্যর্থতার জন্য তাঁর অনুসৃত নীতিকে দায়ী করেন। সিরিয়া থেকে মুসলমান উদ্বাস্তু গ্রহণের ব্যাপারেও রিপাবলিকান নেতারা প্রবল বিরোধিতা জানাচ্ছেন। এমন এক বিরূপ রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের উদ্দেশে ওবামা সরাসরি দেশবাসীর উদ্দেশে ভাষণ দেওয়ার সিদ্ধান্ত নেন।
ওবামা গত সাত বছরে তৃতীয়বারের মতো সরাসরি ওভাল অফিস থেকে ভাষণ দেন। আইএসের বিরুদ্ধে চলতি লড়াইতে মার্কিন পদাতিক বাহিনী পাঠানোর যে আহ্বান রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থীরা করেছেন ওবামা তার বিরোধিতা করে বলেন, কোনো অবস্থাতেই আরও একটি ব্যয়বহুল যুদ্ধে আমেরিকার জড়িয়ে পড়া ঠিক হবে না। তিনি বলেন, মার্কিন সৈন্যরা যদি ফের আরেকটি দেশ দখল করে, তাহলে উল্টো আইএস লাভবান হবে এবং তারা আমেরিকাকে এক দীর্ঘস্থায়ী প্রতিরোধ যুদ্ধে জড়িয়ে ফেলবে।
ওবামার ভাষণ শেষ হওয়ার আগেই রিপাবলিকান সমালোচকেরা তীব্র ভাষায় আক্রমণ করে প্রেসিডেন্টের বক্তব্য প্রত্যাখ্যান করেন। রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প টুইটারে পরিহাস করে বলেন, ‘জলদি, আমাদের এখনই দরকার একজন নতুন প্রেসিডেন্টের।’ আরেক রিপাবলিকান প্রার্থী সিনেটর মার্কো রুবিও বলেন, ওবামা তাঁর ভাষণে এমন কিছুই বলেন যা থেকে আমেরিকার মানুষ আশ্বস্ত হয়! সিনেটর টেড ক্রুজ ভাষণ না দিয়ে আইএসের বিরুদ্ধে সামরিক অভিযানে প্রস্তুতির আহ্বান জানান।
এমনকি প্রতিনিধি পরিষদের স্পিকার পল রায়ান ওবামার ভাষণে নতুন কিছুই পাননি বলে অভিযোগ করেন। ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন সরাসরি ওবামার সমালোচনা করেননি, তবে আইএস বাহিনীকে পরাস্ত করতে তিনি নিজে যে ‘কঠোর’ রণকৌশলের প্রস্তাব করেছেন, সে দিকে তাঁর দৃষ্টি আকর্ষণ করেন।