সন্ত্রাসের অপরাধে অভিযুক্ত আকায়েদ

নিউইয়র্কের ম্যানহাটনে বাস টার্মিনালে বোমা হামলার ঘটনায় গ্রেপ্তার বাংলাদেশি আকায়েদ উল্লাহকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের অপরাধে অভিযুক্ত করা হয়েছে। আজ মঙ্গলবার দেশটির পুলিশ এ কথা জানিয়েছে।
গতকাল সোমবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটার দিকে ম্যানহাটনে টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাসস্টেশনে যাতায়াতের ভূগর্ভস্থ পথে বোমা হামলা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদ উল্লাহকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত হয়েছেন। সামান্য আহত হন অন্য তিনজন পথচারী।
বিবিসির খবরে বলা হয়, নিউইয়র্ক পুলিশের দপ্তর আজ এক টুইটবার্তায় জানিয়েছে, অবৈধ অস্ত্র রাখা, সন্ত্রাসবাদে সমর্থনমূলক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং সন্ত্রাসের হুমকি তৈরির অপরাধে আকায়েদকে অভিযুক্ত করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তদন্তকারীদের আকায়েদ বলেছেন, তিনি ইউরোপে বড়দিনকে ঘিরে চালানো সন্ত্রাসী হামলা দেখে অনুপ্রাণিত হন। বাসস্টেশনে দেয়ালে উৎসবের বেশ কিছু পোস্টার দেখে তিনি হামলা চালানোর জন্য জায়গাটি নির্বাচন করেন। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়াসহ বিভিন্ন স্থানে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে তিনি ওই হামলার পরিকল্পনা করেন বলে স্বীকার করেছেন।
আরও পড়ুন...