সব অভিবাসীর পাশে থাকার অঙ্গীকার মেলিন্ডা ক্যাটজের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় বক্তব্য রাখছেন মেলিন্ডা ক্যাটজ। ছবি: এ হাই স্বপন
জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন আয়োজিত সভায় বক্তব্য রাখছেন মেলিন্ডা ক্যাটজ। ছবি: এ হাই স্বপন

অভিবাসীদের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত নিউইয়র্ক নগরের কুইন্স বরো প্রেসিডেন্ট মেলিন্ডা ক্যাটজ বাংলাদেশি-আমেরিকানসহ সব দেশের অভিবাসীদের পাশে থাকার অঙ্গীকার করেছেন। আগামী মেয়র নির্বাচনের সম্ভাব্য এই মেয়র প্রার্থী মেলিন্ডা ক্যাটজ প্রাথমিক নির্বাচনের প্রচারের অংশ হিসেবে কুইন্সের জ্যামাইকায় বাংলাদেশি-আমেরিকানদের সঙ্গে সভায় এই অঙ্গীকার করেন।
‘বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি ফর মেলিন্ডা ক্যাটজ’ ব্যানারে আয়োজিত এই সভা ৭ এপ্রিল সন্ধ্যায় জ্যামাইকার ইকরা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। এতে মেলিন্ডা ক্যাটজ অতীতের মতো ভবিষ্যতেও কমিউনিটির পক্ষে জোরালো ভূমিকা রাখার আশ্বাস দেন। পাশাপাশি বরো প্রেসিডেন্ট হিসেবে আগের মতোই কুইন্সবাসীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা সবাই মিলে নিউইয়র্ককে আরও অভিবাসীবান্ধব নগরে পরিণত করব। জ্যামাইকার বাংলাদেশি কমিউনিটির প্রাণের দাবি ‘শহীদ মিনার প্রকল্প’ বাস্তবায়নের জন্য নগর প্রশাসন বাজেট বরাদ্দ মঞ্জুর করেছে। তবে কোন আদলে শহীদ মিনার প্রকল্প বাস্তবায়ন হবে তা এখনো ঠক হয়নি।’
উল্লেখ্য, কুইন্স বরো প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে ২০১৩ সালে প্রথম জ্যামাইকায় বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে যোগ দেন। সেই অনুষ্ঠানে ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার জ্যামাইকা তথা নিউইয়র্কে স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠার দাবি জানান। এই পরিপ্রেক্ষিতে সেই সময় শহীদ মিনার প্রতিষ্ঠার ব্যাপারে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন মেলিন্ডা ক্যাটজ।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জ্যামাইকা মুসলিম সেন্টারের সাবেক সভাপতি ডা. ওয়াহিদুর রহমান ও আইনজীবী এন মজুমদার। কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিক মোর্শেদ আলম, সালেহ আহমেদ, মুক্তিযোদ্ধা শরাফ সরকার, বাংলাদেশ সোসাইটির কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, বিশিষ্ট ব্যবসায়ী এবিএম ওসমান গনি, শাহ নেওয়াজ, মোহাম্মদ আনোয়ার হোসেন, কাজী আশরাফ হোসেন নয়ন ও নার্গিস আহমেদ।
কুইন্স বরো কমিউনিটি বোর্ড মেম্বার ও জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ারের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মনির হোসেন, মূলধারার রাজনীতিক দীলিপ নাথ, ফ্রেন্ডস সোসাইটির উপদেষ্টা হুসনে আরা বেগম, সভাপতি শেখ হায়দার আলী, কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, কমিউনিটি অ্যাকটিভিস্ট খুরশেদ খন্দকার, রোকেয়া আক্তার প্রমুখ।