সব ধরনের বহিষ্কার স্থগিত করুন: মঈন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ অ্যাটর্নি মঈন চৌধুরী আমেরিকায় স্টেট অব ইমার্জেন্সি চলাকালে নির্বাহী আদেশের মাধ্যমে ইমিগ্রেশন সংক্রান্ত সব ধরনের বহিষ্কার স্থগিত করতে আমেরিকার প্রশাসন ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। জ্যাকসন হাইটসের একটি পার্টি সেন্টারে ১৭ মার্চ এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
অ্যাটর্নি মঈন বলেন, আমেরিকাসহ সারা বিশ্বে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বর্তমান পরিস্থিতি এবং প্রভাব গভীর উদ্বেগের বিষয়। প্রতিদিন আমরা দেখছি করোনা ভাইরাস-সংক্রমিত লোকের সংখ্যা ক্রমাগত বাড়ছে। আমেরিকায় কোভিড-১৯–এ সংক্রমিত মানুষের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে (৭ হাজার ৩০০ বুধবার) এবং মৃত্যুর সংখ্যা ৯৪ (১১৬ জন বুধবার) জনের বেশি। এ পরিস্থিতিতে কোন ধরনের সামাজিক জমায়েত মারাত্মক হতে পারে। এ জাতীয় জরুরি অবস্থায়, আমাদের সম্প্রদায়ের মধ্যে এই রোগ সংক্রমণ এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা গুরুত্বপূর্ণ।
মঈন বলেন, জরুরি সাবধানতা অবলম্বন করা করা না হলে এই ভাইরাস সীমিত করা যাবে না, আগামী দিনে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকবে। আমেরিকায় অনেক বাণিজ্যিক সংস্থা এবং এজেন্সি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তাদের কার্যালয়গুলো বন্ধ করে দিয়েছে এবং এই মারাত্মক ভাইরাসের আরও বিস্তার কমাতে তাদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত এই অ্যাটর্নি বলেন, এ অবস্থায় আমেরিকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এ সময় সব ধরনে বহিষ্কার স্থগিত করতে হবে, সব ইওআইআর শুনানি স্থগিত করতে হবে, সব বায়োমেট্রিক এবং অন্যান্য অ্যাপয়েন্টমেন্টগুলো স্থগিত করতে হবে, ১৮০ দিনের অ্যাসাইলাম ইএডি ঘড়িটি না থামিয়ে সব অ্যাসাইলাম ইন্টারভিউ স্থগিত করতে, আটক কেন্দ্রে আটক ব্যক্তিদের নিরাপদ রাখতে আইসকে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখতে হবে, মানুষকে আরও ফ্লেক্সিবল বন্ডে (সহজ মুচলেকা) মুক্তির অনুমতি দিতে হবে। এ ছাড়া জনাকীর্ণ আটক ও আশ্রয়কেন্দ্রগুলো স্থানান্তর করতে হবে।
ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে অ্যাটর্নি মঈন বলেন, অ্যাপ্লিকেশন বা আবেদনগুলোর একটি সময়সীমা রয়েছে, তাদের দেরিতে ফাইলিং গ্রহণ করার সুযোগ দিন। সেই সঙ্গে যাদের কেস ইমিগ্রেশন কোর্টে নির্ধারিত আছে, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাদেরকে অ্যাটর্নিদের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানান।