
ব্রুকলিন বরোর কেনসিংটন এলাকায় বাংলাদেশিদের সংখ্যাটা সবচেয়ে বেশি। কারও হিসাবে এ সংখ্যা ৩০ হাজার, কেউবা বলেন অন্তত ৫০ হাজার। হিসাব যা-ই হোক, কেনসিংটনকে ঘিরেই আবর্তিত হয় বাংলাদেশিদের সবকিছু। ১৯৮০-এর দশকে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে যার গোড়াপত্তন হয়েছিল, তা এখন একাধিপত্যে রূপ নিয়েছে। বিভিন্ন ব্যবসা থেকে শিক্ষা সবকিছুতেই এখানে বাংলাদেশিদের প্রাধান্য। আর ঠিক একইভাবে এই সবকিছুতেই রয়েছে বিভক্তিও।
ব্রুকলিনের কেনসিংটনেই বাংলাদেশিদের উপস্থিতি সবচেয়ে বেশি। বাংলাদেশি পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ধর্মীয় প্রতিষ্ঠান-সবকিছুই এই কেনসিংটনকে কেন্দ্র করেই চলে। ওজোন পার্ক এলাকার পর বরোর ফুলটন, নিউকার্ক, ভেন্ডারবিল এলাকায় বাংলাদেশিদের আবাসন বাড়লেও সেসব এলাকায় সংগঠনভিত্তিক কর্মকাণ্ড এখনো ব্যাপক হয়ে ওঠেনি।
কেনসিংটনের চার্চ অ্যাভিনিউ ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে ১৯৮০-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশি একটি ব্যবসা প্রতিষ্ঠান চালুর মধ্য দিয়ে যে গোড়াপত্তন, সেটি এখন একাধিপত্যে রূপ নিয়েছে। এখন চার্চ-ম্যাকডোনাল্ড আর বাংলাদেশি জনসমাজ সমার্থক হয়ে গেছে। এখানকার প্রায় সব ব্যবসা প্রতিষ্ঠানের মালিকানা বাংলাদেশিদের। অনেক বাড়ির মালিকও বাংলাদেশিরা। কেনসিংটনের সাতটি রেস্তোরাঁর ছয়টিই বাংলাদেশিদের; গ্রোসারিগুলোও তাদের। দিনে-রাতে আড্ডায় বাংলাদেশিরা। রাস্তা বন্ধ করে মেলায় বাংলাদেশিরা। আশপাশের স্কুলগুলোয়ও বাংলাদেশিদের সন্তানদের জয়জয়কার। এত কিছুর মধ্যেও এই জনসমাজে কোনো ঐক্য নেই। বিভক্তির দেয়াল তোলা আছে সবকিছুতে, এমনকি মসজিদেও।
চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউ এলাকায় বাংলাদেশি পরিচালিত সামাজিক সংগঠন রয়েছে অন্তত ২৪টি। চট্টগ্রাম, নোয়াখালী ও কুমিল্লা জেলার বাসিন্দাদের রয়েছে একটি করে সংগঠন। উপজেলাভিত্তিক সংগঠন রয়েছে চার-পাঁচটি। এর মধ্যে সবচেয়ে এগিয়ে সন্দ্বীপ উপজেলা। সন্দ্বীপবাসীদের উপজেলাভিত্তিক সংগঠন দুটি। রয়েছে শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক তাদের আরও দুটি সংগঠন। সন্দ্বীপবাসীদের পুরোনো সংগঠন সন্দ্বীপ অ্যাসোসিয়েশন, উত্তর আমেরিকা। একসময়ের বেশ জনপ্রিয় ও সদস্যবহুল এ সংগঠন ভেঙে জন্ম নেয় সন্দ্বীপ সোসাইটি। এখানেই শেষ নয়, সন্দ্বীপের ইউনিয়নভিত্তিক সংগঠন রয়েছে অন্তত ১০টি।
কেন? ‘নেতৃত্বের লোভ, আর ঈর্ষা’, বললেন সন্দ্বীপ সোসাইটির উপদেষ্টা ও সাবেক নির্বাচন কমিশনার ওমর ফারুক মাসুক। তাঁর মতে, ‘সবাই নিজেকে নেতৃত্বের যোগ্য মনে করেন। নেতা হতে একজন মানুষকে যে ধাপে ধাপে নিজেকে তৈরি করতে হয়, এ ধারণাই এখানকার অনেক নেতার নেই। তাঁরা অর্থকে সবকিছুর মাপকাঠি হিসেবে বিবেচনা করেন।’
