সব সময় বাংলাদেশিদের পাশে কাজি আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজী আশরাফ হোসেন নয়ন
কাজী আশরাফ হোসেন নয়ন

আমেরিকার বৃহৎ সামাজিক সংগঠন বাংলাদেশ সোসাইটির সভাপতি পদপ্রার্থী ও ফোবানার সাবেক আহ্বায়ক সদালাপী, মেধাবী, পরিশ্রমী, সমাজসেবক, শিল্পপতি নিউইয়র্কের বাঙালি জনসমাজের পরিচিত নাম কাজী আশরাফ হোসেন নয়ন। মিরসরাইয়ের এই কৃতি সন্তান বর্তমানে নিউইয়র্ক নগরের ব্রুকলিনে বসবাস করেন।
মিরসরাইয়ের ১১ নম্বর মঘাদিয়া ভূঁইয়া পাড়া কাজী বাড়িতে আশরাফ হোসেন ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। প্রয়াত ডা. কাজী আজিজুল হক ও প্রয়াত কাজী ছেমনা বেগমের চতুর্থ সন্তান কাজী নয়ন ছোটবেলা থেকেই ছিলেন মেধাবী ছাত্র। লেখাপড়া করেন আবু তোরাব হাই স্কুল, নিজামপুর কলেজ ও চট্টগ্রাম সিটি কলেজে। পড়াশোনা শেষে আবু তোরাব উচ্চবিদ্যালয়েই কিছুদিন খণ্ডকালীন শিক্ষক ছিলেন।
আশরাফ হোসেন ১৯৮৮ সালে স্বপ্নের দেশ আমেরিকায় আসেন। মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে সাফল্য লাভ করেন। একটি সুন্দর জনসমাজ গঠনের লক্ষ্যে এখানে প্রতিষ্ঠা করেন মিরসরাই সমিতি ইউএসএ। তিনি ছিলেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। সভাপতিরও দায়িত্ব পালন করেন। মিরসরাইয়ের মানুষকে ঐক্যবদ্ধ করে আমেরিকায় গড়ে তোলেন মিরসরাই মানুষের মিলনমেলা।
কাজি আশরাফসহ বেশ কয়েকজনের শ্রমে মিরসরাই সমিতি এখন বড় সংগঠনে রূপ নিয়েছে। তাঁর আমেরিকায় আসার লক্ষ্য অর্জিত হয়েছে বলে মনে করেন তিনি। বর্তমানে তিনি কুইক হোম রিয়্যালটি করপোরেশন, স্টার হোম প্রোপার্টি এলএলসি, ফোর টুয়েন্টি টু ওয়ান ফোরটি এইট এলএলসি, কাজী রিয়্যালটি লিমিটেডসহ বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া তিনি ইন্টারন্যাশনাল লায়ন ফাউন্ডেশন, বাংলাদেশ ও চট্টগ্রাম লায়ন ফাউন্ডেশনের আজীবন সদস্য।
কাজি আশরাফের চার কন্যাসন্তান আমেরিকায় মেধার স্বাক্ষর রেখে চলেছেন। তিনি ও পুরো পরিবার বাঙালি সংস্কৃতিকেই জীবনযাপনে প্রাধান্য দিচ্ছেন। কাজী আশরাফ বলেন, ‘আমি সব সময় আমার দেশ ও সংস্কৃতিকে বুকে লালন করি। সে জন্যই কমিউনিটিতে সময় দিই।’
আমেরিকায় কেউ বিপদে পড়লে ধর্ম–বর্ণ–নির্বিশেষে তাঁর উপকারে এগিয়ে আসেন সফল এই ব্যবসায়ী। সার্বিক সহযোগিতা ছাড়া অভিবাসন বিষয়ে অনেক ব্যক্তির সহযোগিতায় তিনি এগিয়ে এসেছেন। আমেরিকায় থাকলেও দেশের উন্নয়নেও সময় দেন তিনি। তার জন্মস্থান মিরসরাইয়ে প্রতিবছর বর্ষা মৌসুমে ৬০০–৭০০ গরিব–দুঃখী মানুষের মধ্যে চাল বিতরণ করেন। এ ছাড়া মঘাদিয়া ইউনিয়নে একটি উচ্চ বিদ্যালয় করার স্বপ্ন আছে তাঁর, যাতে গরিব ও মেধাবী শিক্ষার্থীরা সেখানে উন্নত লেখাপড়ার সুযোগ পায়।
কমিউনিটি প্রসঙ্গে জানতে চাইলে কাজি আশরাফ বলেন, ‘সব ভেদাভেদ ভুলে হিংসা–বিদ্বেষের বাইরে থেকে কমিউনিটি ও দেশের উন্নয়নে সবাই মনোযোগী হয়ে কাজ করলে আমাদের দেশ একদিন আরও উন্নতির শিখরে পৌঁছাবে।’ তিনি আরও বলেন, বেশির ভাগ সময় রমজান মাসে দেশে যান এবং প্রায় ৫০ লাখ টাকার গরু-ছাগল, চাল-ডালসহ বিভিন্ন সামগ্রী দুস্থদের মধ্যে বিতরণ করেন। আগামী ৯ মে দেশে যাচ্ছেন এই সমাজকর্মী। সেখানে দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এ ছাড়া রোহিঙ্গাদের মধ্যেও ত্রাণ বিতরণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।