সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে যুক্তরাষ্ট্র গোটা বিশ্বের নিয়ন্ত্রণ চায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলিভার স্টোন
অলিভার স্টোন

যুক্তরাষ্ট্রের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা অলিভার স্টোন হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তাঁর দেশ সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে বিভিন্ন দেশের ওপর যুদ্ধ চাপিয়ে গোটা বিশ্ব নিয়ন্ত্রণ করতে চায়। আর এটিই দেশটির জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
জেকেএফ ও প্লাটুন চলচ্চিত্রের এই স্পষ্টবাদী পরিচালক তাঁর সাম্প্রতিক চলচ্চিত্র স্নোডেন-এর ইউরোপ ও এশিয়াজুড়ে মুক্তি পাওয়া উপলক্ষে গত সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।
অলিভার স্টোন তাঁর স্নোডেন নির্মাণ করেছেন সিআইএ ও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএর সাবেক চুক্তিভিত্তিক কর্মী এডওয়ার্ড স্নোডেনকে নিয়ে। স্নোডেন সিআইএ ও এনএসএর একজন প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কর্মকর্তা ছিলেন৷ মূলত উচ্চপ্রযুক্তি নিয়ে গোয়েন্দাগিরি করাই ছিল তাঁর কাজ৷ তিনি বর্তমানে মস্কোতে নির্বাসিত জীবন যাপন করছেন। আমেরিকান সরকার তাঁর বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে মামলা করেছে। তাঁর দেশের রাজনীতিক ও ক্ষমতাধর ব্যক্তিরা তাঁকে আখ্যায়িত করেছেন বিশ্বাসঘাতক, রাষ্ট্রদ্রোহী, এমনকি চোর বলে।
অলিভার স্টোন সাংবাদিকদের কাছে বলেন, বিশ্বকে নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রের ইচ্ছার বিষয়টি খুবই ভয়ংকর। কোনো একটি দেশ বা একজন শাসক সমগ্র পৃথিবীকে সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছেন, এমন কোনো নজির পৃথিবীর ইতিহাসে নেই। ব্রিটিশ শাসক তা চেয়েছিল। কিন্তু তার পরিণতিতে ভয়াবহ যুদ্ধ বেঁধেছিল। যুক্তরাষ্ট্রের ইচ্ছার প্রতিফলনও একই পরিণতি ডেকে আনছে। এ জন্য তিনি যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে অভিযুক্ত করে বলেন, ওবামা বুশের মতোই কঠোর। তিনি দেশটিতে নজরদারিব্যবস্থা দ্বিগুণ করে তুলেছেন, যা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি ও শক্তিশালী।
অলিভার স্টোন বলেন, ‘ওবামা সংস্কারের কথা মুখে বললেও এর কোনো প্রয়োগ করেননি। তিনিও সন্ত্রাসবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি যখন দায়িত্ব নিয়েছিলেন, তখন মনে হয়েছিল তিনি বুশের চেয়ে ভালো এবং দক্ষ। কিন্তু ধীরে ধীরে দেখা গেল, সবাই একই রকম। সব ওই পুরোনো গল্প। আমরা প্রতিদিনই হামলার শিকার হতে থাকলাম।’
আমেরিকার কতটি যুদ্ধে জনগণের সম্মতি ছিল? ওবামা কতটি মুসলিম দেশের ওপর বোমাবর্ষণ করেছেন? কতগুলো ড্রোন হামলা চালিয়ে কত মানুষকে হত্যা করা হয়েছে? এসব প্রশ্নের জবাব চান অলিভার স্টোন। তিনি বলেন, স্নোডেন একজন নায়ক ও দেশপ্রেমিক। তিনি যুক্তরাষ্ট্রের সাবেক সামরিক বিশেষজ্ঞ ড্যানিয়েল এলসবার্গের মতো হয়ে উঠছিলেন। ড্যানিয়েল এলসবার্গ ১৯৭১ সালে সংঘটিত ভিয়েতনাম যুদ্ধ-সম্পর্কিত পেন্টাগনের গোপন নথিপত্র ফাঁস করেছিলেন।