চট্টগ্রামবাসীর সংগঠন চট্টগ্রাম সমিতিও বিবাদে-বিসম্বাদে জর্জরিত। সংগঠনটির নির্বাচন নিয়ে বিভক্তির প্রকাশ্যে এসেছিল বছর দু-এক আগে। সেটি আরও খারাপের দিকে যায়, যখন আইন আদালত করে সমিতির দায়িত্ব দখলে নেওয়া পক্ষটি নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ে। বৃহত্তর নোয়াখালী সমিতির নেতাদের মধ্যকার বিভেদ খুব একটা প্রকাশ্য হয়নি, তাদের একে অন্যকে প্রতিপক্ষ না বানানোর কারণে। কিছু কিছু সংগঠনের ভেতরে বিরোধ রয়েছে ছাইচাপা আগুনের মতো।
কেনসিংটনে বাংলাদেশিদের দ্বারা পরিচালিত মসজিদ নিয়েও রয়েছে বিভক্তি। এক ব্লকে মসজিদ রয়েছে দুটি। করটেলইউ রোড ও ম্যাকডোনাল্ড অ্যাভিনিউয়ের সংযোগস্থলে অবস্থিত মসজিদ বাংলাদেশ মুসলিম সেন্টার আওয়ামী লীগপন্থীদের নিয়ন্ত্রণে। এটি এই এলাকার প্রথম ও সবচেয়ে বড় মসজিদ। অন্যটি বায়তুল জান্নাহ; দেখভাল করেন বিএনপি ঘরানার লোকজন। কাছাকাছি দূরত্বে আরও দুটি মসজিদ রয়েছে, যেগুলো তৈরি হয়েছে ভিন্নমত ও আদর্শের প্রভাবে। এর মধ্যে ব্রুকলিন ইসলামিক সেন্টার জামায়াতে ইসলামীর আদর্শে বিশ্বাসীদের দ্বারা পরিচালিত।
সব ক্ষেত্রেই বিস্তার পাওয়া এই বিভক্তির প্রকাশ ঘটে বাংলাদেশের জাতীয় দিবস পালনের ক্ষেত্রেও। একপক্ষ সব দিবস পালন করে বেশ আয়োজন করে। অন্য পক্ষের বক্তব্য, জাতীয় দিবস ও সাংস্কৃতিক অনুষ্ঠান নিজেদের মধ্যে বিভক্তি বাড়ায়।
এ তো গেল সামাজিক সংগঠনের কথা। বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর আদর্শে বিশ্বাসীরাও বহুধাবিভক্ত। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের তিন সহসভাপতি থাকেন ব্রুকলিনে। তাদের মধ্যে মতভেদ থাকলেও এর প্রভাব ব্রুকলিনে তেমন একটা দৃশ্যমান নয়। নিউইয়র্ক সিটি আওয়ামী লীগ ও এর স্থানীয় ইউনিটগুলোতে বিভক্তি রয়েছে। এ কারণে ব্রুকলিন আওয়ামী লীগের নেতার সংখ্যা অনেক হলেও দলীয় কর্মসূচি যথেষ্ট নয়। বিএনপিরও একই দশা। দুই ভাগে বিভক্ত হয়ে আছে দলটির নেতা-কর্মীরা। কখনো কখনো এক-একটা উপদলে অনুদলও তৈরি হয়। দল বা সংগঠনের বাইরে ব্যক্তিতে ব্যক্তিতেও কখনো কখনো চরম বিরোধ দেখা যায়। এমনকি একই চিন্তার মানুষগুলোর মধ্যেও বিভক্তি দেখা যায়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ লুত্ফুল করিমের মতে, ‘নেতৃত্বে স্বচ্ছতা না থাকায় এত বিভক্তি। নেতৃত্ব যখন সংগঠনে একচ্ছত্র আধিপত্য বিস্তার করতে চায়, তখন বিরোধের ক্ষেত্র তৈরি হয়। শুধু এই বিভক্তির কারণে আমরা পিছিয়ে পড়ছি। কমিউনিটির সবার স্বার্থকে উপরে রেখে সবাই একসঙ্গে বসে একটি অভিন্ন কর্মপন্থা ঠিক করতে পারলে সামনে এগিয়ে যাওয়া সম্ভব।’
এ বিষয়ে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা মনে করেন, ‘বাংলাদেশ থেকেই বিভেদের রাজনীতি নিয়ে এখানে এসেছেন সবাই। বিভেদের জন্মটা রাজনৈতিক। আমাদের সন্তানদের কমিউনিটির নেতৃত্বে আনা না গেলে এবং এই বিভক্তি এভাবে চললে কেনসিংটনে বাংলাদেশি কমিউনিটির এমন কার্যকলাপ একদিন বিলীন হয়ে যাবে।’
বিভক্তি রয়েছে ব্যবসায়ীদের মধ্যে। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশন নামে যে সংগঠন এ এলাকায় সক্রিয়, তার সদস্যদের মধ্যে দুটি ভাগ রয়েছে। আলাদা করে কর্মকাণ্ড চালাচ্ছেন তাঁরা। এ সংগঠনের নির্বাচনকে ঘিরে এ বিভক্তি আরও স্পষ্ট হয়েছে।
