সফল ব্যবসায়ী রোকসানা

‘কোনো কাজকে ছোট করে দেখতে নেই। একজন নারী হিসেবে মাথা নিচু করে থাকারও প্রয়োজন নেই। আমেরিকায় যেকোনো নারী চাইলে তাঁর স্বকীয়তা নিয়ে নিজেকে একজন সফল ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন। অনেকে বলেন, মেয়েদের জেদ থাকা ভালো না। আমি বলি ভালো। জেদকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে উন্নতির সোপান ছোঁয়া কোনো ব্যাপার না। আমার ডিকশনারিতে না বলে কোনো কথা নেই।’ একজন শতভাগ সফল নারী উদ্যোক্তা রোকসানা আলম কেয়া প্রথম আলোকে এ কথা বলেন।
দীর্ঘ ১২ বছর ধরে তিলে তিলে গড়ে তুলেছেন ক্যানসাসের উচিটা শহরে এশিয়ান গ্রোসারি। ২০০৫ সালে শুরু করা এ ব্যবসা এখন পরিপূর্ণতা পেয়েছে। এশিয়ান লোকজনের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো এশিয়ান গ্রোসারি। রোকসানা নিজেকে আরও এগিয়ে নিতে চান। ভবিষ্যতে আমেরিকার-হাব অব ইকোনমি টেক্সাস রাজ্যে ব্যবসা করার পরিকল্পনা রয়েছে তাঁর। নিজেকে আপাদমস্তক একজন ব্যবসায়ী হিসেবে ভাবতে গিয়ে তিনি বলেন, জীবনের নানা বাঁকে সমস্যা আসবে। ধৈর্যের সঙ্গে সমস্যা সমাধানে এগিয়ে যেতে হবে।
১৯৯২ সালে বাংলাদেশ থেকে জার্মানি পাড়ি জমান। জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছুদিন চাকরি করেন। ২০০১ সালে স্বামীর সঙ্গে আমেরিকায় পা রাখেন। ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত স্বামী মনজুর আলমের সঙ্গে রিয়েল এস্টেট ব্যবসা করেন। তখন থেকে স্বামীর হাত ধরে সামনে এগিয়েছেন তিনি। সারা দিন তাঁর কাজে ডুবে থাকতে ভালো লাগে। কাজের ফাঁকে একমাত্র ছেলে ফায়াজকে সময় দিতে ভোলেননি তিনি। প্রতিদিন সকাল আটটা থেকে রাত অবধি কাজে ব্যস্ত থাকেন। তাঁর হাতে গড়া এশিয়ান গ্রোসারি এখন উচিটা শহরে ব্যস্ততম একটি গ্রোসারি পণ্যের দোকান। যেখানে রয়েছে মাছের রাজা ইলিশসহ নানা প্রজাতির হাওর-বাঁওড় ও নদ-নদীর মাছ। এ ছাড়া আছে ভারত, পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের শতাধিক পণ্যের সমাহার। হালাল মাংসও পাওয়া যায়। সপ্তাহে প্রতি শুক্রবার তাজা শাকসবজি পাওয়া যায়। তিনি জানান, ব্যবসা মানে স্বাধীনভাবে নিজেকে গড়ে তোলা। কারও প্রতি নির্ভর না হয়ে নিজের যা আছে তা দিয়ে এগিয়ে গেলে সফলতা আসবে। সারা বছর ব্যবসা করে বছর শেষে সরকারকে একটা বড় অঙ্কের ট্যাক্স পে করেন তিনি। এশিয়ান গ্রোসারি ক্যানসাসের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলায় সহায়তা করেন। আর এভাবে আমেরিকার মূলধারার অর্থনীতিতে অবদান রেখে চলেছেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি নিয়ে আমেরিকায় চলে আসেন। ব্যবসার পাশাপাশি তিনি বিভিন্ন ভাষার প্রতি মনোযোগী হন। বাংলা-ইংরেজির পাশাপাশি হিন্দি, উর্দু ও জার্মান ভাষায় তিনি পারদর্শী। সদালাপী রোকসানা আলম সবার কাছে কেয়া আপা নামে সুপরিচিত। বাংলাদেশের প্রথম জাতীয় গণপরিষদের সদস্য ও প্রথম সাংসদ (রাঙ্গুনিয়া) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার কৃতী সন্তান প্রয়াত ক্যাপ্টেন ডা. আবুল কাশেমের নাতনি।