সন্ত্রাসী হামলার পরিকল্পনা, আসিয়ার ১৫ বছরের সাজা
বোমা তৈরি ও সন্ত্রাসী হামলা চালানোর পরিকল্পনা করায় আসিয়া সিদ্দিকী (৩৫) নামের কুইন্সের এক নারীকে ১৫ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
৯ জানুয়ারি ব্রুকলিন ফেডারেল কোর্ট আসিয়ার এই সাজা ঘোষণা করেন। গত বছরের আগস্টে বিস্ফোরক তৈরি ও কীভাবে তা ব্যবহার করা যায় সে সম্পর্কে অনলাইনে তথ্য সহকারে একটি পোস্ট করার জন্য তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন।
এফবিআইয়ের সহকারী পরিচালক উইলিয়াম সুইনি বলেন, ‘আসিয়া সিদ্দিকী ও তাঁর সহযোগী নোলে ভেলেন্টজাস আমেরিকান এবং নিউইয়র্কারদের হত্যা করার জন্য প্রস্তুত ছিলেন। আজ আমরা একটি চূড়ান্ত কারাদণ্ডের অপেক্ষায় আছি’।
তবে এ ব্যাপারে আসিয়া সিদ্দিকী বলেছিলেন, তিনি তাঁর ব্লগে বেশি পাঠক পেতে অনলাইনে জিহাদ বক্তৃতা সম্পন্ন পোস্ট দিয়েছিলেন। এভাবেই তিনি আল কায়েদার সদস্য সামীর খানের সঙ্গে পরিচিত হন। সামীর খানের অনুরোধে আসিয়া সিদ্দিকী ‘জিহাদ রিকালেকশন’ নামে একটি ওয়েবসাইটের জন্য কবিতা লিখতে শুরু করেছিলেন।
৯ জানুয়ারি আমেরিকার জেলা জজ স্টার্লিং জনসনকে আসিয়া সিদ্দিকা বলেন, ‘গ্রেপ্তারের পরে আমি জিহাদ রিকালেকশনের জন্য কবিতা লিখেছিলাম।’ তিনি তাঁর পুরোনো লেখাগুলোকে হিংস্র বলে অভিহিত করেন।
প্রসিকিউটররা বলেন, আসিয়া সিদ্দিকা ও তাঁর সাবেক রুমমেট ভেলেন্টজাস ২০১৩ সালে প্রথমে বোমা কীভাবে তৈরি করা যায় তা শিখতে শুরু করেছিলেন। তাঁরা আইন প্রয়োগকারী এবং সেনাবাহিনীর সদস্যদের জন্য বিস্ফোরক ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। নাইন ইলেভেন সন্ত্রাসী হামলার প্রশংসাও করেছিলেন। এই দুজন ওকলাহোমা সিটির বোমা হামলা, বোস্টন ম্যারাথন বোমা হামলা এবং ১৯৯৩ সালের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের আক্রমণ সম্পর্কেও আলোচনা করেন।
প্রসিকিউটররা আরও জানান, ভেলেন্টজাস আইন প্রয়োগকারী এজেন্টদের আক্রমণ করার বিষয়েও কথা বলেছিলেন। দুজনকেই ২০১৫ সালে এফবিআই গ্রেপ্তার করে। এফবিআই দুই বছর এ নিয়ে তদন্ত করে। প্রসিকিউটররা বলেন, এজেন্টরা তাঁদের বাড়িতে প্রপেন গ্যাস ট্যাংক, গাড়ি বোমা নির্দেশাবলি, ছুরি এবং জিহাদি বইয়ের সন্ধান পান।
আমেরিকার অ্যাটর্নি ক্রেগ হেরেন বলেন, সহিংস জিহাদের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি ছিল তাঁদের।