সামরিক কৌশল প্রকাশকালে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
সন্ত্রাসের চেয়েও বড় চ্যালেঞ্জ চীন, রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস বলেছেন, সন্ত্রাস দমনের বিষয়টি আর যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার মনোযোগের কেন্দ্রবিন্দুতে নেই। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের মূল মনোযোগ এখন চীন ও রাশিয়ার দিকে। একদিকে চীন দ্রুত সামরিক সম্প্রসারণ ঘটাচ্ছে, অন্যদিকে রাশিয়া ক্রমেই আগ্রাসী হয়ে উঠছে বলে তিনি মন্তব্য করেন।
ওয়াশিংটন ডিসিতে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের কৌশল প্রকাশের সময় জিম ম্যাটিস ওই কথাগুলো বলেন। তিনি প্রতিযোগী দেশগুলোকে হুঁশিয়ারি দেন, ‘আপনারা যদি আমাদের চ্যালেঞ্জ করেন, তাহলে সেই দিনটা হবে আপনাদের সবচেয়ে দীর্ঘ ও বিপর্যয়কর দিন।’ এ সময় প্রতিরক্ষামন্ত্রী মার্কিন কংগ্রেসের প্রতি সামরিক বাহিনীর জন্য পর্যাপ্ত তহবিল বরাদ্দের আহ্বান জানান। নতুন এই কৌশলের সারাংশ নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে প্রতিরক্ষা দপ্তর।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁর প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা বিভাগের বাজেট ১০ শতাংশ বা ৫ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার বাড়ানোর কথা বলেছেন। এ ক্ষেত্রে বিদেশে সহায়তাসহ অন্য খাতগুলোয় বরাদ্দ কমিয়ে ব্যয় সমান রাখার পরিকল্পনা তাঁর।
জিম ম্যাটিস বলেন, ‘চীন ও রাশিয়া বিশ্বে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে যাচ্ছে। তাদের সৃষ্ট ক্রমবর্ধমান হুমকি মোকাবিলা করতে হচ্ছে আমাদের।’
স্নায়ুযুদ্ধের সময় থেকেই যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন পরস্পরের প্রতিদ্বন্দ্বী রাষ্ট্র। তবে ২০০১ সালে টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার পর থেকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কৌশল হয়ে দাঁড়িয়েছিল সন্ত্রাস দমন। তবে সাম্প্রতিক বছরে, বিশেষ করে সিরিয়া ও ইরাক ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের পরস্পরবিরোধী অবস্থান উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। এ ছাড়া উত্তর কোরিয়া ইস্যুতে চীন ও যুক্তরাষ্ট্রের মতপার্থক্যও পরিস্থিতি কিছুটা ঘোলা করেছে।
মার্কিন প্রতিরক্ষা দপ্তরের কৌশল ও উন্নয়ন-বিষয়ক উপসহকারী মন্ত্রী এলব্রিজ কলবি বলেন, নতুন কৌশলে স্বীকার করে নেওয়া হয়েছে, কয়েক বছর ধরে রাশিয়া ও চীনের সামরিক কার্যক্রম যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ‘এই কৌশলে যুদ্ধপ্রস্তুতির প্রতি মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে।’
জলসীমা লঙ্ঘনের অভিযোগ
বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জলসীমা লঙ্ঘনের অভিযোগ করেছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ অনুমতি ছাড়াই চীনের জলসীমায় ঢুকে পড়েছে। এ ক্ষেত্রে সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছুই করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়টি।
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল শনিবার বলা হয়, গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের ইউএসএস হপার ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগরে হুয়াংগিয়ান দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যে চলে আসে। মন্ত্রণালয়টির মুখপাত্র লু কাং বলেন, তাঁর দেশের নৌবাহিনী হুয়াংগিয়ানের কাছাকাছি চলে আসা যুদ্ধজাহাজটির পরিচয় নিশ্চিত হওয়ার পর তাকে সরে যাওয়ার নির্দেশ দেয়।
হুয়াংগিয়ান দ্বীপ স্কারবরো শোয়াল নামেও পরিচিত। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এই দ্বীপের মালিকানা ফিলিপাইনও দাবি করে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল পৃথক এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ চীন সাগরে চীনের জলসীমার কাছাকাছি যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজের আনাগোনা ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা খর্ব করছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কে বাধার’ সৃষ্টি করছে।