হিলারির ই-মেইল হ্যাক করতে রাশিয়াকে আহ্বান ট্রাম্পের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের ই–মেইল হ্যাক করতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গতকাল বুধবার ট্রাম্প দাবি করেন, হিলারি তাঁর করা ৩০ হাজার ই–মেইল তদন্ত দলের কাছে হস্তান্তর করেননি।

রাষ্ট্রীয় কাজে হিলারির ব্যক্তিগত ই–মেইল সার্ভার ব্যবহার নিয়ে তদন্ত চলছে। আর সে বিষয়টির প্রতি নজর দিয়ে তাঁর প্রতিদ্বন্দ্বী ট্রাম্প বলেন, ‘রাশিয়া, আপনারা যদি আমার কথা শুনে থাকেন তবে বলি, হিলারির ৩০ হাজার ই–মেইল হ্যাক করুন। আমার মনে হয়, আমাদের দেশের গণমাধ্যমও এতে খুবই খুশি হবে।’

এর আগে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্পের পক্ষে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করছে রাশিয়া, এমন সম্ভাবনা তিনি বাতিল করতে চান না। ওবামা বলেন, ‘সবকিছুই সম্ভব।’

নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনয়ন নিয়ে ফিলাডেলফিয়ায় কনভেনশন চলার সময়ই উইকিলিকস ডেমোক্রেটিক পার্টির ন্যাশনাল কমিটির ই-মেইল প্রকাশ করে। ওই সব ই-মেইলে হিলারি ক্লিনটনের প্রতিদ্বন্দ্বী স্যান্ডার্সের বিপক্ষে দলের মধ্যেই গোপন ষড়যন্ত্রের ইঙ্গিত মেলে। তবে ওবামা রাশিয়ার দিকে অঙ্গুলি নির্দেশ করলেও দেশটি ইতিমধ্যে এসব অভিযোগ অস্বীকার করেছে।