এ বিষয়ে চার্চ-ম্যাকডোনাল্ড বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল আলম বাপ্পি বলেন, ‘ব্রুকলিনে বাংলাদেশিদের বিভক্তির মূলে আমি নেতৃত্বের অভাবকে দায় দেব। বিভক্তির এ বেড়াজাল থেকে বের হওয়া খুব কঠিন কাজ। আমাদের সন্তানেরা এসব কারণে বাংলাদেশি কমিউনিটি বিমুখ হয়ে যাচ্ছে। তারা প্রতিদিনই জানছে, আমরা একে অন্যের বিরুদ্ধে কিভাবে নোংরামি করছি।’
সংগঠনগুলোর নেতৃত্বে এত বিভক্তি কেন? এ বিষয়ে অনেকের সঙ্গে কথা বলা হয়েছে। সবার কথায় একটি বিষয় স্পষ্ট, সংগঠনের নেতা নির্বাচন প্রক্রিয়ায় গলদ রয়েছে। নেতৃত্বে স্বচ্ছতা নেই, জবাবদিহি নেই। নির্বাচন ছাড়াই সংগঠনের সদস্যদের পছন্দ ছাড়াই নির্বাচিত হন নেতা। গণতান্ত্রিক কোনো রীতিনীতির বালাই নেই এতে। ফলে কেনসিংটনে বাংলাদেশিদের মধ্যে সর্বজনগ্রহণযোগ্য কোনো নেতৃত্ব গড়ে ওঠেনি। এলাকার কোনো কাজে সব এলাকা কিংবা আদর্শের লোকগুলোর একত্রিত হওয়ার সংস্কৃতি এখন আর অবশিষ্ট নেই।
ভিন্নমতের প্রতি সহনশীলতার অভাবকেই বিভক্তির মূল কারণ মনে করছেন বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউনুস সরকার। তাঁর মতে, ‘ব্রুকলিনের নেতাদের সবচেয়ে বড় সমস্যা, তাঁরা একে অন্যের ভালো সহ্য করতে পারেন না। অন্যের মতও না। কমিউনিটির জন্য ভালো কিছু করতে হলে সবাইকে একসঙ্গে বসতে হবে; আলোচনা করতে হবে।’
এই বিভক্তি রোধে এগিয়ে আসতে হবে সংগঠনগুলোর নেতাদেরই। কমিউনিটি অ্যাকটিভিস্ট আবদুল কাইয়ুম ভূঁইয়া মনে করেন, ‘নেতৃত্ব যত দিন সংগঠনকে নিজের সম্পত্তি মনে করা বন্ধ না করবে, তত দিন এই কমিউনিটিতে স্থিতি আসবে না। কমিউনিটির কর্মকাণ্ডে সৃষ্টিশীলতা ও বৈচিত্র্য আনা জরুরি। সে জন্য দরকার বলিষ্ঠ নেতৃত্ব। অর্থ নিয়ে নেতৃত্বের মাপকাঠি বিপজ্জনক।’
বাংলাদেশ সোসাইটির সাবেক সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম বলেন, ‘যেকোনো সমাজের সমৃদ্ধির জন্য প্রয়োজন দক্ষ নেতৃত্ব। এ নেতৃত্ব তৈরি হওয়ার জন্য প্রয়োজন সাংগঠনিক নিয়মনীতির চর্চা। মানুষ হিসেবে গণতান্ত্রিক রীতিনীতি ধারণ ও চর্চা
করার সক্ষমতা আমাদের এখনো তৈরি হয়নি। সব অনুশীলনে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাধান্য দেওয়ার সংস্কৃতি যত দিন চালু না হবে, বিভক্তির বেড়াজাল থাকবেই।’
সার্বিকভাবে এই বিভক্তি কাটিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশি কমিউনিটির ভিত গড়তে প্রবীণদের এগিয়ে আসতে হবে বলে মনে করছেন চট্টগ্রাম সমিতির নেতা খোকন কে চৌধুরী। তাঁর মতে, ‘ব্রুকলিনে বাংলাদেশি জনসমাজে যে বিভক্তি সেটা দূর করতে আগে প্রবীণদের এক হতে হবে। তাঁরা সভা করে অপেক্ষাকৃত তরুণদের নির্দেশনা যদি দিতে পারেন, তাহলে বিরোধ কমবে। নেতৃত্বের বিরোধের কারণে বাংলাদেশি জনসমাজের কেউই উপকৃত হচ্ছেন না। অথচ, নতুন অভিবাসীদের দিকনির্দেশনার জন্য এই নেতৃত্বই সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে।’