সবকিছুই জানতেন বুশ, দাবি চেনির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ডব্লিউ বুশ
জর্জ ডব্লিউ বুশ

আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আটক লোকজনকে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে সেসময়কার প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সবকিছুই জানতেন।
আজ বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন বুশের ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি।
সিআইএর বিতর্কিত জিজ্ঞাসাবাদ কৌশল নিয়ে সিনেট গোয়েন্দা কমিটির প্রতিবেদনকে ‘বাজে কথা’ বলেও আখ্যা দিয়েছেন চেনি। খবর বিবিসি।
গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সিনেট ইনটেলিজেন্স কমিটি একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে ২০০১ সালে নাইন ইলেভেন হামলা-পরবর্তী সময়ে সন্ত্রাসবাদ ও আল-কায়েদার সঙ্গে জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের ওপর সিআইএর নির্মম নির্যাতনের চিত্র উঠে আসে।
তবে আজ সাক্ষাৎকারে রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট ডিক চেনি বলেন, ‘প্রতিবেদনে বলার চেষ্টা করা হয়েছে যে আমাদের কিছু জানানো হয়নি বা প্রেসিডেন্টকে কিছু জানানো হয়নি। কিন্তু না জানানোর এ কথা মিথ্যা।’ ডিক চেনি বলেন, ‘তখনকার প্রেসিডেন্ট বুশ সিআইএর জিজ্ঞাসাবাদের কৌশল সম্পর্কে যা জানা দরকার, তার সবকিছুই জানতেন।’
সিনেট কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, বুশের আমলে জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের নির্যাতন করলেও সিআইএ মার্কিনবিরোধী কোনো ষড়যন্ত্র নস্যাৎ করতে ব্যর্থ হয়েছে। কিন্তু সিআইএর কর্মকর্তারা বলছেন, এভাবে জিজ্ঞাসাবাদ করা না হলে যুক্তরাষ্ট্র কোনোভাবেই আল-কায়েদার প্রতিষ্ঠাতা ওসামা বিন লাদেনের সন্ধান পেত না। তাঁকে হত্যা করাও সম্ভব হতো না।

আরও জানতে পড়ুন