সব আমেরিকানের প্রেসিডেন্ট হব: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থিতা ঘোষণার পর প্রচারণার পুরোটা সময়জুড়ে নানা মন্তব্যের কারণে আলোচিত-সমালোচিত ধনাঢ্য ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্পের বিজয় ভাষণ ছিল একদমই অন্য রকম। বিজয় নিশ্চিত হওয়ার পর সমর্থকদের উদ্দেশে দেওয়া ভাষণে গতকাল বুধবার তিনি পুরো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার অভিপ্রায় ব্যক্ত করেন।
নিউইয়র্কে দলের প্রচার সদর দপ্তরের সামনে বক্তব্যের শুরুতেই সমর্থকদের ধন্যবাদ জানান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি মাত্রই মন্ত্রী হিলারির কাছ থেকে ফোন পেয়েছি। তিনি আমাদের জয়ে অভিনন্দন জানিয়েছেন। কঠিন লড়াইয়ের জন্য আমিও তাঁকে এবং তাঁর পরিবারকে ধন্যবাদ জানিয়েছি।’ তিনি বলেন, ‘হিলারি দীর্ঘ এবং কঠিন সময়ের মধ্য দিয়ে কাজ করেছেন এবং দেশের জন্য কাজ করায় তাঁর কাছে আমাদের অনেক ঋণ।’ রিপাবলিকান, ডেমোক্রেটিক ও ইনডিপেনডেন্ট পার্টির সবার প্রতি একতাবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমেরিকার বিভক্তির ক্ষত জোড়া দেওয়ার, ঐক্যবদ্ধ হওয়ার এখন সময়।
ট্রাম্প বলেন, ‘প্রতিটি নাগরিকের কাছে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব আমেরিকানের প্রেসিডেন্ট হব এবং এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।’ যুক্তরাষ্ট্রের যে নাগরিকেরা তাঁকে সমর্থন করেননি, তাঁদের উদ্দেশে তিনি বলেন, ‘একসঙ্গে কাজ করতে এবং আমাদের এই মহান দেশকে একতাবদ্ধ করতে পথনির্দেশনা এবং সহায়তার জন্য আমি আপনাদের দিকে হাত বাড়াচ্ছি।’
ট্রাম্প বলেন, ‘আমি পুরো বিশ্বকে জানিয়ে দিতে চাই, আমরা যুক্তরাষ্ট্রের স্বার্থকেই সবার আগে রাখব, তবে বাকিদেরও বঞ্চিত করা হবে না। আমরা সহাবস্থান চাই, শত্রুতা নয়; সহযোগিতা চাই, সংঘাত নয়।’
ট্রাম্প দেশের প্রবৃদ্ধি দ্বিগুণ করার এবং সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে যুক্তরাষ্ট্রকে প্রতিষ্ঠা করার অভিপ্রায় ব্যক্ত করেন।