নিজের অনুসারীদের প্রতি ইসলামিক স্টেটের (আইএস) ভিডিও বার্তাটি ছিল, সমর্থকদের মধ্যে যারা বিদেশে গিয়ে যুদ্ধে শামিল হতে পারছে না, তারা যেন যুক্তরাষ্ট্র এবং ইউরোপে নিজ দেশেই হামলা চালায়। ২০১৬ সালের জুনে এমনই একটি বার্তা অনলাইনে ছড়িয়ে যায়।
বাংলাদেশি অভিবাসী আকায়েদ উল্লাহ সোমবার নিউইয়র্কের ম্যানহাটনে বোমা হামলা চালিয়েছেন সম্ভবত সেই আহ্বানে অনুপ্রাণিত হয়েই।
এই হামলা ছিল এককভাবে এবং নিজ থেকে অনুপ্রাণিত হয়ে। এভাবে ভেতর থেকে সৃষ্ট সন্ত্রাসী হামলায় উদ্বেগ বাড়ছে যুক্তরাষ্ট্রের। কোনো দলগত এবং সংঘবদ্ধ হামলার তুলনায় এ ধরনের হামলা মোকাবিলা কঠিন। কারণ, সংঘবদ্ধ হামলার পরিকল্পনার তথ্য গোয়েন্দা সংস্থা পেয়ে যেতে পারে। এবং প্রতিরোধের চেষ্টা করতে পারে। কিন্তু একক হামলার তথ্য পাওয়া এবং ঠেকানো বেশ জটিল।
যুক্তরাষ্ট্রের জর্জ টাউন বিশ্ববিদ্যালয়ের উগ্রবাদ-বিষয়ক কর্মসূচির তথ্য বলছে, যুক্তরাষ্ট্রে একক সন্ত্রাসী হামলা বাড়ছে।
২০১৪ সালে আইএস সিরিয়া এবং ইরাকে খেলাফত ঘোষণার পর থেকে যুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠীটি দ্বারা অনুপ্রাণিত হয়ে ১৯টি হামলার ঘটনা ঘটেছে। যার মধ্যে ১২টি হামলা হয়েছে ২০১৬ থেকে ২০১৭ সালের মধ্যে।
মার্কিন প্রসিকিউটররা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার তিন বছর পর ২০১৪ সাল থেকে আইএসের প্রচারণায় মজে যেতে থাকেন আকায়েদ উল্লাহ। তদন্তকারীরা আকায়েদের কম্পিউটার ঘেঁটে দেখতে পান, তিনি আইএসের ভিডিও বার্তা দেখেছিলেন, যাতে বলা হয়েছে, ‘আপনি যেখানে অবস্থান করছেন সেখানেই হামলা চালান।’
সিরিয়া এবং ইরাকে আইএসের অবস্থান নড়বড়ে হয়ে পড়েছে। সেখানে পশ্চিমা দেশগুলো জঙ্গিগোষ্ঠীটির হারের জন্য ভূমিকা রেখেছে। অনেক যোদ্ধা নিজ দেশে ফিরে যাচ্ছেন। ফলে ক্ষোভ এবং প্রতিশোধ নেওয়ার ইচ্ছা থেকে পশ্চিমা দেশগুলোকে হামলার আশঙ্কা রয়েছে।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআইয়ের পরিচালক ক্রিস্টোফার রে গত সপ্তাহে কংগ্রেসের শুনানিতে বলেছেন, আইএসের মতো করে আর কোনো সংগঠন নিজেদের মতাদর্শের দিকে কাউকে টানতে পারেনি। ইন্টারনেটের সুবিধা নিয়ে আইএস এখন মার্কিন নাগরিকদের কাছে পৌঁছে যাচ্ছে। মার্কিন নাগরিকদের দিয়ে নিজেদের ওপরই হামলা চালাচ্ছে।
নিরাপত্তা বিশেষজ্ঞরা জানান, আইএস সংশ্লিষ্ট জঙ্গি হামলা সাধারণত তিনভাবে হয়—হামলাকারীরা আইএসের সঙ্গে যোগাযোগ করে তাদের নির্দেশমতো। হামলা চালায়, যেমনটা হয়েছে ২০১৫ সালে প্যারিস হামলার ক্ষেত্রে। অথবা হামলাকারীর সঙ্গে সামান্য যোগাযোগ থাকে, কিন্তু মূলত তিনি একাই হামলা করেন। কিংবা আইএসের সঙ্গে কোনো যোগাযোগ না থাকা সত্ত্বেও জঙ্গিগোষ্ঠীর অনলাইন কার্যক্রম দেখে অনুপ্রাণিত হয়ে হামলা করে।
নাইন-ইলেভেনের পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে জিহাদি উগ্রবাদী হামলায় ১০৩ জন মারা গেছেন। প্রতিটি ঘটনায় হামলাকারী হয়তো যুক্তরাষ্ট্রের নাগরিক কিংবা স্থানীয়ভাবে বসবাসের অনুমতিপ্রাপ্ত। এর মানে, যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদ ভেতর থেকেই সৃষ্ট। বিদেশ থেকে অনুপ্রবেশ করা নয়। আর অধিকাংশ ক্ষেত্রে হামলাকারী ডোনাল্ড ট্রাম্পের নিষিদ্ধের তালিকায় থাকা দেশগুলোর নাগরিক নয়।