সবকিছু ছাপিয়ে আলোচনায় হিলারি-ট্রাম্পের স্বাস্থ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও  হিলারি ক্লিনটন
ডোনাল্ড ট্রাম্প ও হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র আট সপ্তাহ বাকি। এই মুহূর্তে সবকিছু ছাপিয়ে প্রধান আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে প্রধান দুই প্রার্থীর স্বাস্থ্যের ইস্যুটি। ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের স্বাস্থ্য সমস্যা নিয়ে উদ্বিগ্ন তাঁর সমর্থকেরা। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্যগত সমস্যা নিয়েও মেতে উঠেছে মার্কিন গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রেসিডেন্ট নির্বাচনের ইতিহাসে প্রধান দুই প্রার্থীর স্বাস্থ্য সমস্যা নিয়ে এমন উদ্বেগ আর এখনো দেখা যায়নি। স্বাস্থ্যগত কারণে কোনো প্রার্থী দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন বা পারবেন না—এ নিয়ে আলোচনায় মেতে উঠেছেন মার্কিনরা।

ডেমোক্র্যাট পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের শারীরিক অবস্থার ‘ক্রমাগত’ উন্নতি হচ্ছে। ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে ৯/১১-এ নিহত ব্যক্তিদের স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হিলারি অজ্ঞান হয়ে যান। এরপরই তাঁর নির্বাচনী প্রচার শিবির থেকে জানানো হয়, হিলারি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। তাঁর চিকিৎসক লিসা বারডেন গতকাল বুধবার জানিয়েছেন, অ্যান্টিবায়োটিক সেবন ও বিশ্রাম গ্রহণের কারণে হিলারির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

চিকিৎসক বারডেনের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম বলেছে, ‘হিলারি ক্রমাগত সুস্থতার দিকে যাচ্ছেন। তিনি স্বাস্থ্যগত দিক থেকে আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে সক্ষম হবেন।’

এদিকে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবির থেকে হিলারি ক্লিনটনের স্বাস্থ্য সমস্যা নিয়ে প্রথমে নীরবতা পালন করা হয়। প্রকাশ্যে সমবেদনা জানিয়ে বিবৃতি পর্যন্ত দেওয়া হয়নি। গতকাল রাতে ওহাইও অঙ্গরাজ্যে দেওয়া এক বক্তব্যে ট্রাম্প বলেছেন, তিনি আশা করেন, হিলারি ক্লিনটন দ্রুত সেরে উঠবেন। তবে তিনি যোগ করেন, হিলারি এখন বিছানায় শুয়ে আছেন। সমবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘বন্ধুরা, আমি জানি না কী হবে। তবে আপনারা কি মনে করেন হিলারি আপনাদের সামনে এক ঘণ্টা দাঁড়িয়ে থাকতে পারবেন?’

স্বাস্থ্য সমস্যা নিয়ে আমেরিকার জনগণের উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার বিখ্যাত চিকিৎসক মেহমেথ ও জিকে নিয়ে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে একটি আলোচনা রেকর্ড করেছেন। এ আলোচনার সূত্রের বরাত দিয়ে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার বিষয়টি টেলিভিশনে প্রকাশ করা হবে।

সূত্রের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ-সংক্রান্ত তাদের প্রতিবেদনে বলেছে, ৭০ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প তাঁর কোলেস্টরেল নিয়ন্ত্রণের জন্য নিয়মিত ওষুধ সেবন করেন। ৬ ফুট ২ ইঞ্চি দীর্ঘ ট্রাম্পের ওজন ২৩৬ পাউন্ড। এনবিসি নিউজ চিকিৎসক ও জির বরাত দিয়ে বলেছে, ট্রাম্পের ওজন স্বাভাবিকের চেয় বেশি।

ট্রাম্পের শারীরিক সমস্যার তথ্য প্রকাশ করার জন্য নানা মহল থেকে চাপ ছিল। তাঁর শারীরিক তথ্যের বিবরণ আগে কখনো জানানো হয়নি।

রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তুলনায় ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের স্বাস্থ্যগত বিবরণী অনেকটাই বিস্তারিত প্রকাশিত হয়েছে। রক্ষণশীল সংবাদমাধ্যমগুলো এবং ডোনাল্ড ট্রাম্পের সমর্থক প্রচারমাধ্যমগুলো হিলারি ক্লিনটনের স্বাস্থ্য সমস্যা নিয়ে সংশয় সৃষ্টি করার চেষ্টা অব্যাহত রেখেছে। যদিও হিলারি শিবির থেকে এ সংশয় দূর করার জন্য চেষ্টা অব্যাহত রয়েছে।