সব চোখ বিতর্কের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প
হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে আগামী সোমবার দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন এবং রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প প্রথম বিতর্কে অবতীর্ণ হচ্ছেন। হিলারি হঠাৎ করেই এ নির্বাচনী লড়াইয়ে একটু ঝুঁকিতে পড়ে গেছেন। এ অবস্থাতেই হচ্ছে এ বিতর্ক। নির্বাচনে এই বিতর্ক বড় ভূমিকা পালন করবে বলেই মনে করছেন নির্বাচনী বিশ্লেষকেরা।
প্রেসিডেন্ট নির্বাচনের বিতর্ক বিষয়ের বিশ্লেষকেরা বলছেন, আগামী দিনগুলোতে তিনি বর্তমানের চেয়ে কী ভিন্নতা আনতে পারেন, সে বিষয়ে হিলারিকে স্পষ্ট ধারণা দিতে হবে। অন্যদিকে ট্রাম্পকে তাঁর সমালোচকদের আশ্বস্ত করতে হবে যে, তিনি কমান্ডার-ইন-চিফ হিসেবে প্রস্তুত রয়েছেন।
নিউইয়র্কের হেম্পস্টেডের হোফস্ট্রা ইউনিভার্সিটিতে দেড় ঘণ্টার এ বিতর্ক অনুষ্ঠিত হবে। এমন সময় এ বিতর্ক হচ্ছে, যখন ট্রাম্পের সঙ্গে হিলারির ব্যবধান অনেকটা কমে এসেছে নানা জনমত জরিপে।

রয়টার্স/ইপসস জরিপ বলছে, অন্তত ২০ শতাংশ ভোটার এখনো নির্বাচনে কাকে ভোট দেবেন তা ঠিক করেননি। আগের নির্বাচনে ঠিক এই সময় এমন সিদ্ধান্ত না নেওয়া ভোটারের সংখ্যা ছিল ১২ শতাংশ।

গত মঙ্গলবার স্টিভ হারভে রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হিলারি বলেন, ‘এযাবৎ আমার বিরোধী পক্ষের নানা অপমান, তুচ্ছতাচ্ছিল্যের জবাব আমি যেভাবে দিয়েছি, বিতর্কেও তেমনটা দেব।’

এ বিতর্ক দুই প্রতিদ্বন্দ্বীর মানুষের মন জিতে নেওয়ার একটা বড় সুযোগ। তাঁদের শরীরের ভাষাও এখানে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করবেন দর্শক তথা ভোটাররা।

ব্রেট ও’ডোনেল ২০০৪ সালের নির্বাচনে জর্জ ডব্লিউ বুশকে বিতর্কে প্রশিক্ষণ দিয়েছিলেন। তিনি বলেন, ‘উপস্থাপনার বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। হিলারিকে এ নিয়ে চর্চা করতে হবে।’

নিউইয়র্কের বাড়িতে গত সপ্তাহের বেশি সময় ঘনিষ্ঠ সহকর্মীদের নিয়ে বিতর্কের প্রস্তুতি নিয়েছেন হিলারি।

১৬ জন রিপাবলিকান প্রার্থীকে তাৎক্ষণিক কথা বলার দক্ষতায় ঘায়েল করেছেন ট্রাম্প। আর এর ভরসাতেই তিনি এ বিতর্কে যাচ্ছেন। রিপাবলিকান পার্টির সাবেক সিনেটর জুড গ্রেগ মনে করেন, কেবল সেই তাৎক্ষণিক ক্ষমতার ওপর ভিত্তি করে ট্রাম্প এগোচ্ছেন না, তাঁর বড় ধরনের প্রস্তুতি আছে।