যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে বোমা হামলাসহ একাধিক হামলা ও বিস্ফোরকদ্রব্য পেতে রাখার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার আফগান বংশোদ্ভূত মার্কিন নাগরিক আহমাদ খান রাহামিকে গত মঙ্গলবার অভিযুক্ত করেছেন আদালত। তাঁর বিরুদ্ধে চারটি অভিযোগ আনা হয়েছে। এর মধ্যে গণবিধ্বংসী অস্ত্রের ব্যবহার, জনসমাগমের স্থানে বোমা হামলা ও বিস্ফোরক ব্যবহার করে সম্পদ ধ্বংসের অভিযোগ রয়েছে। অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, রাহামির নিজ শহর নিউজার্সির এলিজাবেথের বাড়িতে পাওয়া পাঁচটি পাইপবোমা ও চেলসিতে নিষ্ক্রিয় করা দ্বিতীয় বোমাটিতে তাঁর আঙুলের ছাপ পাওয়া গেছে। গত শনিবার ২৪ ঘণ্টায় ম্যানহাটনসহ তিন জায়গায় তিনটি হামলা-বিস্ফোরণ হয়। এর মধ্যে ম্যানহাটনের চেলসি এলাকায় বোমা হামলায় ৩১ জন আহত হন। রোববার রাতে নিউজার্সির এলিজাবেথ রেলস্টেশনের কাছে সন্দেহজনক বিস্ফোরকদ্রব্য দেখার পর নিষ্ক্রিয় করতে গেলে তা বিস্ফোরিত হয়। এএফপি।