
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের শার্লটসভিলেতে সহিংসতার ঘটনায় জড়িয়ে পড়া সব পক্ষকেই দোষারোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
কু ক্ল্যাক্স ক্ল্যান (কেকেকে) ও অন্য বর্ণবাদী গ্রুপের সদস্যদের সঙ্গে গত শনিবার বিরোধী বিক্ষোভকারীদের সংঘর্ষে একজন নিহত এবং প্রায় অর্ধশত আহত হন। এর মধ্যে জেমস ফিল্ডস নামের ২০ বছর বয়সী এক বর্ণবাদী সমর্থক বিরোধীদের ওপর গাড়ি উঠিয়ে দিলে ওই বিরোধী বিক্ষোভকারী নিহত হন। এ ঘটনায় আহত হন ১৯ জন। ওই দিন টুইটারে প্রেসিডেন্ট ট্রাম্প ঘৃণার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। পরে এক বিবৃতিতে তিনি ‘বিভিন্ন পক্ষে’ যে ঘৃণা ও সহিংসতা দেখানো হয়েছে, তার নিন্দা জানান। কিন্তু সরাসরি বর্ণবাদীদের বিরুদ্ধে কিছু না বলায় খোদ রিপাবলিকান দলের ভেতরেই অনেক শীর্ষস্থানীয় নেতা তাঁর সমালোচনায় মুখর হয়ে ওঠেন। এরপর গত সোমবার এক বিবৃতিতে বর্ণবাদীদের নিন্দা করেন ট্রাম্প। এর পরদিনই সহিংসতায় জড়িয়ে পড়া বর্ণবাদবিরোধী পক্ষেরও সমালোচনা করলেন তিনি।
মঙ্গলবার প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ভার্জিনিয়ার ঘটনাটি নিয়ে বারবার প্রশ্নের মুখোমুখি হওয়ায় তিনি বিরক্ত বোধ করছেন। তিনি বলেন, ‘আমি মনে করি উভয় পক্ষই দোষী।’ এ সময় ট্রাম্পের সঙ্গে উপস্থিত ছিলেন হোয়াইট হাউসে নবনিযুক্ত চিফ অব স্টাফ সাবেক মেরিন জেনারেল জন কেলি।
প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের বলেন, সহিংসতায় ‘একটা পক্ষ ছিল যারা খারাপ এবং আরেকটা পক্ষ ছিল যারা অত্যন্ত সহিংস। কেউই এ কথা বলতে চায় না।’ তিনি বলেন, ‘অলট-লেফটদের (বিকল্প বামপন্থী) কী অবস্থা, যেমনটা আপনারা অলট-রাইটদের (বিকল্প ডানপন্থী) ব্যাপারে বলেন? তাদের চেহারায় অন্যায়ের কোনো আভাস রয়েছে? একটা গল্পে দুটো পক্ষ থাকে।’
কু ক্ল্যাক্স ক্ল্যানের সাবেক প্রধান এবং শনিবারের র্যালির অন্যতম চরিত্র ডেভিড ডিউক প্রেসিডেন্ট ট্রাম্পের মঙ্গলবারের মন্তব্যকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘সততা ও সত্য বলায় সাহসিকতার জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট ট্রাম্প আপনাকে ধন্যবাদ।’
তবে ভার্জিনিয়া থেকে নির্বাচিত সিনেটর ও ডেমোক্রেটিক দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রার্থী টিম কেইন বলেছেন, শার্লটসভিলের সহিংসতার জন্য বর্ণবাদীরাই দায়ী।